'আপনি বলতে পারেন না বাংলাদেশের বিপক্ষে খেলব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেট লি
ব্রেট লি

প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। টেস্টে ৩১০ উইকেট, ওয়ানডেতে ৩৮০টি। বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন অ্যাশেজও। তাঁর সময়ে সেরা ফাস্ট বোলারদের একজন। সব অর্জন নিয়েই ব্রেটলিএখন সাবেক। কেমন কাটছে তাঁর অবসরজীবন? খেলোয়াড়ি জীবনটাই বা কেমন ছিল? ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক অস্ট্রেলিয়ান পেসার খুলে দিয়েছেন মনের দুয়ার

অবসরের পরের জীবনটা কেমন?
ব্রেট লি: দারুণ। অবসর নিয়েছি এটাই হয়তো এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে যখন অস্ট্রেলিয়ায় ক্রিকেট মৌসুম শুরু হবে, তখন মনে হয় বুঝতে পারব যে আমি আসলেই অবসর নিয়েছি। দেখুন, যেটুকু করেছি আমি তাতে সন্তুষ্ট। এর বেশি কিছু চাওয়ার নেই। আমি গর্বিত।

আপনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু শেষ পর্যন্ত মনে হয় খুব বেশি মানুষ বলবে না যে আপনি সর্বকালের সেরাদের অন্যতম। এখন ফিরে তাকালে কী মনে হয়, চাইলে ক্যারিয়ারটা একটু অন্য রকম করতে পারতেন?

লি: আমি নিজেও আমাকে কোনো ধরনের ক্রিকেটে কিংবদন্তি মনে করি না। ডেনিস লিলি কিংবা গ্লেন ম্যাকগ্রাদের মতো কিংবদন্তিদের সঙ্গে আমার নাম উচ্চারিত হোক, এটা চাইও না। আমি মনে করি, আমি অস্ট্রেলিয়ার মাউন্ট ভারেগো থেকে উঠে আসা একটা ছেলে, যে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে কিছু বল করতে পেরে ও কিছু উইকেট পেয়ে নিজেকে গর্বিত মনে করে। যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট।

টেস্টে তিন শর বেশি উইকেট, ওয়ানডেতেও। আপনি এটুকুতে সন্তুষ্ট?

লি: হ্যাঁ, অবশ্যই।

চোট কি এ ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে?

লি: চোট ছাড়া যদি খেলতে পারতাম হয়তো ১৫০ টেস্ট খেলতাম! কিন্তু আপনাকে বাস্তববাদী হতে হবে। আমাদের যে পরিমাণ পরিশ্রম করতে হয় তাতে চোট পাওয়ার ঝুঁকি তো থাকেই। এটা মেনে নিয়েই আপনাকে খেলতে হবে। আমাকে যদি কেউ ১৭ বছর বয়সে বলত, আমি টেস্ট ও ওয়ানডেতে ৩০০ করে উইকেট পাব, আমি খুবই খুশি হতাম। আমি তাঁকে বলতাম, অনেক ধন্যবাদ আপনাকে।

ফাস্ট বোলারদের ক্যারিয়ার এত চোটজর্জর থাকে, শোয়েব আখতার কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, তাঁকে মাঝে মাঝে বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নামতে হতো। আপনার অভিজ্ঞতাটা কী রকম?

লি: আমাকে কখনো হামাগুড়ি দিয়ে নামতে হয়নি, এটা সত্যি। কিন্তু ফাস্ট বোলার হলে এটা আপনাকে মেনে নিতে হবে। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি বেঁচে আছেন। কোনো চোট ছাড়া খেলে যাবেন, তা হবে না।

ক্যারিয়ারের শেষ দিকে এটা কেমন প্রভাব ফেলে? ডেল স্টেইন যেমন কিছুদিন আগে বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর যতগুলো বল করার সক্ষমতা রয়েছে সেগুলো বাংলাদেশের বিপক্ষে অপচয় না করে বড় কোনো টুর্নামেন্টে কাজে লাগাতে চান...

লি: আমি মনে করি না একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আপনার টুর্নামেন্ট কিংবা প্রতিপক্ষ বেছে খেলা উচিত। আপনি বলতে পারেন না যে আমি শুধু ভারতের বিপক্ষে খেলব, স্কটল্যান্ড কিংবা বাংলাদেশের বিপক্ষে খেলব না। সর্বোচ্চ পর্যায়ে যে দলগুলো খেলে তাদের সবাইকে প্রতিপক্ষ হিসেবে সম্মান করতে হবে। সেটা টেস্ট হোক, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, আপনার খেলার ইচ্ছে থাকতে হবে। কারণটা যদি অতিরিক্ত খেলার চাপ হয়, আপনার বিশ্রাম দরকার হয়, সেটা দেবেন কোচ। আমি যেমন বিশ্রাম পছন্দ করতাম না। আমি ছিলাম বিশ্রামবিরোধী মানুষ। আপনি বিশ্রাম করবেন যখন আপনার বয়স ৩৮ বা ৩৯। আমার যে বয়স এখন সেটা। কিন্তু আপনার যখন ২৪-২৫ বছর বয়স, আপনি ক্যারিয়ারের তুঙ্গে, তখন নয়।

অতিরিক্ত জোরে বল করাটা কখনো কি হিতে বিপরীত হতে পারে?

লি: হ্যাঁ, পারে। যদি আপনি সঠিক জায়গায় বল ফেলতে পারেন তাহলে ১৫০ কিলোমিটার গতিতে বল করার দরকার নেই। তবে সঠিক জায়গায় বল ফেলার পাশাপাশি যদি ১৫০ কিলোমিটার গতিতে বল করেন সেটা তো বাড়তি সুবিধা দেবেই। গতিই সবকিছু নয়। গতির সঙ্গে লাইন-লেন্থ সঠিক থাকলে সেটাই চাপ তৈরি করে ব্যাটসম্যানদের ওপর।

অনিল কুম্বলেও যেমন বলেছেন, এই চাপটাই তাকে এত বেশি উইকেট এনে দিয়েছে। স্পিন কিংবা বাউন্স নয়...

লি: আমি একমত। গ্লেন ম্যাকগ্রা যেমন সব সময় খুব চাপে ফেলতে পারত ব্যাটসম্যানদের। ও একের পর এক ডট বল করেই যেত। বাধ্য হয়েই ব্যাটসম্যান ঝুঁকি নিত এবং ফাঁদে পড়ত।

একটু অন্য প্রসঙ্গে যাই। স্লেজিং নিয়ে আপনার অবস্থান কী? আপনি সেই গুটিকতক খেলোয়াড়ের একজন যারা সীমা লঙ্ঘন না করেও মাঠে খুবই আক্রমণাত্মক ছিলেন...

লি: আমার অবস্থান স্পষ্ট। আমি মনে করি স্লেজিং খেলার খুব বড় একটা অংশ, যতক্ষণ না কেউ সীমা লঙ্ঘন করছে। আপনি কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করতে পারেন না। কেউ আপনার চেয়ে একটু ভিন্ন রকম বলেই সেটা নিয়ে খোঁচা দিতে পারেন না। এর বাইরে কাউকে বিপর্যস্ত করার জন্য একটু-আধটু খোঁচাখুঁচি হতেই পারে। তার মানে এই নয় যে আপনি খারাপ মানুষ। মাঠে খোঁচাখুঁচি করতে গিয়ে যা বলা হয় এর বেশির ভাগই তো মজার, শুনলে হাসি পাবে। আমি এ কারণেই হিন্দি শেখা শুরু করেছিলাম, যাতে ভারতীয়রা আমাকে কী বলে সেটা বুঝতে পারি। একবার যেমন তারা আমাকে বলেছিল আমি খরগোশের মতো ব্যাট করি। বোঝার পর মজা পেয়েছিলাম।