'আঙুল ঠিক না হলে স্বাধীনের পর ক্রিকেট খেলব কী করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল (বাঁয়ে), ইংল্যান্ডের ক্রিকেটার বাসিল ডি’ অলিভিয়েরা ও সাবেক ক্রিকেট অধিনায়ক রকিবুল হাসান, ১৯৬৯। সৌজন্য: রকিবুল হাসান
জুয়েল (বাঁয়ে), ইংল্যান্ডের ক্রিকেটার বাসিল ডি’ অলিভিয়েরা ও সাবেক ক্রিকেট অধিনায়ক রকিবুল হাসান, ১৯৬৯। সৌজন্য: রকিবুল হাসান

অবরুদ্ধ ঢাকা। টহল চলছে পাকিস্তানি বাহিনীর। মোড়ে মোড়ে তল্লাশি চৌকি। জান্তব শব্দ তুলে এগিয়ে যায় মিলিটারি ট্রাক। কড়া পাহারা। এর মধ্যেই ঢাকায় ঢুকে পড়েছিল ক্র্যাক প্লাটুনের সদস্যরা। সংখ্যায় কম হলেও এই গেরিলা বাহিনীর ওপর ছিল বিরাট দায়িত্ব। গুরুত্বপূর্ণ জায়গায় চকিতে হামলা চালাতে হবে। এতে কাজ হবে দুটি। পাকিস্তানি বাহিনীর আত্মবিশ্বাসে ধরবে চিড়। আর অবরুদ্ধ ঢাকাবাসীর মনে জাগবে আশা। ঢাকার সেই দুর্ধর্ষ গেরিলা আক্রমণে ছিলেন জুয়েল, ক্রিকেটার হিসেবেই ছিল যাঁর নামডাক। আসল নাম আবদুল হালিম চৌধুরী।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়ার মিশন ছিল জুয়েলদের। অপারেশনের সময় গ্রেনেড বিস্ফোরণে জুয়েলের ডান হাতের আঙুলগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। এমন জখম নিয়ে কোথাও চিকিৎসা করা গেলেই ধরা পড়ে যেতে হবে। গোপনে চলে চিকিৎসা। তাতে কি আর এত দ্রুত ক্ষত সারে! কী তীব্র যন্ত্রণা! কিন্তু এই যন্ত্রণা নিয়ে জুয়েলের মনে কোনো ভাবনা নেই। তাঁর ভাবনা জুড়ে আরেক দুশ্চিন্তা। যন্ত্রণাকাতর ভাইয়ের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়া বোনের কাছে জুয়েল একটা কথাই বলেন, ‘আঙুলগুলো ঠিক না হলে দেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেট খেলব কী করে, বল তো!’

দেশ যে স্বাধীন হবে, এতে জুয়েলদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। বাংলাদেশ একদিন ক্রিকেটেও মাথা তুলে দাঁড়াবে, তাও জানতেন নিশ্চিত। জুয়েল সেই দলের ওপেনার হতে চেয়েছিলেন। মারকুটে ব্যাটসম্যান ছিলেন। আর উইকেটকিপিংটাও ছিল দারুণ। কিন্তু এর আগে দেশ তো স্বাধীন করতে হবে। জুয়েল তাই গিয়েছিলেন যুদ্ধে।
কিন্তু এই যাওয়া সহজ ছিল না। মমতার আঁচলে আটকে রাখতে চেয়েছিলেন মা ফিরোজা বেগম। স্বামীহারা এক নারী একমাত্র ছেলেকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন বুকের মাঝে। জুয়েল নাকি মাকে বলতেন, ‘অসুবিধা কী, আম্মা। আমি যখন থাকব না, আপনি দেয়ালে টাঙিয়ে রাখা আমার ছবিটা দেখবেন।’ মা কি কখনো ভেবেছিলেন, সত্যিই একদিন দেয়ালের ছবি হয়ে যাবে তাঁর বুকের ধন!
১৯৭০-৭১ মৌসুম। জুয়েল ছিলেন ছিলেন জীবনের সেরা ফর্মে। মাত্র ২১ বছর বয়স তখন। জুয়েলসহ আরও অনেককে খেলায় এনেছিলেন ‘মোশতাক ভাই’। আজাদ বয়েজ ক্লাব গড়ে তুলেছিলেন নিজের সবটুকু দিয়ে। বড় কোনো পৃষ্ঠপোষক ছাড়াই গড়ে ওঠা এই ক্লাবটি সে সময় ঢাকা লিগ জিতেও চমকে দিয়েছিল অনেককে। ক্রিকেট আর খেলাপাগল মানুষটা নিজে কখনো সংসারই সাজাননি। খেলাই ছিল তাঁর সংসার।
শুধু খেলাপাগল বলে নয়, মোশতাক মানুষটাকেই না ভালোবেসে পারা যায় না। অচেনা কাউকে মুহূর্তেই আপন করে নেন। এলাকার সবাই জানতেন, বায়তুল মোকাররম মসজিদে এমন খুব কম জানাজা হয়েছে, যাতে তিনি উপস্থিত ছিলেন না। মৃত মানুষটাকে হয়তো তিনি চেনেনই না কিন্তু তাঁর জন্যও তো দোয়া করতে হবে।
২৫ মার্চ থেকে নিখোঁজ সেই মোশতাকের মৃতদেহ খুঁজে পাওয়া গেল ২৭ মার্চ। সৈয়দ আশরাফুল হককে নিয়ে মোশতাক ভাইয়ের খোঁজে বেরিয়েছিলেন জুয়েল। জেলা ক্রীড়া পরিষদ ভবনের সামনে খুঁজে পেলেন নিস্পন্দ-নিথর দেহটা। বুলেটে ক্ষতবিক্ষত। মাটি ভেসে গেছে রক্তে। অচেনা কারও জানাজাতেও ঠিক হাজির মানুষটার কপালেই জানাজা জুটল না!
জুয়েল এই দৃশ্য মন থেকে মুছে ফেলতে পারেন না কিছুতেই। এই দৃশ্য তাঁকে ঘুমোতে দেয় না। জুয়েল ঠিক করে ফেলেন, নিতে হবে প্রতিশোধ। অদৃশ্য বুলেট তাড়া করছে সবাইকে। মরবেই যখন, শত্রুকে মেরেই মরো! মে মাসের কোনো এক রাতে গোপনে বাড়ি ছাড়লেন। মায়ের জন্য রেখে গেলেন শুধু দেয়ালে টানিয়ে রাখার জন্য একটা ছবি।
জুয়েল চলে গেলেন ভারতের ত্রিপুরায়। মেলাঘরে। সেখানেই গেরিলা প্রশিক্ষণ নিচ্ছিলেন আরও বেশ কয়েকজন টগবগে যুবক। দেশের জন্য নিজের প্রাণ দিতে যাঁরা ব্যাকুল হয়ে আছেন। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের কাছে নিলেন প্রশিক্ষণ। তাঁদের মনের গভীরে পুঁতে দেওয়া হলো এই বাণী—‘পরাধীন দেশ চায় তারুণ্যের বিশুদ্ধ রক্ত।’
মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনে নেওয়া হলো তাঁকে। এই গেরিলা বাহিনীতে ছিলেন রুমি, বদিউজ্জামান, আলম, পুলু, সামাদ, আজাদরা। এই দলের ওপর দায়িত্বই দেওয়া হলো রাজধানী ঢাকায় অতর্কিত হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যেতে হবে, যেন পাকিস্তানি হানাদার বাহিনীর মনোবলে চিড় ধরে। চিড়? ফাটলই ধরাল ক্র্যাক প্লাটুন। ফার্মগেট, এলিফ্যান্ট রোডের পাওয়ার স্টেশন, যাত্রাবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চালালেন হামলা। মূল রাজধানীতে মুক্তিবাহিনীর ঢোকার তখনো ঢের বাকি। কিন্তু হাতে গোনা অল্প কজন ছদ্মবেশী যোদ্ধাই ঘাম ঝরিয়ে ছাড়লেন খাকি সেনাবাহিনীর।
সতীর্থ সহযোদ্ধা আজাদের বাড়ি ছিল তাঁদের সাময়িক আশ্রয়স্থল। ২৯ আগস্ট কয়েকজন পাকিস্তানি সেনা অতর্কিতে হামলা চালায় ওই বাড়িতে। আহত অবস্থায় জুয়েলকে ধরে নিয়ে আসে ক্যাম্পে। জীবিত জুয়েলকে ভীষণ দরকার ছিল তাদের। জুয়েলের পেট থেকে যে বের করে আনতে হবে ক্র্যাক প্লাটুনের সব গোপন তথ্য। তাহলেই ধরা যাবে বাকি সবাইকে। এমনিতেই শরীরের নানা স্থানে জখম। তার ওপরই চলে আরও অত্যাচার। কেটে ফেলা হয় জুয়েলের আঙুল! যে আঙুল দিয়ে জুয়েল ধরতে চেয়েছিলেন স্বাধীন দেশের নতুন ক্রিকেট দলটার ব্যাট! জুয়েল তবু নাম বলেননি কারও। একটা টুঁ-শব্দও বের করানো যায়নি। কিছুতেই লাভ হচ্ছে না দেখেই সম্ভবত হত্যা করা হয় জুয়েলকে।
জুয়েলের এই আত্মত্যাগের কথা সে সময়ই প্রচারিত হয়েছিল স্বাধীন বাংলা বেতারে। প্রবাসী সরকার ঘোষণা দিয়েছিল, এই বীরত্বের জন্য যথাযথ সম্মান দেখানো হবে। জুয়েলকে পরে মরণোত্তর বীর বিক্রম খেতাব দেওয়া হয় ১৯৭২ সালে। জুয়েলের নামে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির একটি অংশের নামকরণও করা হয়েছে। প্রতি ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে হয় শহীদ জুয়েল-শহীদ মোশতাক প্রীতি ম্যাচ। যে মোশতাকের জন্য তাঁর বুকে ছিল এত প্রগাঢ় ভালোবাসা। অন্তত এই ম্যাচ দিয়েই দুজনের বন্ধুত্ব অমর হয়ে আছে।
জুয়েলরা ছিলেন বলেই আজ বাংলাদেশ আছে। আজ বাংলাদেশ আছে বলেই ক্রিকেটের বিশ্ব মানচিত্রে সগৌরবে লাল-সবুজ পতাকা ওড়াচ্ছেন মাশরাফি-মুশফিকরা।