'আতঙ্কিত হওয়ার কিছু নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার খান
শাহরিয়ার খান

বাংলাদেশের বিপক্ষে টানা হারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান অসম্ভব হতাশ। তবে হতাশার মধ্যেও তিনি আশা ছাড়ছেন না, খুঁজে নিতে দ্বিধা করছেন না কিছু ইতিবাচক দিকও। বলেছেন, এই হার হৃদয় ভেঙে দেওয়ার হলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
পিসিবি প্রধানের কণ্ঠে ঝরেছে বাংলাদেশের অকুণ্ঠ প্রশংসা, ‘বাংলাদেশ খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসছে। দলটা দারুণ। বিশ্বকাপেই এই দল ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের উন্নতির বার্তা দিয়েছে।’
শাহরিয়ার খানের বার্তায় পাকিস্তানের সমর্থকেরা সন্তুষ্ট হবেন কি না, কিংবা তাঁর কথায় পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত ব্যক্তিরা আশ্বস্ত হবেন কি না, তা অবশ্য বোঝা যাচ্ছে না। কারণ, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ওয়ানডে পারফরম্যান্স ঠিক আশ্বস্ত হওয়ার মতো নয়। এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়নরা গত এক বছরে পাঁচটি ওয়ানডে সিরিজ হেরেছে। গত বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স খুশি হওয়ার মতো কিছু ছিল না। বিশ্বকাপ শেষে ‘নতুন দিনের দল’ গড়তে গিয়ে বাংলাদেশের কাছে উড়ে যাওয়ায় দেশটির ক্রিকেট অবকাঠামোর সার্বিক অবস্থা নিয়েই সবার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অনেক সাবেক ক্রিকেটারই বলছেন, নতুন ভালো ক্রিকেটার উঠে না আসায় পাকিস্তানের ক্রিকেটের অবস্থা দিনকে দিন শোচনীয় হচ্ছে।
পিসিবি প্রধান অবশ্য আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ সফর থেকে দল ফেরার পরপরই পুরো পরিস্থিতির পর্যালোচনা হবে। পাকিস্তানের গণমাধ্যমে অবশ্য ইতিমধ্যেই কোচ ওয়াকার ইউনিসের পদত্যাগের দাবি উঠে গেছে। শাহরিয়ার খান এ নিয়ে কোনো মন্তব্য না করলেও বলেছেন, ‘সবার মধ্যে হতাশা আসতেই পারে, কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কিন্তু বাংলাদেশের দুর্দান্ত এক দলের কাছে হেরেছি। বাংলাদেশও কিন্তু অনেক চড়াই-উতরাই পেরিয়েই এই পর্যায়ে এসেছে।’
খারাপ সময়ে কাউকে না কাউকে মাথা ঠান্ডা রাখতেই হয়। আপাতত পিসিবি প্রধান হয়তো সেই দায়িত্বটা পালন করছেন। কিন্তু পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের কাছে শাহরিয়ার খানের এমন মন্তব্য ডুবন্ত জাহাজের ওই নাবিকের মতোই শোনাবে। যিনি জাহাজ ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে চিৎকার করে বলতে থাকেন, ‘ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক...!’ সূত্র: দ্য ডন।