'আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে বিস্ময়, সেই সঙ্গে হাসির রেখাও কি ফুটে উঠছে না সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের মুখে! আর ২৪ ঘণ্টা পর শুরু যে কোয়ার্টার ফাইনাল, সেটিতে আগাম কোনো সুখের ছবি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের এই দুই নির্ভরতা? কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অনুশীলনে l ছবি: শামসুল হক
চোখে বিস্ময়, সেই সঙ্গে হাসির রেখাও কি ফুটে উঠছে না সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের মুখে! আর ২৪ ঘণ্টা পর শুরু যে কোয়ার্টার ফাইনাল, সেটিতে আগাম কোনো সুখের ছবি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের এই দুই নির্ভরতা? কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অনুশীলনে l ছবি: শামসুল হক

তাঁর তারকা দ্যুতি ছাড়িয়ে গেছে বাংলাদেশের সীমানা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দুর্দান্ত খেলেছেন। সাকিব আল হাসানকে নিয়ে তাই ভারতেরও আগ্রহ কম নেই। কাল দুপুরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুশীলনে নামার আগে আরও একবার সেটির প্রমাণ মিলল। সাকিবের সংবাদ সম্মেলনে অর্ধেকের বেশি সময়জুড়ে প্রশ্ন করলেন ভারতীয় সাংবাদিকেরাই!
স্বাভাবিকভাবেই বেশির ভাগ প্রশ্ন ছিল এমসিজিতে আগামীকালের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা, ক্রিকেটারদের আত্মবিশ্বাস, প্রত্যাশার চাপ—সব প্রসঙ্গই এসেছে। সাকিবের উত্তরে বারবার ধ্বনিত হয়েছে একটা কথাই—বড় দল আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বলেই ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে খেলছে, সেই সামর্থ্য আরও একবার তুলে ধরতে পারলে ভারত-বধও অসম্ভব নয়। সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই তুলে ধরা হলো এখানে—
. কোয়ার্টার ফাইনালের আগে দলের মানসিক অবস্থা কেমন?
সাকিব আল হাসান: দলের অবস্থা ভালো। এই মুহূর্তে সবাই কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে। আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি, যাতে সামর্থ্য অনুযায়ী খেলতে পারি।
. বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আপনার ভূমিকা কী হবে?
সাকিব: ভূমিকা মাঠে যেমন আছে, মাঠের বাইরেও আছে। প্রথমত আমাকে ভালো খেলতে হবে। ব্যাট-বল হাতে অবদান রাখতে হবে। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে, সহ-অধিনায়ক হিসেবে আমাকে কখনো কখনো নেতার ভূমিকাও নিতে হবে।
. আর মাঠের বাইরে...
সাকিব: দলকে অনুপ্রাণিত করার সুযোগ সব সময়ই থাকে। অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে সিনিয়রদের বুদ্ধি-পরামর্শ দেব।
. এই বিশ্বকাপের দলের সঙ্গে আগের বিশ্বকাপের বাংলাদেশ দলের পার্থক্য কী?
সাকিব: এই বছর আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। তবে আমি বলছি না যে ২০১১ বিশ্বকাপে ভালোভাবে প্রস্তুতি নিইনি। আমরা প্রথম ম্যাচটা জিতেছি, সেটাই আমাদের সামনের দিকে এগিয়ে দিয়েছে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত বিশ্বকাপে হয়তো হাতে গোনা দু-একজন পারফরমার ছিল। কিন্তু এবার দলে অনেক পারফরমার।
. এমসিজির মতো বড় মাঠে ভারতের বিপক্ষে খেলা কতটা চ্যালেঞ্জিং?
সাকিব: এখানে আমরা একটা ম্যাচ খেলেছি। কাজেই কী করতে হবে, সে সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। ফিল্ডিং সাজানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারা বাউন্ডারি থেকে ভালোভাবে বল থ্রো করতে পারবে, সেটি জানা থাকতে হবে। এ ছাড়া সবারই তো মোটামুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। সবাই জানে কখন কী করতে হবে।
. বিশ্বকাপে আপনাদের একটা দল হয়ে ওঠার পেছনে মাশরাফির অধিনায়কত্বের ভূমিকা কতটুকু?
সাকিব: খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি দলের সবার সঙ্গে কথা বলেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন। সবার সঙ্গেই তাঁর সম্পর্ক বন্ধুর মতো। খেলোয়াড়েরাও যখন ইচ্ছা তাঁর কাছে যায়, কথা বলে।
. ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। সেই জয় এবার কতটা অনুপ্রাণিত করছে?
সাকিব: ওই স্মৃতিটা আমাদের মাথায় অবশ্যই থাকবে। তবে এটা একটা নতুন ম্যাচ এবং আমরা সবাই তা জানি। ভারত খুব ভালো দল, বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে তাদের। ম্যাচটা তাই সহজ হওয়ার কথা নয়। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং সেভাবেই তৈরি করছি নিজেদের। একটাই তো ম্যাচ...সেরা খেলাটা খেলতে পারলে সবই সম্ভব।
. ২০১১ বিশ্বকাপের আগে বীরেন্দর শেবাগ বলেছিলেন, বাংলাদেশকে সহজেই হারানো সম্ভব। ম্যাচ জেতার পর তিনি বলেছিলেন, আমরা যা বলেছি, তা করে দেখিয়েছি। আপনার কি মনে হয় এবার আর ভারতের উচিত হবে না আপনাদের হালকাভাবে নেওয়া?
সাকিব: বিশ্বকাপে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেয় না। আর কোয়ার্টার ফাইনালে তো একটা ম্যাচই, এখানে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগই নেই। আমরা এই বিশ্বকাপে ভালো খেলছি। আমাদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।
. আপনি অভিজ্ঞ খেলোয়াড়, তার পরও কি বলবেন এটা আপনার ক্যারিয়ারের এবং আপনার দেশের ক্রিকেটের জন্যও সবচেয়ে বড় ম্যাচ?
সাকিব: তা বলা যায়...কারণ বাংলাদেশ প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে। তবে একই সঙ্গে আমাদের এটাও বুঝতে হবে যে, এটা আর একটা সাধারণ ম্যাচের মতোই।
. এমসিজিতে আপনাদের ম্যাচে ৮০-৯০ হাজার দর্শক হতে পারে। এত দর্শকের সামনে আগে খেলেছেন?
সাকিব: কলকাতার হয়ে আইপিএলে খেলায় আমার কিছুটা অভিজ্ঞতা আছে। ৭৩ থেকে ৮০ হাজার দর্শক হয় ওখানে। প্রতি ম্যাচেই গ্যালারি ভরা থাকে।
. আইসিসির সহযোগী দেশগুলোকে বিশ্বকাপে রাখা উচিত কি না, এ নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার মতামত কী?
সাকিব: এটা আসলে আইসিসির ব্যাপার। তারা যা করবে নিশ্চয়ই ক্রিকেটের ভালোর জন্যই করবে। তার পরও আমার মতে ক্রিকেটের বিশ্বায়ন চাইলে আরও বেশি দলকে খেলতে দেওয়া উচিত।
. আমরা শুনেছি একজন ক্রীড়া মনোবিদ আপনাদের দলের সঙ্গে কাজ করছেন। দলে তিনি কী ভূমিকা রাখছেন?
সাকিব: আমি ঠিক জানি না কীভাবে এটাকে বর্ণনা করব। তাঁরা কীভাবে কাজ করেন বা কী বলেন, সেটা গুছিয়ে বলা বেশ কঠিন। কিন্তু আপনি যদি তাঁর মতামতটা গ্রহণ করেন, তা অনেক কাজে দেয়। আপনার যখন এ রকম কারও সঙ্গে দেখা হবে, তখনই আসলে বুঝতে পারবেন ব্যাপারটা কী।
. ২০০৭ বিশ্বকাপের পর ২০১২ এশিয়া কাপেও বাংলাদেশ ভারতকে হারিয়েছে। ওই দুই ম্যাচে বাংলাদেশের জয়ের রহস্য কী ছিল?
সাকিব: আমরা ভয়-ডরহীন ক্রিকেট খেলেছিলাম। এবারও চাই ওই ধরনের ক্রিকেট খেলতে। আমার মনে হয় এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমরা তা খেলছিও। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে রকম খেলেছি, ওই খেলাটা খেলতে পারলে কোয়ার্টার ফাইনালে অনেক ভালো ম্যাচ হবে।
. ক্রিকেট বিশেষজ্ঞরা এই ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা কমই দেখছেন। আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন?
সাকিব: সবকিছু নির্ভর করে ম্যাচের দিন আমরা কেমন খেললাম তার ওপর। যা-ই করি না কেন শুরুটা ভালো হতে হবে। আর সেই ভালো শুরুটা ধরে রাখতে পারলে যেকোনো কিছু সম্ভব। কাগজ-কলমে অবশ্যই ভারত বাংলাদেশের চেয়ে ভালো দল। তবে দিনটা যদি আমাদের জন্য ভালো হয় আর তাদের জন্য খারাপ হয়, যেকোনো কিছুই হতে পারে।
. আইপিএল খেলে আপনি এমন কী শিখেছেন, যেটা এখানে কাজে লাগতে পারে? ধরুন চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে রান তাড়া করা বা সে রকম কিছু...
সাকিব: কিছু ইতিবাচক দিক তো আছেই। সেখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে খেলেছি এবং তাদের জেনেছি। সে অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগাভাগি করলে তারাও এটা থেকে উপকৃত হবে।
. ধোনি বা কোহলিদের বল করার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করেন বোলাররা। ভারতের বিপক্ষে ম্যাচে আপনার মাথায়ও কি সে রকম কিছু থাকবে?
সাকিব: সবাই তো একটা পরিকল্পনা করেই মাঠে নামে। আইপিএল খেলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা অবশ্যই দলকে জানাব। তা যদি আমাদের খেলোয়াড়দের সাহায্য করে তাহলে তো খুবই ভালো।
. বাংলাদেশ দলের ১০০ ও ১৫০তম ওয়ানডেতে আপনারা ভারতের বিপক্ষে জিতেছেন। এবার খেলবেন ৩০০তম ওয়ানডে। এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ কোনো পরিকল্পনা?
সাকিব: সত্যি কথা বলতে এটা (বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল) আমাদের জন্য অনেক বড় উপলক্ষ। আমার মনে হয় না এর জন্য অন্য কোনো প্রেরণার দরকার আছে। সবাই জানে এটার গুরুত্ব এবং সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
. এবারের বিশ্বকাপে আপনি আপনার পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন?
সাকিব: আমি বলব মোটামুটি। হয়তো আরেকটু ভালো করতে পারতাম, বিশেষ করে ব্যাটিংয়ে। বোলিং নিয়ে খুশি। তবে উন্নতির তো শেষ নেই। আর দলের জন্য অবদান রাখারও শেষ নেই।
. বিশ্বকাপে ভারতকে সামনে পেলে আপনার প্রথমে কি মনে পড়ে—২০০৭ না ২০১১? ২০০৭ এ আপনার অভিষেক হয়েছিল। ২০১১ বিশ্বকাপে আপনি অধিনায়ক ছিলেন...
সাকিব: ২০০৭। প্রথমবার একটা বিশ্বকাপ খেললাম। এর আগে খুব বেশি বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়নি।
. মেলবোর্নে বেশির ভাগ দর্শক হয়তো আপনাদের সমর্থন করবে না। উল্টো প্রতিপক্ষকে সমর্থন করবে। এটা কতটা চ্যালেঞ্জিং?
সাকিব: (হাসি) আসলে এই অভিজ্ঞতা এখনো হয়নি। অভিজ্ঞতা না হলে তো বলা মুশকিল কতটা চ্যালেঞ্জিং।
. ভারতের ব্যাটিং গভীরতা অনেক বেশি। যদি কোনো একজন ব্যাটসম্যানের কথা বলা হয়, কোন উইকেটটা বেশি গুরুত্বপূর্ণ?
সাকিব: ওদের প্রথম ছয় ব্যাটসম্যানই বিশ্বমানের। ছয়টা উইকেটই অনেক গুরুত্বপূর্ণ। যে কেউ ম্যাচ বদলে দিতে পারে এবং আমরা তা ভালো করেই জানি। আমাদের চেষ্টা থাকবে ওরা যাতে বড় জুটি গড়তে না পারে। যারা বেশি ভালো খেলোয়াড়, তাদের উইকেট যদি তাড়াতাড়ি নিতে পারি, তাহলে তো আরও ভালো।
. ২০০৭ ও ২০১১তে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খেলেছে। এবার খেলবে নকআউট পর্বে। চাপ কোন দলের ওপর বেশি থাকবে?
সাকিব: যেহেতু নকআউট পর্ব, চাপ দুই দলের ওপরই আছে। দুই দলই তো চায় জিততে।
. যদি বাংলাদেশ আগে ব্যাট করে, কত রান করলে জেতা সম্ভব বলে মনে করেন?
সাকিব: বলা কঠিন। খেলা শুরু হওয়ার পরই আসলে পিচের ধরন বোঝা যায়। তবে এখানে যে কয়টা ম্যাচ হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে তিন শর কাছাকাছি বা তিন শর বেশি রান ছিল। আমরা যে ম্যাচটা খেলেছি তাতেও খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমার মনে হয় ২৮০ থেকে ৩২০-এর মতো রান ভালো লক্ষ্য হতে পারে।
. আপনারা যত ভালো খেলছেন, দেশের মানুষের মধ্যে ততই প্রত্যাশা বাড়ছে। কখনো কখনো সেটা অবাস্তব পর্যায়েও চলে যাচ্ছে। এই উন্মাদনার সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছেন?
সাকিব: আমরা যখন কোনো সিরিজ বা এ ধরনের বড় টুর্নামেন্টে খেলি, তখন বাইরের জিনিসগুলোর দিকে মনোযোগ কম দেওয়ার চেষ্টা করি। দলের বাইরে কী হচ্ছে সেটা আমরা খুব একটা জানছি না। আর আমার মনে হয় না দেশের মানুষের প্রত্যাশাকে খেলোয়াড়েরা নেতিবাচকভাবে নেবে। এটা আমাদের অনুপ্রাণিতই করবে। আমরা ভালো খেলছি বলেই প্রত্যাশা বাড়ছে।
. প্রত্যাশার চাপটা কেমন?
সাকিব: উপমহাদেশের মানুষের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে। তবে চাপ না নিয়ে আমাদের খেলায় দৃষ্টি দিতে হবে। কীভাবে ভালো খেলা যায়, সেটাই মূল কথা। সেটা করতে পারলে ফল এমনিতেই আমাদের পক্ষে আসবে। জিতি বা হারি, আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই।