'আয়েশি' হওয়া যাবে না, বললেন মাশরাফি

সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের শুরুটা হলো দারুণ। তবে কেবল সাকিব নন, ধারাবাহিক সাফল্যে দলের সবারই অবদান প্রত্যাশা করেন মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বললেন, ‘দলে হয়তো দু-একজন অসাধারণ পারফর্ম করে। তবে জিততে হলে অন্যদের সমর্থনও লাগে। যে রকম গতকাল হয়েছে। ১১ জনকেই চেষ্টা করতে হবে কোনো না কোনোভাবে দলে অবদান রাখতে।’
টেস্টে সফরকারী দলকে ধবলধোলাইয়ের সুখস্মৃতি এখনো টাটকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৮৭ রানে। ফলে আয়েশি ভাব চলে আসতে পারে ক্রিকেটারদের মধ্যে। তবে এ ব্যাপারে মাশরাফি বেশ সতর্ক। বললেন, ‘আয়েশি হওয়ার কোনো সুযোগ নেই। একটা ম্যাচ জিতে আমরা সিরিজ জিতে যাইনি। পাঁচ ম্যাচের আগে সিরিজ জিতে গেলেও যে আমরা আয়েশে গা ভাসাব, সে সুযোগ আমাদের নেই। এই পর্যায়ের ক্রিকেটে এটা হওয়া উচিতও নয়। যারা দলে খেলবে তাদের আয়েশি হওয়ার সুযোগ নেই।’
আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত কিছু হিসাব-নিকাশও থাকে। এ কারণে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচে সিরিয়াস থাকার পরামর্শ দিলেন মাশরাফি, ‘আন্তর্জাতিক ম্যাচে দুটি উইকেট পেলে সেটা আপনার নামের পাশেই যোগ হবে। একটা ফিফটি করলে সেটাও যোগ হয়। এখানে যা-ই করেন না কেন, সেটা ক্যারিয়ারের সঙ্গে যোগ হয়ে যায়। শূন্য রানে ফিরলে গড় কমবে, বোলিং খারাপ করলে স্ট্রাইক রেট বাড়বে। বিশ্বকাপ সামনে, খারাপ করার সুযোগ নেই।’