'আপনার অভাব সবাই টের পাবে, কিন্তু কখনো ভুলবে না'

লেগ স্পিন শিল্পকে ফিনিক্স পাখির মতো জাগিয়ে তুলেছিলেন আবদুল কাদির। কাল সে জাদুকর পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছেন পরপারে। কিংবদন্তির এ মৃত্যুসংবাদ মানতে পারছে না ক্রিকেটপাড়া। বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার তাই সমবেদনা জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সর্বকালের সেরা লেগ স্পিনার হিসেবে শেন ওয়ার্নকে মানা হলেও ওয়ার্ন নিজেও অনেক কিছু শিখেছেন কাদিরের কাছ থেকে। শেন ওয়ার্নও তাই কাদিরের বিদায়ে সম্মান জানাতে কোনো কার্পণ্য করেননি, ‘আবদুল কাদিরের দুঃসংবাদটা শুনলাম। ১৯৯৪ সালে পাকিস্তানে আমার প্রথম সফরে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ মিলেছিল। আমার মতোই যারা লেগ স্পিন করে, তারা তাঁকে অনুসরণ করতাম। অসাধারণ এক বোলার, যে অসংখ্য ব্যাটসম্যানকে বোকা বানিয়েছে।’
বোকা বানানোর গল্পগুলো লিখতে বসলে হয়তো এক জীবনে শেষ করা সম্ভব নয়। বরং আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামের স্মৃতির পরশ নেওয়া যাক, ‘তারা ওঁকে নানা কারণে জাদুকর বলত। কিন্তু উনি যখন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন আমি পাকিস্তানের জন্য ২০ বছর খেলব, তা আমি বিশ্বাস করেছিলাম। একজন জাদুকর, অবশ্যই। একজন লেগ স্পিনার ও তাঁর সময়ের পথপ্রদর্শক। আবদুল কাদির, আপনার অভাব সবাই টের পাবে, কিন্তু কখনো ভুলবে না।’
ভুলতে পারছেন না নতুন বলে ওয়াসিমের সঙ্গী ওয়াকার ইউনিসও, ‘বড্ড আগে বিদায় নিলেন। ক্রিকেট আজ এক কিংবদন্তিকে হারাল। মহান আল্লাহ তাঁর আত্মার শান্তি দিন। অনেক কষ্টের একটা খবর। বড় ভালো মানুষ ছিলেন তিনি। অনেক দয়ালু। মহান আল্লাহ যেন তাঁকে সবচেয়ে ভালো জায়গায় রাখেন, সে প্রার্থনা করি। এই কঠিন সময়ে তাঁর পরিবার যেন শক্ত থাকে। শান্তিতে থাকুন, কাদির ভাই!’ শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘কাদিরের বিপক্ষে খেলার কথা মনে পড়ছে। তাঁর সময়ের অন্যতম সেরা স্পিনার ছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’
মৃতপ্রায় লেগ স্পিনকে এই আবদুল কাদিরই দিয়েছিলেন নতুন মাত্রা। সে কথাটা ভোলেননি অনেকেই। তাঁদের মধ্যে একজন শোয়েব আখতার, ‘মাত্রই শুনলাম খারাপ খবরটা। কিংবদন্তি স্পিনার আবদুল কাদির মারা গেছেন। লেগ স্পিনের উৎকর্ষ তাঁর হাত ধরেই এসেছিল। সম্পূর্ণ একটা প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন লেগ স্পিনার হওয়ার জন্য।’
স্পিনারদের ওপর কাদিরের ভূমিকাটা কত বড় ছিল, সেটা বোঝা যায় ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, পাকিস্তানের সাঈদ আজমল ও দানিশ কানেরিয়ার কথা শুনে। অশ্বিন বলেছেন, ‘পাকিস্তানের স্পিন বোলিংয়ের পুরোধা আবদুল কাদির মারা গেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।’ হরভজনের মনে পড়ছে দুই বছর আগের কথা, ‘আবদুল কাদিরের মৃত্যুসংবাদ শুনে একটা ধাক্কার মতো খেলাম। দুই বছর আগে তাঁর সঙ্গে দেখা হয়েছিল, তিনি যথারীতি ছিলেন অনেক প্রাণোচ্ছল। একজন সফল বোলার, অসাধারণ মানুষ ছিলেন তিনি। আপনার অভাব আমরা সবাই সব সময় অনুভব করব। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।’
কানেরিয়া সম্মান জানিয়েছেন তাঁর গুরুকে, ‘শান্তিতে থাকুন, গুরুজি। আবদুল কাদির স্যারের মৃত্যুসংবাদ শুনে অনেক কষ্ট পেলাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।’ সাঈদ আজমল বলেছেন, ‘আল্লাহ যেন আবদুল কাদির সাহেবের বিদেহী আত্মার শান্তি প্রদান করেন, যিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের জন্য অনেক দুঃখের একটা খবর এটা। আল্লাহ যেন তাঁর পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দেন।’
প্রখ্যাত ধারাভাষ্যকার হর্শা ভোগলের টুইট, ‘হঠাৎ মায়েস্ত্রো আবদুল কাদিরের মৃত্যুসংবাদ শুনে কষ্ট পেলাম। বড় ভালো মানুষ ছিলেন। নব্বইয়ের দশকের শেষ দিকে যখন তিনি মেলবোর্নে খেলতে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম। যেসব গল্প শোনাতেন, অনেক ভালোবাসতাম। ইতিহাসের অন্যতম সেরা তিনি।’
কাদিরকে শ্রদ্ধা জানানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বর্তমান পাকিস্তানি ক্রিকেটাররাও। অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘অনেক কষ্টের একটা খবর শুনলাম, কাদির সাহেব আর আমাদের মাঝে নেই। মহান আল্লাহ যেন তাঁকে সবচেয়ে ভালো জায়গায় রাখেন, সে প্রার্থনা করি। এ কঠিন সময়ে তাঁর পরিবার যেন শক্ত থাকে।’ বাবর আজম লিখেছেন, ‘আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, আর সেখানেই ফিরে যাব আবার। অনেক কষ্ট পেয়েছি আবদুল কাদির স্যারের মৃত্যুসংবাদ শুনে। পরপারে আল্লাহ যেন হাসিমুখে তাঁর আত্মাকে বরণ করে নেন, তাঁর আত্মাকে কেন ভালোবাসা ও দয়ার চাদরে মুড়ে রাখেন, এটাই কামনা।’
ওয়াহাব রিয়াজের টুইট, ‘এক ক্রিকেট কিংবদন্তি বিদায় নিলেন আমাদের মাঝ থেকে। মহান আল্লাহ যেন তাঁর বিদেহী আত্মাকে শান্তি প্রদান করেন।’
মোহাম্মদ হাফিজের মনে পড়ছে কাদিরের স্নেহপরায়ণতার কথা, ‘অনেক কষ্টের একটা খবর। কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির সাহেব আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমার প্রতি অনেক স্নেহশীল ছিলেন, অনেক সাহায্য করেছেন। আল্লাহ যেন তাঁকে বেহেশতে নিয়ে যান।’ মোহাম্মদ আমিরও মানতে পারছেন না খবরটা, ‘অনেক কষ্ট পেলাম আবদুল কাদির স্যারের খবর শুনে। আল্লাহ যেন আবদুল কাদির সাহেবের বিদেহী আত্মার শান্তি প্রদান করেন। আর তাঁর পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দেন।’