'আমি বলিনি ২-০ ব্যবধানে হারাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আরেকটি জয়ের নায়ক সাকিব। ছবি: এএফপি
বাংলাদেশের আরেকটি জয়ের নায়ক সাকিব। ছবি: এএফপি

চন্ডিকা হাথুরুসিংহে আগেই বলেছেন ২-০ ব্যবধানে হারানো সম্ভব অস্ট্রেলিয়াকে। পরে সাকিব আল হাসান কোচের কথারই পুনরাবৃত্তি করেছেন, ‘আমি তো মনে করি সম্ভব। না হওয়ার কারণ দেখি না। প্রত্যাশা আছে দুই টেস্টই জেতা।’

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের মন্তব্যের প্রতিক্রিয়ায় চোখ-মুখে বিস্ময় ফুটিয়ে স্টিভ স্মিথ বলেছিলেন, ‘কিছুটা অবাক তো হচ্ছি।’ প্রসঙ্গটা আজ সাকিবের সংবাদ সম্মেলনে আবারও উঠল।
ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি অলরাউন্ডার এ নিয়ে অবশ্য একটা সংশোধনী দিলেন, ‘আপনারা হয়তো ওকে বলেছেন, সাকিব বলে গেছে দুই টেস্টই জিতবে বাংলাদেশ। আমি বলেছি, দুই টেস্টই জেতা সম্ভব। মিসলিড হলে আসলে সমস্যা হয়ে যায়। কেউ বলতে পারবে না ওদের ২-০ ব্যবধানে হারাব। তবে সম্ভাবনার কথা বলা যায়। আমরাও ওদের হারাতে পারি, ওরা আমাদের হারাতে পারে।’
সাকিবকেও অবশ্য একটা সংশোধনী দেওয়া হলো, এখন আর অস্ট্রেলিয়ার পক্ষে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানো সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ পারবে। সেটি করতে হলে চট্টগ্রামেও যে জয়ের ধারাটা ধরে রাখতে হবে। সাকিব আশা দিচ্ছেন, ‘চেষ্টা তো থাকবে যেন জিততে পারি, সেভাবেই খেলব। না-ও হতে পার, আবার ভালোভাবে জিততে পারি। যেখানে ভালো করেছি, সেটা আরও উন্নত করতে পারি। আর যেখানে খারাপ করেছি, সেটা থেকে যেন শিক্ষা নিতে পারি।’