'আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে'

সিরিজ শুরুর আগেই নিজের আশাটা জানিয়ে দিয়েছিলেন। আফগানিস্তানকে ধবল ধোলাই করতে চায় বাংলাদেশ। এ আশা প্রথম ম্যাচেই বুমেরাং হয়ে আসছিল বাংলাদেশের জন্য। প্রথম ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচসেরা সাকিব আল হাসান জানিয়ে দিলেন, আফগানিস্তান যে কঠিন পরীক্ষা নেবে সেটা জানত বাংলাদেশ।
শেষ দশ ওভারে ৮ উইকেট হাতে রেখে মাত্র ৭৭ রান দরকার ছিল আফগানিস্তানের। প্রতিপক্ষের ৮টি উইকেটই তুলে নিয়ে। প্রতিপক্ষকে ৭ রান দূরত্বে বেঁধে ফেলে। নাটকীয়ভাবে জিতল বাংলাদেশ। শেষ দিকে অনেক দিন পড়ে ফেরা রুবেল ও তাসকিনের দুর্দান্ত বোলিংই বাংলাদেশকে জয় এনে দিয়েছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোখে এ ম্যাচ থেকে বাংলাদেশের সেরা অর্জন এটাই, ‘আফগানিস্তান দারুণ খেলেছে। ফসকে যাওয়া ক্যাচগুলোই ঝামেলা করেছে। পড়ে সাকিব এবং তাসকিন বল হাতে দারুণ করেছে। গত তিন মাস ধরে আমরা কঠিন পরিশ্রম করেছি।’
আজ বাংলাদেশের ব্যাটিং ভালোই হয়েছে। বোলিং দিয়েই জিতলেও এক সময়ে রাশ আলগা করে ফেলেছিল বাংলাদেশ। আর তাতে ঢাকের বাড়ি দিয়েছে বাজে ফিল্ডিং। অধিনায়ক আত্মসমালোচনা করতে ভুললেন না, ‘আজ আমরা যেমন খেলেছি সেটি সেই মানের ছিল না। আমরা ২৮০-র বেশি করতে পারতাম কিন্তু সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানরা আউট হয়ে গেল। তাসকিন মাত্রই পরীক্ষা দিয়ে ফিরেছে, রুবেলও মাত্র চোট থেকে ফিরেছে। এই ম্যাচ ওদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’
ব্যাট হাতে ৪০ বলে ৪৮ রান। বোলিংয়েও ১০ ওভারে ২৬ রানে দুই উইকেট। ফিল্ডিংয়ে সুযোগ হাতছাড়া না হলে আরও দুই-একটি উইকেট বেশি পেতেন। তবে ফিল্ডিং বাঁ বোলিংয়ে দলের এ রকম ‘মরচে পড়া’ পারফরম্যান্সের ব্যাখ্যা আছে সাকিবের, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। আমরা প্রায় এক বছর পর ওয়ানডে খেললাম। আমরা একটু বেশি সাবধানী ছিলাম, ২০ রান কমও করেছি। স্পিনাররা আজ দুর্দান্ত বল করেছে। দলের সবার কাজ ছিল শেষ পর্যন্ত খেলাকে টেনে নিয়ে যাওয়া।’
প্রায় হাতের নাগালে আসা জয়টা ছিনিয়ে নিল বাংলাদেশ। ম্যাচ শেষে তবু প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভোলেননি আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই, ‘বাংলাদেশকে অভিনন্দন। বোলাররা দারুণ করেছে, এ জন্যই ম্যাচ জিতেছে তারা। রশিদ ও নাভিন বাংলাদেশকে আটকে দিয়েছিল। কিন্তু শেষ দিকে আমরা কিছু বাজে শট খেলেছি।’
বাংলাদেশও ভোলেনি তরুণ আফগানদের পিঠ চাপড়ে দিতে। সিরিজটা বেশ জমবে মনে হচ্ছে!