
নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা! মিরপুর স্টেডিয়ামে উচ্চারিত হলো একটাই শব্দ! নিরাপত্তাকে কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসতে সময় নিচ্ছে অস্ট্রেলিয়া। এমন দিনে পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এল নিরাপত্তা প্রসঙ্গ।
তবে শঙ্কা নয়, পাকিস্তানের নিরাপত্তার ওপর আস্থা রেখেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আজই দুপুরে করাচি যাত্রা করছে। আর পাঁচটি সফরের চেয়ে পাকিস্তান সফরটা আলাদাই। অধিনায়ক সালমা খাতুন অবশ্য নিরাপত্তা নিয়ে ভাবতে রাজি নন, ‘পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু নেই বলেই জানি।’
বিসিবির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, নাকি তাঁরা স্বেচ্ছায় যাচ্ছেন এ সফরে? সালমা এবার হুক করতে চাইলেন প্রশ্নটা, ‘বিসিবি আমাদের সঙ্গে কথা বলেছিল। সব দিক ভেবে আমরা স্বেচ্ছায় ওখানে যাচ্ছি।’ তবে পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়া মানে খেলার বাইরের বিষয়টাও কম গুরুত্বপূর্ণ নয়।
বিসিবিও তা জানে। এ কারণেই বিসিবি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় পাকিস্তানে। লাহোর ও করাচির নিরাপত্তা পর্যবেক্ষণ করে এসে দলটি সবুজসংকেত দেওয়ার পরই মিলেছে সরকারি অনুমতি। সেসব প্রসঙ্গ টেনে সালমা বললেন ভয়ের কিছু নেই, ‘নিরাপত্তাঝুঁকি তো সব দেশেই আছে। আমাদের দেশেও কি মারামারি হয় না? গুলশানে মারামারি হলে নিশ্চয়ই তা মিরপুরে প্রভাব ফেলবে না। তাই আমাদের মধ্যে কোনো ভয় নেই। আমরা তো ক্রিকেট খেলতে যাচ্ছি। মারামারি দেখতে যাচ্ছি না।’
সালমাদের ভয় আরও কমে যাচ্ছে খেলাগুলো একটি ভেন্যুতেই হওয়ায়। করাচির সাউদএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুটি টি-টোয়েন্টি। ৪ ও ৬ অক্টোবর দুটি ওয়ানডে। একই ভেন্যুতে খেলা মানে মাঠ আর হোটেল নিয়ে বেশি দৌড়ঝাঁপ নয়। তবে পরিস্থিতি ভালো দেখলে শুধু মাঠ আর হোটেলেই দলকে বন্দী করতে চাইবেন না ম্যানেজার শফিকুল হক হীরা, ‘আমরা আশা করছি ভিভিআইপি নিরাপত্তা পাব। ওখানে সব ঠিকঠাক দেখলে দরকার হলে একটু ঘোরাফেরাও করব।’
তবে মাঠে খেলাটাও কম গুরুত্বপূর্ণ নয়। আগামী বিশ্বকাপ বাছাই ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ভালো প্রস্তুতি হিসেবেই সফরটিকে নিচ্ছেন মেয়েরা। তাঁরা জানেন, পাকিস্তানের মেয়েদের দলটা বেশ শক্তিশালী। ভারত, শ্রীলঙ্কারও ওপরে তারা। তাই সালমার মুখে সতর্কতা, ‘সফরে আমরা ভালো করতে চাই। যদিও ওদের হারানো বেশ কঠিন হবে।’ মাস দুয়েকের প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়কের কাছে এই সফরে অগ্রাধিকার পাচ্ছে ওয়ানডে।
অধিনায়ক-ম্যানেজারের সঙ্গে কোচও খেলাটাকেই রাখতে চান সবকিছুর আগে। তারপরও তিনি শ্রীলঙ্কান বলে ২০০৯ সালে লাহোরে লঙ্কান ক্রিকেটারদের ওপর সেই বোমা হামলার প্রসঙ্গ এল। মহিলা দলের কোচ জনক গামাগি তাকাতে চান সামনে, ‘ওটা অতীত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি ভিন্ন। কাজেই নিরাপত্তা নিয়ে ভাবছি না, তেমনও শঙ্কাও নেই। মাঠে ভালো খেলাই আমাদের লক্ষ্য।’