'আমার হাতে এখন সব শটই আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>হঠাৎই যেন বদলে গেছেন ইমরুল কায়েস। যে ব্যাটসম্যান সব সময় পড়ে থাকতেন তামিম ইকবালের ছায়ায়, এখন তাঁর ব্যাটেই নিয়মিত ঝড় উঠছে। সোজা ব্যাটে খেলে আসা ইমরুলের ব্যাট থেকেই এখন বেরিয়ে আসছে দারুণ সব পুল, কাট। তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাত্কারে নিজের বদলে যাওয়ার গল্প বলেছেন জাতীয় দলের এই ওপেনার
ইমরুল কায়েস
ইমরুল কায়েস

* ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরি। শেষ দুই ম্যাচেও শুরুটা খারাপ ছিল না। নিজের ব্যাটিং নিয়ে কতটা সন্তুষ্ট?
ইমরুল কায়েস: গত বিপিএল থেকেই আমি ব্যাটিংয়ের ধরন আর মানসিকতা বদলানোর চেষ্টা করছি। ওয়ানডেতে একটু পরপর গেম প্ল্যান পরিবর্তন করতে হয়। বোলার আপনাকে নিয়ে একটা পরিকল্পনা করবে, তখন আপনাকেও অন্য পরিকল্পনা করতে হবে। এ রকম কিছু জায়গায় আমি উন্নতি করেছি। তবে বলে রাখা ভালো, ব্যাটে বল ভালো লাগছে বলেই হয়তো এখন ভালো রান করছি। একটা সময় এটা না-ও হতে পারে।
* আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেও দুটি ম্যাচ বসে থাকতে হলো। কতটা হতাশাজনক ছিল সেটা?
ইমরুল: প্রথম ম্যাচ খেলার পর আমি ভাবিইনি যে, পরের ম্যাচে বাদ পড়ব। যখন বলা হলো আমি খেলছি না, কোচ দেখালেন আমার এই এই সমস্যা আছে; মনে হলো বাংলাদেশের ক্রিকেট আসলেই অনেক বদলে গেছে। অনেক কষ্ট পেয়েছিলাম। উপলব্ধি করলাম, আমার হয়তো অন্যদের চেয়ে আরও ভালো ক্রিকেট খেলা লাগবে। নয়তো টেকা কঠিন। প্রস্তুতি ম্যাচে তাই ইতিবাচক ছিলাম।
* কোচ কী কী সমস্যার কথা বলেছেন?
ইমরুল: আমাকে বলেছেন, ‘অনেকগুলো সামনের বল তুমি মিস করেছ, যেগুলো মিড অফের ওপর দিয়ে মারতে পারতে।’ এরপর অনুশীলনেই পরিকল্পনা সাজিয়ে দুদিন সেগুলো প্র্যাকটিস করি এবং প্রস্তুতি ম্যাচে কাজে লাগাই। কোচ গেম প্ল্যানেও কিছু বদলাতে বলেছেন। আরও তিন-চারটি শট বেশি খেলতে বলেছেন। আমার হাতে অবশ্য এখন সব শটই আছে। যেটা পুল করব সেটা পুল, যেটা কাট করব সেটা কাট।
* প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিটা কি আপনার ক্যারিয়ারের কোনো টার্নিং পয়েন্ট হতে পারে?
ইমরুল: সেঞ্চুরি সেঞ্চুরিই। যেকোনো দলের সঙ্গেই সেঞ্চুরি বড় অর্জন। ইংল্যান্ডের সঙ্গে তো সেটা আরও বড়। প্রস্তুতি ম্যাচ ধরলে ইংল্যান্ডের বিপক্ষে আমি পরপর দুটি সেঞ্চুরি করেছি। প্রথমটা হয়তো আন্তর্জাতিক ম্যাচ নয়, কিন্তু প্রতিপক্ষ তো একই! তবে আমি এ পর্যন্ত যত ইনিংস খেলেছি, ফতুল্লার প্রস্তুতি ম্যাচেরটাই সেরা। এই ইনিংস ভবিষ্যতেও আত্মবিশ্বাস জোগাবে।
* প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস প্রথম ওয়ানডেতে নিয়ে এলেন কীভাবে?
ইমরুল: আমি শুধু একটা জিনিসই চিন্তা করেছি। আমি এদের সঙ্গে এক শ করেছি, উইকেটে থাকলে আমি এদের সঙ্গে আরও রান করতে পারব। প্রথম ওভারেই যখন ছয় মারলাম, তখনই নিশ্চিত হয়ে যাই, আজ আমার দিন। আমি রান করতে পারব।
* তামিমের সঙ্গে জুটিতে আগে আপনার ভূমিকা ছিল অন্য রকম। এখন তামিম-আপনি দুজনই মেরে খেলছেন...
ইমরুল: একটা সময় ছিল যখন ২০-২৫ রানের মধ্যে আমাদের দু-তিনটি উইকেট থাকত না। আমি যখন দলে নতুন আসি, কোচ জেমি সিডন্স একদিন ডেকে বললেন, ‘তুমি যতক্ষণ পারো উইকেটে থাকবে। এটাই তোমার কাজ।’ সেই জিনিসটাই বোধ হয় আমার ভেতর ঢুকে গিয়েছিল।
* ওপেনিংয়ে তামিমের সঙ্গী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র এখন। কোনো চাপ অনুভব করেন?
ইমরুল: প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। আমি খারাপ খেললে আরেকজন এসে জায়গা নেবে। এটাই জাতীয় দলের নিয়ম। যত দিন পারফর্ম করব, দলে আছি। পারফর্ম না করলে থাকব না।
* মারমুখী ব্যাটসম্যান হয়ে উঠতে তামিমের ব্যাটিং কতটা প্রভাবিত করেছে আপনাকে?
ইমরুল: ওর ব্যাটিং আমি সব সময়ই উপভোগ করি। ও ক্লাস প্লেয়ার, ওর ব্যাটিং দেখে অনেক কিছু শিখছি। এখনো শেখার চেষ্টা করি। কোন পরিস্থিতিতে কী করা দরকার, তামিমের সঙ্গে থাকতে থাকতে সেসব অনেকটাই শিখে গেছি।
* পরিশ্রমী ক্রিকেটার হিসেবে আপনি সুখ্যাত। এখনো কি সেটাই শক্তি?
ইমরুল: পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। তখন আপনার শট বাড়বে, অনেক কিছু হবে। আসলে প্রতিভা বেশি দিন থাকে না, যদি আপনি ওটাকে না ধরে রাখেন। পরিশ্রম দিয়েই প্রতিভা ধরে রাখতে হয়। যত দিন ক্রিকেট খেলব আমি কষ্ট করব, পরিশ্রম করব।
* এই জায়গায় কি কাউকে অনুসরণ করেন?
ইমরুল: আমাদের মুশফিককে দেখে অনেকেরই অনেক কিছু শেখার আছে। একজন পেশাদার ক্রিকেটারের সবকিছু ওর মধ্যে আছে। পরিশ্রমের কথা বললে তাকে অনুসরণ করাই ভালো। বিরাট কোহলিরও অনেক বড় ভক্ত আমি। একটা সময় অস্ট্রেলিয়ায় প্রায় এক মাস কোহলির সঙ্গে অনুশীলন করেছি। ও তখন অনূর্ধ্ব-১৯ দলে খেলে। কোহলির ফিটনেস তখন এত ভালো না। একটু মোটা ছিল। কিন্তু পরিশ্রম দিয়ে দিনে দিনে ও নিজেকে বদলে ফেলেছে। প্রচুর ব্যাটিং করে, ফিটনেস নিয়েও অনেক কাজ করে। ম্যাচের দিন সকালেও কোহলিকে আমি জিম করতে দেখেছি।
* এখন তো আপনার হাতেও অনেক শট। তো কোন শটগুলো নিয়ে বেশি কাজ করেছেন এবং কোন শটগুলো খেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন?
ইমরুল: একটা সময় পুল শট খেলতে পারতাম না। এটিতে অনেক উন্নতি করেছি। সর্বশেষ সিরিজেও অনেক পুল খেলেছি। স্কয়ার কাটও এখন খারাপ খেলি না। আর কাভার ড্রাইভ তো সব সময়ই পছন্দের শট। স্পিনে ডাউন দ্য উইকেটে গিয়ে মারতে পারি। এ রকম পাঁচ-ছয়টা শট আছে যেগুলোয় আমি বেশ উন্নতি করেছি। আগে অনেক শট খেলতে পারলেও মারতাম না। ভয় কাজ করত।
* অনুশীলনে নিশ্চয়ই এগুলো নিয়ে বিশেষভাবে কাজ করেন...
ইমরুল: আমি সপ্তাহ ভাগ করে প্রতিটি শট নিয়ে আলাদা কাজ করেছি। এই সপ্তাহে এটা তো আরেক সপ্তাহে আরেকটা। জাতীয় দলের বাইরে থাকার সময় ফাহিম স্যার (বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার, নাজমুল আবেদীন) আমাকে অনেক সাহায্য করেছেন।
* শটগুলো হাতে আনতে কত দিন সময় লেগেছে?
ইমরুল: আমি যখন ২০১২ সালে দল থেকে বাদ পড়লাম, তখন থেকে কাজ শুরু করি। ফাহিম স্যারকে একদিন বললাম, ‘স্যার, আপনাকে আমার একটু দরকার। ইনডোরে কিছু জিনিস দেখিয়ে দিন।’ ইনডোরে গিয়ে স্যার প্রথমেই বললেন, ‘তোমার হাতে যা শট আছে আমি সেটা খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখি। তোমার সব ঠিক আছে। শুধু মানসিকভাবে শক্ত হও।’ স্যারের ওই কথা আমার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিল। ওই বছরই বিসিএলে ডাবল সেঞ্চুরি করলাম।
* ইমরুল কায়েসকে কি তাহলে এখন পূর্ণাঙ্গ একজন ব্যাটসম্যান বলা যায়?
ইমরুল: (হাসি) ওই যে বললাম...এখন শট খেলতে সাহস পাই। আগে আউট হয়ে যাওয়ার ভয় কাজ করত। যদি দল থেকে বাদ পড়ে যাই! কিন্তু বাদ পড়তে পড়তে এত অভ্যস্ত হয়ে গেছি যে, এখন আর কোনো চাপ লাগে না। দুই-আড়াই বছর দলের বাইরে ছিলাম। এর চেয়ে খারাপ তো কিছু হবে না! জাতীয় দলে প্রায় আট বছর হয়ে গেল। বাদ পড়তেই পারি। তবে এখন থেকে যতটুকু খেলব, নিজের মতো খেলব। টেস্টে আমার দেড় শ রান আছে। কিন্তু কেন আমি ওয়ানডেতেও দেড় শ মারতে পারব না? টেস্টে যদি আড়াই শ বা তিন শ রানের একটা ইনিংস খেলতে না পারি, ক্রিকেটার হিসেবেই তো পরিপূর্ণতা আসে না! সব ক্রিকেটারেরই ওই রকম স্বপ্ন থাকে। আমি এখনো সে জায়গায় যেতে পারিনি। জানি না হবে কি না, তবে যত দিন খেলব, এসব মাইলফলক ধরার চেষ্টা করে যাব।