'আসল ক্রিকেটে' আগ্রহ নেই শাস্ত্রীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়ডরহীন ক্রিকেটেই ভরসা খুঁজছেন শাস্ত্রী। ফাইল ছবি
ভয়ডরহীন ক্রিকেটেই ভরসা খুঁজছেন শাস্ত্রী। ফাইল ছবি

সুনীল গাভাস্কার যতই ‘আসল ক্রিকেট’ শেখার কথা বলুন না কেন, ভারতীয় দল হাঁটছে তাদের নিজেদের পথেই। ‘ভয়ডরহীন’ ক্রিকেট বলে একটা ধারণার উদ্ভাবন হয়েছে ভারতীয় শিবিরে। রবি শাস্ত্রীর পছন্দ সেই ক্রিকেটই। গল টেস্টে হারের পরও পিছু হটতে নারাজ ভারতীয় ক্রিকেট দলের পরিচালক। তিনি বলেছেন, কলম্বোতেও তাদের লক্ষ্য ওই ‘ভয়ডরহীন’ ক্রিকেটই।
রবি শাস্ত্রী বা ভারতীয় দলের ‘ভয়ডরহীন’ ক্রিকেটের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি গল টেস্টের চতুর্থ দিনে। বরং উল্টো রঙ্গনা হেরাথের ভয়ে কুঁকড়ে গিয়েছিল ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। মাত্র ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে কোহলি-ধাওয়ানরা গুটিয়ে যায় ১১২ রানেই। সুনীল গাভাস্কারের তো সোজা-সাপটাই গলের হারকে ভারতীয় দলের অসহায় আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছিলেন। গাভাস্কার ভারতীয় দলকে পরামর্শ দিয়েছিলেন গালভরা বুলি কম আউড়ে সত্যিকারের ক্রিকেট রপ্ত করতে। ভারতীয় দল পরিবেশ-প্রতিপক্ষ ও পরিস্থিতি বিশ্লেষণ করে খেলতে অপারগ বলে অভিযোগের তিন ছুড়েছিলেন সাবেক এই অধিনায়ক।
রবি শাস্ত্রী অবশ্য গাভাস্কারের অভিযোগগুলো মানতে নারাজ। তাঁর মতে, গলে ভারত নাকি অযথা অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছিল। তিনি আশা করেন, একটি ভালো জয়েই ঘুরে দাঁড়াবে গোটা দল, ‘অবশ্যই আমরা আমাদের খেলার ধরন বদলাব না। গল টেস্টে যেভাবে খেলেছিলাম, কলম্বোতে ঠিক সেভাবেই খেলব। গলে আমরা কেবল একটিই ভুল করেছিলাম। সেট হচ্ছে খেলার শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারিনি।’
শাস্ত্রী এই হারে তাঁর খেলোয়াড়দের কোনো দোষ দেখছেন না। তিনি চান তারা পরের টেস্টেও আগ্রাসী ক্রিকেটই খেলুক। তাঁর ধারণা, আগ্রাসী ক্রিকেটই কেবল বদলে দিতে পারে গোটা দলকে, ‘তাঁদের মানসিকতায় কোনো সমস্যা ছিল না। তাঁদের উদ্দেশ্যই ছিল ভয়ডরহীন ক্রিকেট খেলা। তাঁদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে ম্যাচ শেষে নিজেদের বিভিন্ন শট নিয়ে নিশ্চয় তাঁদের মাঝে হতাশা কাজ করেছে।’
বৃহস্পতিবারে পি সারা ওভালে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। গত ২২ বছরে শ্রীলঙ্কায় সিরিজ জিতে ফেরেনি ভারত। ইতিহাস বদলাতে চাইলে যেকোনো মূল্যেই দ্বিতীয় টেস্ট জিততে হবে তাঁদের। দেখা যাক ‘ভয়ডরহীন’ ক্রিকেট ভারতের ভাগ্য বদলাতে পারে কি না। সূত্র: এনডিটিভি অনলাইন।