'আত্মবিশ্বাসটাই বাংলাদেশের বড় জ্বালানি'

কথাটা সাকিব আল হাসানের। আজ সংবাদ সম্মেলনে প্রায় নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাঈদ আজমল প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়কের অভিমত, ‘আজমল অনেক দিন পরে এসেছে। যে আজমলকে দেখেছি, সেই আজমল আছে কিনা, সে ব্যাপারে আমাদের ধারণা নেই। এমন একটা ঘটনার পর স্বাভাবিকভাবেই আগের ধারটা থাকে না বোলারদের।’
গতকাল ফতুল্লার প্রস্তুতি ম্যাচেও আজমল বলার মতো কিছু করতে পারেননি। ৮ ওভার বল করে ৪৫ রানে মাত্র ১ উইকেট। অ্যাকশন শুধরে নির্বিষ হয়ে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ সুনীল নারাইন। দুই আসরে ২৪ ও ২২ উইকেট নিয়ে কেকেআরকে দুবার চ্যাম্পিয়ন করেছিলেন যে নারাইন, এবার আইপিএলের প্রথম দুই ম্যাচেই উইকেটশূন্য। রানও দিয়েছেন।
ফতুল্লায় কাল সামনে থেকে আজমলের বোলিং দেখেছেন আতহার আলী খান। সাবেক ক্রিকেট তারকা ও বর্তমানে জনপ্রিয় এই ধারাভাষ্যকারও সাকিবের সঙ্গে একমত, ‘গতকাল প্রস্তুতি ম্যাচটা দেখে মনে হলো, অ্যাকশন শুধরে আসার পর আজমলের বোলিংয়ে কিছু পরিবর্তন এসেছে। কনুইয়ের বাঁকেও পরিবর্তন হয়েছে বলে মনে হলো। ওর বলে তেমন টার্ন দেখলাম না। স্বভাবসুলভ চমকও সে দেখাতে পারেনি। সাকিবের কথা ঠিক, একটা বোলার যখন দীর্ঘদিন এভাবে দলের বাইরে থাকে, অ্যাকশন শুধরে আসে, তখন পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লাগে।’
তবে আতহারের অভিজ্ঞ দৃষ্টি বলছে, আজমলকে হালকাভাবে না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ, ‘আজমল বাংলাদেশের হুমকি যেমন হবে না, তেমনি হালকাভাবে নেওয়ারও প্রয়োজন নেই। কেননা সে অভিজ্ঞ। নিশ্চয়ই ১০ ওভার বল করবে। কাজেই অভিজ্ঞতার মূল্য আপনাকে দিতেই হবে। অভিজ্ঞতার বিচারে সে কিন্তু এগিয়ে থাকবে।’
প্রতিপক্ষের দুর্বলতা-শক্তিতে চোখ রাখা জরুরি। তার চেয়ে জরুরি নিজেদের সেরাটা বের করে আনার পথ খোঁজা। আতহার বলছেন, ‘আমাদের মূল শক্তি স্পিনে। তবে পেসারদের ওপরও আস্থা রাখতে হবে। রুবেল-তাসকিন কিন্তু দারুণ ফর্মে আছে। এ মুহূর্তে আমাদের বিশেষজ্ঞ স্পিনার দুজন-আরাফাত সানি ও সাকিব। দুজনই হয়তো খেলবে। ব্যাটিং লাইনআপে এক থেকে সাত পর্যন্ত সমস্যা নেই। এখন আটে নাসিরকে ভাবলে আরেকজন বোলার বাড়বে। তার সঙ্গে পার্টটাইম বোলার হিসেবে মাহমুদউল্লাহকে ব্যবহার করা যেতে পারে। প্রথম ম্যাচে মাশরাফি থাকছে না। কাজেই রুবেল-তাসকিনই হয়তো খেলবে। এখন কথা হলো, টিম ম্যানেজমেন্ট তৃতীয় পেসার খেলাবে কি না। ব্যাপারটা আসলে উইকেটের ওপর নির্ভর করছে।’
মূল লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসের জায়গা থেকে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন আতহার, ‘সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। যেহেতু বিসিবি একাদশের কাছে পাকিস্তান হেরেছে, সে হিসেবে মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশ এগিয়েই থাকবে। ১৯৯৯ সালের পর এই প্রথম পাকিস্তানকে হারানো গেছে, হোক না সেটা প্রস্তুতি ম্যাচে। এটা আত্মবিশ্বাসের অনেক বড় জ্বালানি।’