'আমি চাপের মুখেই ভালো খেলি'
>ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই ট্রিপলে রূপ দিয়ে ক্রিকেট-বিশ্বে আলোচিত চরিত্র এখন করুণ নায়ার। বহুদূরে যাওয়ার স্বপ্ন তাঁর চোখে। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের তরুণ এই ব্যাটসম্যান বলেছেন এই সাফল্যের রহস্য আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে

* এখনো ট্রিপল সেঞ্চুরিতে বুঁদ হয়ে আছেন?
করুণ নায়ার: না, তা নয়। বেশ কয়েক দিন হয়ে গেছে। যা হয়েছে তা নিয়ে ভাবার বেশি সময় আমার নেই। আমি একটি ম্যাচ খেলছি (রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে)। কয়েক দিন পর হয়তো এটা নিয়ে ভাবার কিছু সময় পাব।
* ইনিংসে গতি সঞ্চার করতে পারেন বলে সুনাম আছে আপনার। চেন্নাই টেস্টে পরিকল্পনা কী ছিল?
নায়ার: প্রথম ২০-৩০ রান পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার বিষয়টিই আমার মাথায় কাজ করেছে। আমার কাছে এটাই ছিল চাপের। প্রথম ১০০ পেয়ে যাওয়ার পর আমি বড় স্কোরের কথা ভেবেছি। তখন আমার একমাত্র লক্ষ্য ছিল ইংল্যান্ডের স্কোর পেরিয়ে যাওয়া আর জুটি গড়া। ২০০ রান হয়ে যাওয়ার পর আমাকে খেলার জন্য অল্প কিছু ওভার বেঁধে দেওয়া হয়েছিল। কারণ, শেষ বিকেলে আমরা ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাতে চেয়েছিলাম। বেঁধে দেওয়া সেই ওভার শেষের আগেই আমি ২৮০ করে ফেলি। দল আমাকে ৩০০ রান করার সময় দিয়েছে। আমি বিরাট (কোহলি) ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ।
* প্রথম দুই টেস্ট খারাপ গেছে। এরপর কি ভিন্ন কিছু করেছিলেন?
নায়ার: প্রস্তুতি সেই একই ছিল। প্রথম দুই টেস্টে রান না পেলে আপনি ভাবতে শুরু করবেন আর নিজের ওপর বিশ্বাস হারাবেন। সৌভাগ্যবশত আমি সুস্থির ছিলাম। কারণ, আমি ভালো খেলছিলাম। স্বীকার করছি যে চেন্নাইয়ে ইনিংসটির শুরুতে আমি কিছুটা চাপে ছিলাম। তবে আমি চাপের মুখেই ভালো খেলি। বিরাট আউট হওয়ার পর উইকেটে গিয়েছিলাম আমি। তাই আমি দলের কথাই বেশি ভাবছিলাম।
* মাঠে আপনি বেশ নিরাবেগ। ভালো শুরুকে বড় ইনিংসে পরিণত করতে না পারলে কেমন লাগে আপনার?
নায়ার: শুরুতে রান পেলে সেটা আমাকে বড় ইনিংস খেলতে তাড়িত করে। আমি আবেগটা নিজের মধ্যেই রাখি। যখন আমি একটি সেঞ্চুরি পাই, তখন রান না পাওয়ার সময়ের কথা ভাবি। যাতে আমি নিজেকে বড় একটি ইনিংস খেলতে অনুপ্রাণিত করতে পারি।
* গত বছর ফিটনেস নিয়ে কঠিন পরিশ্রম করেছেন। বিশেষ করে ওজন কমাতে...
নায়ার: এখনো চলছে এটা। যতটা ফিট থাকা সম্ভব আমি এখনো সেখানে যেতে পারিনি। আমি আরও ভালো, আরও ফিট হতে পারি। আমি একটু ভোজনরসিক। তাই যা খেতে আমি পছন্দ করি তা খাওয়া বাদ দেওয়াটা আমার জন্য কঠিন ছিল। আইপিএলের আগে খাদ্যতালিকা থেকে আমি ফলও বাদ দিয়েছি, কারণ তাতে অনেক শর্করা। দুই মাস ধরে আমি শুধু প্রোটিন আর শাকসবজি খেয়েছি।
* বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে পাওয়ায় কেমন লাগছে?
নায়ার: তাঁর মতো একজন অধিনায়ক পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আপনার অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দেবে আর খুব ইতিবাচক থাকবে, তখন দল ঐক্যবদ্ধ হবে। বিরাটের আসল কৃতিত্ব এটাই।
* রাহুল দ্রাবিড় আর অনিল কুম্বলের প্রভাব কতটা?
নায়ার: রাজস্থান রয়্যালসে নাম লেখানো থেকেই রাহুল (দ্রাবিড়) স্যারকে পাশে পাচ্ছি আমি। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে তিনি আমাকে সাহায্য করেছেন আর পরামর্শ দিয়েছেন উইকেটে গিয়ে নিজের খেলাটা খেলতে। অনিল স্যারকে পাওয়াটা দারুণ স্বস্তির। আমি তাঁকে অনেক দিন ধরে চিনি। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি আমাকে বরাবরই বলে গেছেন তুমি পারবে এবং ইনিংসটাকে বড় তোমাকে করতেই হবে। এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।
* ভবিষ্যৎ ভাবনা...
নায়ার: আমি সব সময়ই চেয়েছি ভারতের হয়ে তিন সংস্করণেই খেলতে আর ধারাবাহিকভাবে ভালো করতে। তাই মনে করি, আমি সঠিক পথেই আছি। অন্য সংস্করণগুলোয় খেলার জন্য সুযোগের অপেক্ষায় থাকতে হবে আমাকে। আমার যাত্রা তো সবে শুরু হলো।