'আফ্রিদিকে বিদায়ী ম্যাচ দেওয়ার মানে হয় না'

শহীদ আফ্রিদি কখন অবসর নিচ্ছেন, আর কখন ফিরছেন—এটি নিয়ে রীতিমতো ধাঁধার মধ্যেই আছেন পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেল। সোহেলের বক্তব্য, আফ্রিদির জন্য তাই ঘটা করে বিদায়ী ম্যাচ আয়োজনের কোনো মানে হয় না।
পাকিস্তানের একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে লেখা কলামে সোহেল মন্তব্য করেছেন, ‘এটি অস্বীকার করার উপায় নেই পাকিস্তানের ক্রিকেটে আফ্রিদির অনেক অবদান। একই সঙ্গে এটিও সত্যি যে আফ্রিদি অতীতে অনেকবারই অবসরের ঘোষণা দিয়ে তা থেকে সরে এসেছে। এখন, যখন কোনো খেলোয়াড় বিদায়ী ম্যাচ খেলতে চায়, তখন কিন্তু সে অবশ্যই তার নিজের শহরে পরিচিত দর্শকের সামনেই তা খেলতে চাইবে। কিন্তু যেখানে পাকিস্তানে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না, সেখানে সে তার নিজের ঘরের মাঠের দর্শকদের সামনে কীভাবে বিদায়ী ম্যাচ খেলবে!’
সোহেলের মতে, ‘আফ্রিদির এই অনুরোধ রাখা উচিত হবে না পিসিবির। যদি দরকার পড়ে তাহলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের যেকোনো একটি ম্যাচ অথবা পিএসএলের কোনো ম্যাচকেই আফ্রিদির জন্য উৎসর্গ করা উচিত। এটিই বরং ভালো হয়।’
আফ্রিদির এই প্রকাশ্যে বিদায়ী ম্যাচ খেলতে চাওয়ার ব্যাপারটিই ঠিক মনে হচ্ছে না সোহেলের, ‘এটা ঠিক যে আফ্রিদির মতো খেলোয়াড় একটা বিশেষ বিদায় অনুষ্ঠান চাইতেই পারে। কিন্তু আফ্রিদির উচিত ছিল এই ইচ্ছার কথা প্রকাশ্যে না বলে পিসিবিকে গোপনে বলা। প্রকাশ্যে বলে আফ্রিদি নিজেকে ও পিসিবিকে বিপাকেই ফেলে দিয়েছে। ব্যাপারটি গোপনে হলে পিসিবি রাজি না থাকলেও সে পুরো বিষয়টি চেপে যেতে পারত। এটা তো এখন আর সম্ভব না।’
আফ্রিদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত টি-টোয়েন্টি সিরিজে বিদায় সংবর্ধনা দিতে চেয়েছিল পিসিবি। তখন এই অলরাউন্ডার বেঁকে বসেন। সর্বশেষ খবর, আফ্রিদি নিজে এখন পিসিবিকে বলছেন, তাঁর জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করতে।