'আমিও খারাপ ভাষা ব্যবহার করতে পারি': শেবাগ-গম্ভীরকে শোয়েব

করোনাভাইরাসের এই সময়ে শোয়েব আখতার যে কত কথা বলে শিরোনামে এসেছেন, তার বোধ হয় আর হিসেব নেই। নিজের ইউটিউব চ্যানেল তো আছেই, সেখানে প্রতিনিয়তই কিছু না কিছু বলছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার। এবার অবশ্য ইউটিউবে নয়, শোয়েব কথা বলেছেন হ্যালো অ্যাপ নামের একটি অ্যাপে লাইভ চ্যাটে কথা বলে।
শিরোনামে তো আসবেনই, শোয়েব যে খোঁচা মেরেছেন ভারতের সাবেক দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরকে। তাঁর চোখে, দুজন মানুষ হিসেবে ভালো, তবে সাধারণ্যে কথা বলার সময় কী বলছেন সে হুঁশ থাকে না। শোয়েব যেন হুঁশিয়ারিও দিলেন এই বলে যে, চাইলে তিনিও খারাপ ভাষা ব্যবহার করতে পারেন!
খেলোয়াড়ি জীবনে শেবাগ-গম্ভীরের সঙ্গে বেশ ভালোই জমেছে শোয়েবের। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডের ক্যারিয়ারে মাঠের কথার লড়াইও কম হয়নি। তবে খেলা ছাড়ার এত বছর পরও শোয়েব-শেবাগ বা শোয়েব-গম্ভীরের কথার লড়াই থামছে না। সাধারণত পাকিস্তান ক্রিকেটের নানান দিক নিয়ে বিশ্লেষণ ও সমালোচনা করা শোয়েবের ভারত ও ভারতীয়দের সঙ্গে সম্পর্ক দারুণ। তবে শেবাগ ও গম্ভীরকে নিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র বিশ্লেষণ, টিভিতে বা জনসমাগমে কথা বলার ধাঁচ জানেন না সাবেক ভারতীয় দুই ওপেনার।
‘শেবাগ ও গম্ভীর মানুষ হিসেবে ভালো। দারুণ মানুষ। কিন্তু যখন টিভিতে কথা বলতে যায়, ওরা মুখে যা আসে তা-ই বলে দেয়’ – সামাজিক যোগাযোগমাধ্যম হ্যালো অ্যাপে বলছিলেন শোয়েব। নিজেকে তাঁদের চেয়ে আলাদা করতেই কি না, পরে শোয়েব বললেন, ‘খারাপ ভাষা চাইলে আমিও ব্যবহার করতে পারি। ওদের যা ইচ্ছা তা-ই বলতে পারি। কিন্তু আমি তেমন কিছু বলি না। কারণ শিশুরাও এসব অনুষ্ঠান দেখে।’
শেবাগ আর গম্ভীর সেটার কী জবাব দেন, কে জানে!