'আমার তো মনে হচ্ছে ১-১ হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শাহরিয়ার নাফীস
শাহরিয়ার নাফীস

২০০৬ সালের পর ২০১৭। প্রায় এক যুগ পর আবার টেস্ট খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া দল। ১১ বছর আগে ও পরের দুই টেস্ট সিরিজ নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকারের প্রথম পর্বে আজ থাকছেন শাহরিয়ার নাফীস। সাক্ষাৎকার নিয়েছেন উৎপল শুভ্র

উৎপল শুভ্র: অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসার পর থেকে আপনার কথা সবারই মনে পড়ছে। ফতুল্লায় ১৩৮ রানের ওই ইনিংস, ওই সময়ের প্রেক্ষাপটে যা ছিল অকল্পনীয়। আপনিও কি একটু স্মৃতিকাতর হয়ে পড়ছেন?

শাহরিয়ার নাফীস: তা তো অবশ্যই। শুধু ফতুল্লার ওই সেঞ্চুরির কারণে নয়, সব মিলিয়েই অস্ট্রেলিয়া আমার কাছে একটা সুখস্মৃতির নাম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষেই আমার রেকর্ড সবচেয়ে ভালো। সেটি টেস্ট-ওয়ানডে দুটিতেই।

শুভ্র: আপনি তো অস্ট্রেলিয়ান ক্রিকেট-সংস্কৃতিরও বড় ভক্ত। তা ওদের কী সবচেয়ে ভালো লাগে?

শাহরিয়ার: আমি যখন খেলতে শুরু করি, তখন থেকেই দেখে এসেছি, অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেট শাসন করছে। সব মানুষই তো সাফল্য দেখে আকৃষ্ট হয়। প্রথম আকর্ষণটা সেখান থেকেই। আর আমার ক্যারিয়ারের শুরুর সময়টায় হাইপারফরম্যান্স, অনূর্ধ্ব-১৯, জাতীয় দল সবগুলোরই কোচ ছিলেন অস্ট্রেলিয়ান। এটাও একটা কারণ। অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটাররা কীভাবে এত সফল হলো, সেটি তাই বোঝার চেষ্টা করতাম। হারতে না চাওয়ার মানসিকতা, অন্য যেকোনো দলের চেয়ে বেশি পরিশ্রম করার মানসিকতা, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা, প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়ার প্রতিজ্ঞা এসবই আমাকে অস্ট্রেলিয়ার প্রতি আকৃষ্ট করেছিল।

শুভ্র: অস্ট্রেলিয়ার এই দলটা তো আপনার সময়ের সেই দলের মতো নয়, তাই না?

ফতুল্লায় সেই সেঞ্চুরির পর শাহরিয়ার নাফীস  l ফাইল ছবি
ফতুল্লায় সেই সেঞ্চুরির পর শাহরিয়ার নাফীস l ফাইল ছবি

শাহরিয়ার: এই দলটা একটা পুনর্গঠন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দু-তিনজনের বেশি বিশ্বমানের খেলোয়াড় নেই। তবে একটু যদি পেছনে তাকাই—সত্তর ও আশির দশকে ওয়েস্ট ইন্ডিজ যখন রাজত্ব করছিল, তখন কিন্তু অস্ট্রেলিয়া খুব একটা ভালো করছিল না। তবে ওরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এগিয়েছে। সেটির ফল এখনো পাচ্ছে। দূরদর্শিতার দিক থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে। নইলে দেখেন, অস্ট্রেলিয়ায় ক্রিকেট কিন্তু তিন নম্বর খেলা। তারপরও ওদের কেমন দাপট! সবার ওদের কাছ থেকে শেখা উচিত।

শুভ্র: এবার ফতুল্লা টেস্টে আসি। আপনি দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশ জিততে জিততে হেরে গিয়েছিল। প্রথম ইনিংসে গিলক্রিস্ট আর দ্বিতীয় ইনিংসে পন্টিংয়ের সেঞ্চুরি জিতিয়ে দিল অস্ট্রেলিয়াকে। এসব নিয়ে অনেক কথা হয়েছে। এমন কিছু বলেন, যা আমরা জানি না...

শাহরিয়ার: আমার নিজের কথাই তাহলে বলি। ওই টেস্টের আগে আমি ওয়ানডেতে ভালো করছিলাম, কিন্তু ৪ টেস্টের ৮ ইনিংসে ফিফটি করেছিলাম মাত্র একটা। ভালো করতে না পারলে আমি টেস্ট দল থেকে বাদ পড়ে যেতে পারি, এমন একটা ভয় ছিল। তবে ওই টেস্টের আগে এমন একটা ঘটনা ঘটেছিল, যা আমার জেদটা অনেক বাড়িয়ে দিয়েছিল। রিচার্ড ম্যাকিন্স ছিলেন ওই অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স অ্যানালিস্ট। এই ম্যাকিন্স আমাদের হাইপারফরম্যান্স টিমের কোচ ছিলেন। আমার ক্যারিয়ারে তাঁর অনেক বড় ভূমিকা। সোনারগাঁও হোটেলে দুই দল আছি। আমি তো ম্যাকিন্সের সঙ্গে আবার দেখা হবে ভেবে খুব রোমাঞ্চিত। কিন্তু ও দেখি আমার সঙ্গে কথাই বলতে চায় না। আমার খুব মন খারাপ হলো। টেস্টের আগের দিন নতুন একজোড়া জুতা কিনে হোটেলে ফিরেছি। লবিতে ম্যাকিন্সের সঙ্গে দেখা। ও বলল, ‘তোমার হাতে এটা কী?’ আমি বললাম, ‘নতুন জুতা’। ম্যাকিন্স বলল, ‘এই জুতা পুরো সিরিজে নতুনই থাকবে। তুমি তো আর রান করতে পারবে না।’ কথাটা শুনে এমন খারাপ লাগল! আমার মনে একটা জেদও চেপে গেল। এমন কিছু করব, যাতে জবাব দিতে পারি।

শুভ্র: তবে সেই জবাব যে এমন হবে, এটা নিশ্চয়ই আপনারও কল্পনায় ছিল না...

শাহরিয়ার: বলতে পারেন। টেস্ট শুরুর দিন সকালে যখন নকিং করছিলাম, খুব নার্ভাস লাগছিল। গিলেস্পি, লি, ওয়ার্ন, ম্যাকগিলকে খেলতে হবে! এত দিন যে ব্যাটে খেলে এসেছি, সেটিই খুব ভারী মনে হচ্ছিল। পরে আমি পাইলট ভাইয়ের (খালেদ মাসুদ) কাছ থেকে ওনার হালকা ব্যাটটা চেয়ে নিলাম। আসলে ওই অস্ট্রেলিয়া ভয় পাওয়ার মতোই দল ছিল। মাত্রই দক্ষিণ আফ্রিকা থেকে ৩-০-তে সিরিজ জিতে এসেছে। ওই ম্যাচের আগেই টেস্ট ক্রিকেটে এক নম্বরের স্বীকৃতি ‘গদা’টা দেওয়া হয়েছে ওদের। আমরা তখন র‍্যাঙ্কিংয়ের দশ নম্বর দল। ওই ম্যাচে আমাদের পারফরম্যান্স তাই অস্ট্রেলিয়ার ভিত্তি নাড়িয়ে দিয়েছিল।

শুভ্র: মাঠে ওই ইনিংসটা খেলার সময়কার বিশেষ কোনো স্মৃতি কি মনে পড়ে?

শাহরিয়ার: অস্ট্রেলিয়ার যে বোলারই বল করছিল, তাকে বাকি সবাই বলছিল, ‘অফ স্টাম্পের বাইরে রুম দিয়ো না। ভেতরে করো।’ বিশ্বের এক নম্বর দল আমাকে নিয়ে এভাবে প্ল্যান করছে দেখে খুব ভালো লাগছিল। ওই ইনিংসটা খেলার পর অস্ট্রেলিয়ার অনেকেই অভিনন্দন জানিয়েছিল, গিলক্রিস্টের কথা আলাদাভাবে মনে আছে। আর ম্যাকিন্স কী বলেছিল, জানেন? ও আমাকে বলল, ‘দেখো, তুমি আমার প্রতিপক্ষ দলের খেলোয়াড়, তোমাকে নিয়ে প্ল্যানও করেছি। তারপরও কিন্তু চেয়েছি, তুমি ভালো খেলো। তুমি ভালো করায় আমি গর্বিত। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দেরও বলেছি, ‘ও কিন্তু আমার ছাত্র।’ আমি তোমাকে তাতিয়ে দিতে ওসব বলেছিলাম।

শুভ্র: বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৭ করার পর ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তো ফলোঅনের শঙ্কায় পড়ে গিয়েছিল। তা মাঠে অস্ট্রেলিয়ানদের প্রতিক্রিয়া কী ছিল? ব্যাটিংয়ের সময়ও নাকি ওরা স্লেজিং করছিল!

শাহরিয়ার: ওরা তো এটা কল্পনাও করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় গিলক্রিস্ট আর ক্লার্ক ছাড়া বাকি সব ব্যাটসম্যানই গালাগালি করছিল। ওরা এমন চাপে পড়ে গিয়েছিল যে, হতে পারে নিজেদের অনুপ্রাণিত করতেই অমন করছিল। অথবা বোঝাতে চাইছিল, ওরা কত ‘টাফ’। বোলার-ফিল্ডাররা তো স্লেজিং করেই, তবে ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যানদের স্লেজিং করতে দেখেছি ওই একবারই (হাসি)। স্লেজিং কাকে বলে, সেটি অবশ্য আরও ভালো জেনেছিলাম চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের সময়।

শুভ্র: সেটি কী রকম?

শাহরিয়ার: আসলে ফতুল্লায় ওরা যে ধাক্কাটা খেয়েছিল, সেটিরই জের ছিল ওটা। ব্যক্তিগতভাবে আমি আর কোনো টেস্টে এমন স্লেজিংয়ের শিকার হইনি। প্রথম ইনিংসে আমি শূন্য রানে আউট। গিলেস্পিকে লেগ গ্ল্যান্স করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ। দ্বিতীয় ইনিংসে রানই করতে পারছিলাম না...এক বল, দুই বল, চার বল, প্রথম ১৩ বলে কোনো রান নিতে পারিনি। এই পুরোটা সময় হেইডেন আমাকে যা-তা বলে গেছে। এর মধ্যে সবচেয়ে ভদ্র কথা ছিল, ‘তুমি তো কিছুই পারো না!’ এত বড় প্লেয়ার, আমি কী জবাব দেব! হঠাৎ মনে পড়ল, হেইডেন তো ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছে। প্রথম রানটা নেওয়ার পর বললাম, ‘তোমাকে তো ওয়ানডে টিমে নেয় নাই, আমি তো ঠিকই খেলব। তাহলে এত কথা বলো কেন?’ এরপর হেইডেন আর কথা বলে নাই।

শুভ্র: অতীত থেকে এবার বর্তমানে ফিরি। অস্ট্রেলিয়া আর আগের অস্ট্রেলিয়া নেই, বাংলাদেশও আগের বাংলাদেশ নেই। এবারের সিরিজ নিয়ে কী বলবেন?

শাহরিয়ার: আমি সত্যিই বিশ্বাস করি, এই সিরিজে বাংলাদেশই একটু এগিয়ে আছে। ১১ বছরে বড় পরিবর্তন এটাই। বাংলাদেশ গত দুই-তিন বছর যেমন খেলছে, তেমন খেলতে পারলে সিরিজ জেতার ভালো সুযোগ আছে।

শুভ্র: এই অস্ট্রেলিয়া দলের শক্তির মূল জায়গা কোনটি?

শাহরিয়ার: অস্ট্রেলিয়ার এই দলে তারকা খেলোয়াড় কম। তবে বিশ্বমানের তিনজন খেলোয়াড় আছে, যাঁরা প্রয়োজনের সময় ঠিকই হাত তুলে দাঁড়িয়ে যায়। স্টিভ স্মিথ, ওয়ার্নার আর লায়নের কথা বলছি। দল ওদের ওপর নির্ভর করে, ওরাও সেটির প্রতিদান দেয়।

শুভ্র: স্টিভ স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা কি স্পিনের বিপক্ষে একটু নড়বড়ে?

শাহরিয়ার: ঠিকই বলেছেন, স্পিনে এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা টেকনিক্যালি দুর্বল।

শুভ্র: তাহলে কি ইংল্যান্ডের বিপক্ষে যেমন উইকেট বানানো হয়েছিল, এবারও তেমনই বানানো উচিত?

শাহরিয়ার: আমার মনে হয় না, এবার তা বানানো হবে। কারণ ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং অনেক ভালো। ভারতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটা নিশ্চয়ই ভুলে যাননি। স্টিভেন ও’কিফ একাই কিন্তু ভারতকে ধসিয়ে দিয়েছিল। এবার ও’কিফ নেই, তবে লায়ন আছে। বাংলাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাককেও আমি ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রাখব। স্টার্ক নেই, কিন্তু কামিন্স-হ্যাজলউড তো আছে। ইংল্যান্ডের বিপক্ষে স্পিনিং উইকেট বানিয়ে আমরা একটা সুযোগ নিয়েছিলাম। সেটি কাজে লেগেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমি অতটা নিশ্চিত নই। আরেকটা ব্যাপার, উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড কিন্তু ভালো নয়। শ্রীলঙ্কায় হেরেছে, ভারতে হেরেছে—এবার তাই ওরা অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।

শুভ্র: এই সিরিজের স্কোরলাইন কী হবে, আপনার ভবিষ্যদ্বাণী কী?

শাহরিয়ার: ১-১।

শুভ্র: বাংলাদেশের জয়ের ভালো সুযোগ আছে বলেছিলেন না...

শাহরিয়ার: তা তো আছেই। তবে আমার মনে হয় শেষ পর্যন্ত ১-১ হবে।

শুভ্র: বাংলাদেশ কোথায় জিতবে?

শাহরিয়ার: মিরপুরে চান্স বেশি।

শুভ্র: কেন, এই মাঠে সর্বশেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে বলে?

শাহরিয়ার: সেটা একমাত্র কারণ নয়। মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটে বাইরের দলগুলো ভালো খেলে। মিরপুর যেখানে আমাদের সঙ্গে ভালো যায়। তবে এবার তো নতুন উইকেট, সেটি কেমন হবে ঠিক জানি না।