'আফ্রিদির অবসর নেওয়া উচিত'

শহীদ আফ্রিদি এখনো কেন ক্রিকেটকে ‘বিদায়’ বলছেন না, ব্যাপারটা কিছুতেই ভেবে পাচ্ছেন না আবদুল কাদির। পাকিস্তানের কিংবদন্তিতূল্য এই লেগ স্পিনারের মতে, আফ্রিদির উচিত এখনই অবসর নিয়ে নেওয়া।
ক্রিকেটকে আফ্রিদির আর কিছু দেওয়ার নেই বলেই নিশ্চিত হয়ে গেছেন কাদির, ‘আমার মনে হয় না, আফ্রিদির কাছ থেকে আর কিছু পাওয়ার আছে। তাঁর অবসরই নিয়ে নেওয়া উচিত।’
পাকিস্তানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কাদির কথা বলেছেন আহমেদ শেহজাদ ও উমর আকমলের বাদ পড়া নিয়েও। এ নিয়ে কোনো অভিযোগ নেই তাঁর। বরং দুজনেরই সমস্যা দেখছেন কাদির। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের আচার-আচরণ নিয়ে তো ব্যঙ্গই করলেন, ‘আমার মনে হয়, সে যত বড় ক্রিকেটার, তার চেয়েও বড় একজন অভিনেতা।’ উমর আকমলের দলে আসা-যাওয়ার দায়ও তাঁর নিজেরই বলে মনে করেন কাদির, ‘আকমলের নিজের ভুলই তাঁকে এ অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। সূত্র : দ্য নিউজ।