'আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মপ্রত্যয়ী সোহাগ। ফাইল ছবি
আত্মপ্রত্যয়ী সোহাগ। ফাইল ছবি

আইসিসির চোখে তাঁর বোলিং অ্যাকশন অবৈধই। আন্তর্জাতিক ক্রিকেটেই তাঁর বোলিং তাই নিষিদ্ধ করা হয়েছে। অ্যাকশন শুধরে ফেরার কঠিনতম মিশন শুরু করবেন সোহাগ গাজী। এমন কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাসে চিঁড় ধরেনি তাঁর। বরং, এই অগ্নিপরীক্ষার মধ্যেও আশার আলোই দেখছেন তিনি। ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন’—নিজের কঠিন সময়ে চিরন্তন এই আপ্তবাক্যে অগাধ বিশ্বাস তাঁর। 
বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোহাগ বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা অন্য রকম। এই কঠিন সময়ের পর নিশ্চয়ই আমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আমি আত্মবিশ্বাসী, আমি ফিরবই। আবার আন্তর্জাতিক ক্রিকেটে বল করব, খেলব আগামী বিশ্বকাপ।’
কার্ডিফে পরীক্ষা করতে যাওয়ার আগেও আত্মবিশ্বাসী ছিলেন। ওই পরীক্ষার মন ভেঙে দেওয়ার প্রতিবেদন পাওয়ার পরেও তাঁর কণ্ঠে একই ধরনের আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের রহস্যটা কী? একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের অনন্য রেকর্ড যাঁর অধিকারে সেই সোহাগ বললেন, ‘আত্মবিশ্বাস না থাকলে ক্রিকেটই তো খেলতে পারতাম না। আত্মবিশ্বাস আমার তখনো ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমার কাছে মনে হয় না আমার এ সমস্যা থেকে বেরিয়ে আসতে খুব বেশি সময় লাগবে।’
ফিরে আসার ক্ষেত্রে আত্মবিশ্বাসী এ কারণেই, পুরো বিষয়টি নির্ভর করছে তাঁরই ওপর, ‘আমি জানি, ফেরার ব্যাপারটি একেবারেই আমার হাতে। ফেরার ব্যাপারটি নির্ভর করবে আমি কতটা কষ্ট করতে পারব তার ওপর। যত বেশি পরিশ্রম করব ফিরেও আসব তত তাড়াতাড়ি। আমার মনে হয়, আমার খুব বেশি সময় লাগবে না।’
নিজের অ্যাকশন শোধরানোর টেকনিক্যাল দিকগুলো বিসিবির হাতেই ছেড়ে দিতে চান, ‘আমি ফেরার চেষ্টা চলাব। বিসিবি আমাকে যে সাহায্য করবে, আমি সেটাই নিতে রাজি আছি। রাজ্জাক ভাইয়ের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের সঙ্গেও কাজ করতে পারি। আমার কোনো সমস্যা নেই। আমি পুরো বিষয়টিই বিসিবির হাতে ছেড়ে দিতে চাই।’
আর মাত্র চার মাস পর বিশ্বকাপ। কোথায় বিশ্বকাপ খেলার প্রস্তুতি নেবেন, অনুশীলন চালিয়ে যাবেন, তা না, তাঁর গোটা ক্যারিয়ারটাই পড়ে গেল হুমকির মুখে। সোহাগ কিন্তু বিশ্বকাপ খেলার আশা হারাচ্ছেন না এখনো, ‘বিশ্বকাপটা খেলতে পারলে তো খুব ভালো হয়। বলতে পারেন, বিশ্বকাপকে লক্ষ্য ধরেই কাজ করব।’