'আম্পায়ারদেরও তো নিরাপত্তা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

একজন রিয়াজ আহমেদ, বিসিবির আম্পায়ার্স কমিটির সাবেক সদস্য; আরেকজন সয়লাব হোসেন, আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিবির আম্পায়ার্স কমিটির সদস্যসচিব। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে চলমান বিতর্কের জন্য অন্য অনেক কিছুর সঙ্গে সয়লাবেরও দায় দেখেন রিয়াজ। সয়লাব অবশ্য তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগই মানতে রাজি নন।
* অভিযোগ এসেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি পদে থাকার সুবাদে ঘরোয়া ক্রিকেটের কিছু নির্দিষ্ট ক্লাবের ম্যাচে আপনি চিহ্নিত আম্পায়ারদের নিয়োগ দেন। এ ব্যাপারে কী বলবেন?

সয়লাব হোসেন
সয়লাব হোসেন

সয়লাব হোসেন: আমি ২০-২৫ বছর ধরে আম্পায়ার্স কমিটির সঙ্গে সম্পৃক্ত। যাঁরা এই কথাগুলো বলছেন, তাঁরা কি এত দিন আমার সঙ্গে ছিলেন না? আজ হঠাৎ আমি তাঁদের কোন আঁতে ঘা দিলাম?
* ক্লাবগুলোর পক্ষে সিসিডিএম আরও আগেই নয়জন চিহ্নিত আম্পায়ারের একটা তালিকা দিয়েছিল আম্পায়ার্স কমিটিকে। তারপরও তাঁদের ম্যাচ পরিচালনা করতে দেওয়া হয়েছে...
সয়লাব হোসেন: যদি কোনো আম্পায়ারের ব্যাপারে কোনো ক্লাবের অভিযোগ থাকে, সেটা আম্পায়ার্স কমিটির কাছে সরাসরি দিতে হবে।
* বিতর্কিত দুই আম্পায়ার আজিজুল বারী ও শামসুর রহমান দ্বিতীয় বিভাগে একসঙ্গে অন্তত ১৫-১৬টি ম্যাচ পরিচালনা করেছেন। বেশির ভাগ ম্যাচেই খেলেছে নির্দিষ্ট দুটি ক্লাবের কোনো একটি। এটা কীভাবে সম্ভব হলো?
সয়লাব হোসেন: এরা নাকি একসঙ্গে আম্পায়ারিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এ কারণেই হয়তো...।
* আম্পায়াররা নিজেরা সিদ্ধান্ত নিয়ে জুটি বাঁধবেন, এটা কি আম্পায়ার নিয়োগের নীতির মধ্যে পড়ে? নাকি নিয়োগ কমিটির চোখ এড়িয়ে এটা হয়েছে?
সয়লাব হোসেন: অন্যদের মধ্যেও এ রকম জুটি হয়। তবে এত হয় না। হয়তো নিয়োগ কমিটি বিষয়টা অত গভীরভাবে দেখেনি। যাঁদের মধ্যে বোঝাপড়া ভালো, আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করি।
* তাহলে আম্পায়ারদের নিজেদের বোঝাপড়ার ওপরই নির্ভর করে, কারা কোন ম্যাচে দায়িত্ব পালন করবেন?
সয়লাব হোসেন: হ্যাঁ, অনেকটা সে রকমই। কিন্তু এতগুলো ম্যাচ নিয়োগ কমিটির মাধ্যমে হয়েছে, এটা আমার জানার বাইরে।
* বিসিবির সঙ্গে নাকি আপনার বিভিন্ন রকমের ব্যবসা আছে। সেসব ঠিক রাখতেই চিহ্নিত আম্পায়ারদের বেশি বেশি ম্যাচ দিয়ে থাকেন। এই অভিযোগের ব্যাপারে কী বলবেন?
সয়লাব হোসেন: আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিদেশ থেকে পণ্য আমদানি করে সরকারকে কর দিয়ে বৈধভাবে ব্যবসা করি। ব্যবসা করার অধিকার আমার আছে। আর আমি ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত বোর্ডের আম্পায়ার্স কমিটিতে ছিলাম না। এই আম্পায়ারদের কিন্তু আমি বোর্ডে এসেই পেয়েছি। রেজা-ই করিম ভাই আমার প্রথম চেয়ারম্যান ছিলেন। তখন কিন্তু এই জ্যাকি-বাবু (আজিজুল বারী ও শামসুর রহমান) তৈরি হয়নি। ওরা এরপর এসেছে। অভিযোগটা তাই একতরফা হয়ে যাচ্ছে। কারও স্বার্থে গেলে এক রকম, স্বার্থের বাইরে গেলে আরেক রকম।
* বিসিবির সভাপতি বলেছেন, আম্পায়াররা ক্লাব ও বোর্ড পরিচালকদের ভয়ে ভীতসন্ত্রস্ত থাকেন। আম্পায়াররা কি কখনো আপনাকে বলেছেন, তাঁদের এই ভয়ের কথা?
সয়লাব হোসেন: আম্পায়াররা বলবে কী! এটা তো কমবেশি আমরা বুঝতেই পারি। আম্পায়ারদেরও তো নিরাপত্তা নেই। ম্যাচ রেফারি নেই। সব একতরফাভাবে সিসিডিএম নিয়ন্ত্রণ করে। দুজন আম্পায়ারকে আমরা তোপের মুখে ছেড়ে দিই। যে দুজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা নিশ্চয়ই আগামীতে অসুবিধার মধ্যে পড়বে। আগামী ১৫-১৬ মে ঢাকায় ন্যাশনাল আম্পায়ার্স ম্যানেজার্স মিটিং। ১৯ জন বিদেশি অতিথি আসবেন। ওই মিটিংয়েও কি আমাদের জবাবদিহির মধ্যে পড়তে হবে না? বাংলাদেশের ক্রিকেটের যে এই দুরবস্থা, ৪ বলে ৯২ রান করে প্রতিবাদ হয়; এটার কী ব্যাখ্যা আমরা দেব!
* এই পরিস্থিতি তো বাজে আম্পায়ারিংয়ের কারণেই হয়েছে। আপনি কি স্বীকার করেন, প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের আম্পায়ারিং মানসম্মত ছিল না?
সয়লাব হোসেন: এখন যা অবস্থা দাঁড়িয়েছে, যে ব্যাখ্যাগুলো আসছে, তাতে তো দেখা যাচ্ছে, মানসম্মত ছিল না।
* ওই দুই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল। তারপরও তাঁরা বিসিবির চাকরি পেলেন কীভাবে?
সয়লাব হোসেন: আমি কারও নাম উল্লেখ করব না। তবে এখন যাঁরা অভিযোগ করছেন, ওদের বেতনভুক্ত হওয়ার পেছনে তাঁদেরও সুপারিশ ছিল।