'আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত'
আজ দ্বিতীয় ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বললেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস

মোহাম্মদ হাফিজ
পাকিস্তান
* শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে কী ভাবছেন...
হাফিজ: আমাদের জন্য সমীকরণটা পরিষ্কার, ম্যাচটা জিততেই হবে। অন্য কিছু হওয়ার সুযোগ নেই। আমরা তাই প্রস্তুত। এ ম্যাচটা জিতে আমরা সেমিফাইনালে যেতে চাই।
* প্রথম ম্যাচে পাকিস্তানের সবকিছুই ভুল ছিল। আবার দ্বিতীয় ম্যাচে সবকিছুই ঠিকঠাক হয়েছে। বদলে যাওয়ার রহস্যটা কী?
হাফিজ: আমাদের নামের পাশে যে অননুমেয় তকমাটা লেগে গেছে সেটা আমি খুব উপভোগ করি। বাজে কিছু দিন আসে, যেদিন কিছুই পক্ষে যায় না। প্রথম ম্যাচটা ছিল সে রকম দিনে, সর্বোচ্চ চেষ্টা করেও কিছু করতে পারিনি। পরের ম্যাচে মনে হলো আমাদের পুরো দলটাই যেন বদলে গেছে।
* সেমিফাইনালে উঠলেই কি ধরে নেওয়া যাবে পাকিস্তানের ক্রিকেট ঠিক পথে এগোচ্ছে?
হাফিজ: এটা অবশ্যই একটা অর্জন হবে। এই প্রতিযোগিতায় সবাই ভালো করতে চায়। আমি মনে করি, ঠিক পথেই এগোচ্ছি আমরা।
* অননুমেয় তকমাটা আপনার কেন ভালো লাগে?
হাফিজ: এটা আমার ব্যক্তিগত মত। সম্ভবত ১৯৯২ সালে পাকিস্তান যেবার বিশ্বকাপ জিতল সেবারই প্রথম বিশেষণটা দেওয়া হয়। ওই সময় থেকে পাকিস্তানের ক্রিকেটের ইতিহাস দেখলে অননুমেয় একটা দলই পাবেন। আমাদের প্রতিভা আছে, কিন্তু সেটা কখন কাজ করবে আপনি বলতে পারবেন না। প্রতিপক্ষও পারে না। তাই তারা আমাদের কখনোই হালকাভাবে নিতে পারে না। আমাদের এই দলটা নতুন। তবে আমরা সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আইসিসি–ক্রিকেটডটকম।