'আফ্রিদি তো দলেই থাকে না...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজাজ বাটের মতে, পাকিস্তান দলে থাকারই যোগ্য নন আফ্রিদি। ছবি: এএফপি
ইজাজ বাটের মতে, পাকিস্তান দলে থাকারই যোগ্য নন আফ্রিদি। ছবি: এএফপি

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। কিন্তু পিসিবির সাবেক সভাপতি ইজাজ বাট প্রশ্ন তুলেছেন আফ্রিদির জাতীয় দলে স্থান পাওয়া নিয়েই। পিসিবির বর্তমান সভাপতি শাহরিয়ার খানের সঙ্গে লাহোরে সম্প্রতি এক বৈঠকে বসে বাট বলেছেন, ‘এই আফ্রিদির তো দলে থাকারই কথা নয়।’
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বোর্ড সভাপতি থাকা অবস্থায় আফ্রিদির সঙ্গে বাটের সমস্যার কথা সর্বজনবিদিত। তবে কি বাট আফ্রিদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেই এই কথা বলেছেন? বাট অবশ্য সে লাইনে না হেঁটেই জানিয়েছেন, ‘পারফরম্যান্সের বিচার করলেই তো হয়। তখনই বোঝা যাবে আফ্রিদি পাকিস্তান দলে থাকার যোগ্য কি না, ধারাবাহিক পারফরম্যান্সের দিক দিয়ে আফ্রিদির অবস্থা তো খুবই নাজুক।’
বাটের সময়ই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে আফ্রিদিকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ ছিল শৃঙ্খলাজনিত। তবে আফ্রিদি কিন্তু ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানকে সেমির লড়াইয়ে নিয়ে গিয়েছিলেন। বিশ্বকাপের পরপরই আফ্রিদিকে অধিনায়কত্বের পদ থেকে বরখাস্ত করা হয়। বাটের সঙ্গে আফ্রিদির রেষারেষি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পাকিস্তান সরকারের উচ্চপর্যায় থেকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছিল।
শাহরিয়ার খানের সঙ্গে ইজাজ বাটের বৈঠকটি ছিল মূলত পরামর্শ-কেন্দ্রিক। পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মহলের সঙ্গেই পরামর্শ করছেন শাহরিয়ার। সাবেক বোর্ড সভাপতি হিসেবে তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইজাজ বাটকে ডেকেছিলেন পিসিবি সভাপতি। এ বৈঠকে বাট শাহরিয়ারকে অধিনায়কত্ব ইস্যুতে আগামী বিশ্বকাপ পর্যন্ত মিসবাহ-উল হকের প্রতি সমর্থন অব্যাবহত রাখার অনুরোধ জানিয়েছেন, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর থেকে এই মিসবাহ দারুণ পরিপক্বতার সঙ্গেই পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে এসেছে। এখন সে ফর্ম নিয়ে সমস্যায় আছে। সে একজন ভালো অধিনায়ক। এই মুহূর্তে তাঁর দরকার সমর্থন ও উৎসাহ। আমি শাহরিয়ার সাহেবকে বলেছি, অন্তত বিশ্বকাপ পর্যন্ত মিসবাহকে অধিনায়কের পদে রেখে দিতে।’ সূত্র: পিটিআই