'আত্মনিয়ন্ত্রণ' শতভাগ আফিফের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চান আফিফ। ছবি: ফাইল ছবি
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চান আফিফ। ছবি: ফাইল ছবি
• পা মাটিতে রাখছেন আফিফ হোসেন।
• প্রথমে নিজেকে প্রমাণ করতে চান ঢাকা লিগে, প্রথম শ্রেণির ক্রিকেটে।
• জাতীয় দলে খেলার লক্ষ্য আছে, তবে তাড়াহুড়ো নেই।
• যুব বিশ্বকাপে দেশের পারফরম্যান্স নিয়ে অতৃপ্তি আছে তাঁর।

যুব বিশ্বকাপের অন্যতম সেরা পারফরমার। বাংলাদেশ যুবদলের সেরা। দেশের ক্রিকেটের উজ্জ্বল ধ্রুবতারা হয়েই আবির্ভূত তিনি। তারপরেও মাটিতে পা রাখছেন আফিফ। আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন নিজের মধ্যে। সম্ভাবনাটা যদি শেষ হয়ে যায়—এই ভয় আছে তাঁর মধ্যে। সামনে এগিয়ে চলার জন্য পরিশ্রমকেই বানাতে চান একমাত্র চাবিকাঠি। নিজেকে প্রমাণ করতে চান বড় পরিসরে। প্রথম শ্রেণির ক্রিকেট, ঢাকা লিগে ভালো করে নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে চান। উচ্চাভিলাষকে বেঁধেছেন লক্ষ্মণরেখায়। বহু সম্ভাবনার ‘আলস্যজনিত’ অপমৃত্যু যে অহরহই ঘটে এই দেশে।
শনিবার মধ্যরাতে দেশে ফিরেছেন। ‘জেটল্যাগ’টা রয়েই গেছে। তবুও একজন ক্রিকেটারের জীবনে যে অবসরের সুযোগই নেই। গতকালই (সোমবার) তাঁকে নামতে হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুরের হয়ে। সেখানে তিনি ধরে রেখেছেন তাঁর বিশ্বকাপের ফর্মটাই। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে খেলেছেন ৫৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। শুভাগত হোম চৌধুরীর সঙ্গে এক বড় জুটি গড়ে শাইনপুকুরকে নিয়ে গেছেন জয়ের দোরগোড়ায়।
লিগ নিয়ে আপাতত কী লক্ষ্য স্থির করলেন আফিফ। তিনি নিজে অবশ্য জানিয়েছেন ক্রিকেটে লক্ষ্য স্থির করার ব্যাপারটি তাঁর মধ্যে নেই, ‘আমি লক্ষ্য স্থির করে খেলি না। যখন যেখানে খেলি, সেখানেই নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। লিগ নিয়েও তাই আগে থেকে কিছু ঠিক করে রাখিনি।’
নিউজিল্যান্ডে মাত্র শেষ হওয়া যুব বিশ্বকাপে আফিফের দিনগুলোই ভালো গেছে বাংলাদেশের। কিন্তু তাতে কি আর মন ভরে? আফিফ একটা অতৃপ্তি ঠিকই বয়ে বেড়াচ্ছেন মনে, ‘শেষ ম্যাচটায় আমরা সবাই মিলে ভালো খেলতে পারিনি। সেটি সম্ভব হলে আমরা পঞ্চম ঠিকই হতে পারতাম।’
জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন না আফিফ? চোখের সামনেই তো উজ্জ্বল দৃষ্টান্ত অনেকেই। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে এনামুল হক, মুমিনুল হক কিংবা মেহেদী হাসান মিরাজ—এঁরা সবাই অনূর্ধ্ব-১৯ দলেরই আবিষ্কার। যুব বিশ্বকাপ খেলেই নিজেদের জানান দিয়েছিলেন তাঁরা সবাই। মিরাজ তো নজর কেড়েছিলেন ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ‘সেরা খেলোয়াড়’ হয়েই। কিন্তু জাতীয় দলের স্বপ্ন লালনে অনেক বেশি হিসেবি আফিফ। কৈশোরের লাবণ্য ছাপিয়ে এখানে প্রখর বুদ্ধিদীপ্ত এক তরুণ তিনি, ‘মিরাজ ভাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছিলেন। আমি নিজে আরেকটু ভালো খেলতে পারলে আর বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারলে আমিও হয়তো হতে পারতাম সেরা খেলোয়াড়। সেটি তো হয়নি। তবে ঢাকা লিগ আছে, প্রথম শ্রেণির ক্রিকেট আছে, নিজেকে প্রমাণ করতে চাই এখানে।’
আফিফের আত্মনিয়ন্ত্রণ কতটা বোঝা গেল তো!