'আরও ভয়ংকর হয়ে উঠবে মুস্তাফিজ'

ভারতকে প্রথম ওয়ানডেতে হারানোর পর সুদূর যুক্তরাষ্ট্রে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন গোলাম নওশের। যিনি প্রিন্স নামেই বাংলাদেশের ক্রিকেটে বেশি পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেই প্রাথমিক যুগের এক অগ্রসেনানী। তিনি নিজে ছিলেন বাঁহাতি পেসার। ক্রিকেট খেলা দেখতে বসলে আনমনেই তাঁর চোখ খুঁজে ফেরে কোনো বাঁহাতি গতি বোলারকে। স্ট্যাটাসে তিনি শুভকামনা জানালেন মুস্তাফিজুর রহমানের চোখধাঁধানো বোলিং দেখে। অভিষেকেই তাঁর পাঁচ উইকেট শিকারে হারিয়ে গেলেন আত্মার সংশ্লিষ্টতা মেনে। কিন্তু তিনি জানতেন না এই মুস্তাফিজ পরের ম্যাচে দেশকে উপহার দিতে যাচ্ছেন আরও ৬ উইকেট। গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস। পরের স্ট্যাটাসগুলোতে ওই মুস্তাফিজই হলেন উপজীব্য। হবে না-ই বা কেন, একজন বাঁহাতি পেসার হিসেবে তিনি জানেন, দেশের ক্রিকেটের জন্য মুস্তাফিজ নামের এই ছেলেটি কত বড় এক উপহারের নাম।
মুস্তাফিজের এই আলো ঝলমল আবির্ভাবে এই মুহূর্তে গোটা দেশই আনন্দে উদ্বেলিত। কিন্তু গোলাম নওশেরের খুশির মাত্রাটা যেন আরও অনেক বেশি। জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন, খেলা ছাড়ার পর নানাভাবে জড়িয়ে থেকেছেন এর সঙ্গে। হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচকও। মুস্তাফিজের মতো একজন অনন্য প্রতিভাবানের আবির্ভাবে তিনি কি উচ্ছ্বসিত না হয়ে পারেন? বললেন, অনেক দীর্ঘ রেসের ঘোড়া এই মুস্তাফিজ। ঠিকমতো আগলে রাখলে, এই ছেলে ভবিষ্যতে দেশকে আরও বড় গর্ব উপহার দেবে। নওশেরের মতে, দিনে দিনে নাকি মুস্তাফিজ হয়ে উঠবেন আরও বেশি ভয়ংকর।
যুক্তরাষ্ট্রে প্রবাসী আজ আট বছর। নিজের ক্রিকেট সত্তার কারণেই এতদূর থেকেও ঠিকই খোঁজ-খবর রাখেন দেশের ক্রিকেটের। প্রথম আলোর সঙ্গে এক একান্ত আলাপচারিতায় নিজের বিশ্লেষণী বর্ণনায় জানালেন মুস্তাফিজের আদ্যোপান্ত। গোলাম নওশেরের মতে, মুস্তাফিজের কিছু প্রকৃতিপ্রদত্ত গুণাবলি আছে। আর তাঁর শক্তিই হলো এই প্রকৃতিপ্রদত্ত গুণগুলোকে নিজের ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্ক দিয়ে ব্যবহার করা। বোলিংয়ের সঙ্গে মস্তিষ্কের দারুণ সমন্বয়ের কারণেই বল হাতে এতটা ভয়ংকর হয়ে উঠেছেন সাতক্ষীরার এই উনিশ বছর বয়সী তরুণ।
গোলাম নওশের মুস্তাফিজের মূল বিষয়টা বর্ণনা করেন ঠিক এইভাবে, ‘এই ছেলেটির একেকটা বল একেক রকম। বাঁহাতি পেসার হওয়ার কারণে সে খুব সহজেই ডান হাতি ব্যাটসম্যানের অফস্টাম্পের বাইরে বল বের করে নিয়ে যেতে পারে। কিন্তু ওর গুণটা হলো, সে এই বলগুলো একেকটি করে একেক গতিতে। ছয়টা বল ছয় রকম হলে তা যেকোনো ব্যাটসম্যানের জন্যই খেলা কঠিন হয়ে পড়ে।’
নওশের বলেন, যেকোনো ব্যাটসম্যানের জন্যই ‘ব্ল্যাংক স্পট’ বলে একটা জায়গা আছে। অর্থাৎ, বোলার হাত থেকে বল ছাড়ার পর ব্যাট চালানোর আগে একটা নির্দিষ্ট সময় দৃষ্টিটা একটু এলোমেলো থাকে। ওটার একটা নির্দিষ্ট জায়গা আছে। মুস্তাফিজ সেই ‘ব্ল্যাংক স্পট’ ব্যবহার করেই ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়েছে দুটো ওয়ানডেতে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘প্রথম ওয়ানডেতে সে সুরেশ রায়নার ব্ল্যাংক স্পট ব্যবহার করেছে গতি ব্যবহার করে। আর দ্বিতীয় ওয়ানডেতে সে মহেন্দ্র সিং ধোনির ব্ল্যাংক স্পটে স্লোয়ার ফেলেই তুলে নিয়েছে তাঁর উইকেটটি। ব্ল্যাংক স্পট ব্যবহার করার জন্যই ওর ওভারগুলোতে ডট বলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।’
মুস্তাফিজ কীভাবে নিজেকে আরও ভয়ংকর করে তুলতে পারেন সে পরামর্শও দিয়েছেন তিনি, ‘মুস্তাফিজ প্রাকৃতিকভাবেই ব্যাটসম্যানের বাইরে বল নিয়ে যেতে পারে। তাকে এখন ভেতরে বল নিয়ে আসার ব্যাপারটিও খুব ভালোভাবে প্রয়োগ করতে হবে। আমি নিশ্চিত অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে সে অনেক বেশি কার্যকর হয়ে উঠবে।’
মুস্তাফিজের কাটারগুলোকে মারণাস্ত্রই মনে করেন বাংলাদেশের সাবেক এই পেসার। আর মারণাস্ত্রের নিখুঁত ব্যবহারই মুস্তাফিজকে এতটা ভয়ংকর করে তুলেছে বলে পর্যবেক্ষণ তাঁর, ‘ওর কাটারগুলো “ডেডলি”। অফ কাটার, লেগ কাটার কী নেই ওর ঝুলিতে! সেই সঙ্গে যদি নিখুঁত লাইন ও লেংথ চলে আসে, তাহলে ওই বোলারকে নিয়ে ভাববে বিশ্বের সেরা ব্যাটসম্যানও।’
প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিঃসন্দেহে মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটের আতশ কাচের নিচে নিয়ে আসবে। ব্যাপারটাকে খুবই স্বাভাবিকই মনে করেন গোলাম নওশের। তিনি বলেছেন, ‘মুস্তাফিজের আসল পরীক্ষাটা শুরু হবে এখনই। আমি নিশ্চিত মুস্তাফিজ নিজেও সেটা খুব ভালো করে জানে। আমার খুব ভালো লাগছে এই ভেবে যে এই পরীক্ষার সময়ই সে পাশে পাচ্ছে হিথ স্ট্রিকের মতো একজন গুরুকে। আমি নিশ্চিত এই সময় স্ট্রিকের হাতে থাকলে নিজেকে আরও বেশি পরিশীলিত করে তুলতে পারবে।’
আলাপচারিতার একেবারে শেষের দিকে এসে কিছুটা আবেগপ্রবণই হয়ে উঠলেন গোলাম নওশের। এই আবেগের জায়গাটা বরাদ্দ বাংলাদেশের ক্রিকেটে তাঁর উত্তরসূরিদের জন্যই,‘১৯৮৬ সালে দেশের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে নতুন বল হাতে নিয়েছিলাম। আজ ২৯ বছর পর মুস্তাফিজরা সেই কাজটি করছে। আমরা শুরু করেছিলাম। আজ মুশফিক-মাশরাফি-সাকিবরা দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার জন্য যে কী আনন্দের, সেটা বলে বোঝাতে পারব না। একটা সময় আমাদের ক্রিকেটের খুব খারাপ সময় গেছে। কিন্তু আমার বিশ্বাস ছিল, আমরা পারব। আজ আমরা পেরেছি। এই অনুভূতি সত্যিই অপার্থিব।’