'আসলে সুনাম ক্ষুণ্ন করল কারা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

একজন রিয়াজ আহমেদ, বিসিবির আম্পায়ার্স কমিটির সাবেক সদস্য; আরেকজন সয়লাব হোসেন, আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিবির আম্পায়ার্স কমিটির সদস্যসচিব। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে চলমান বিতর্কের জন্য অন্য অনেক কিছুর সঙ্গে সয়লাবেরও দায় দেখেন রিয়াজ। সয়লাব অবশ্য তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগই মানতে রাজি নন।

রিয়াজ আহমেদ
রিয়াজ আহমেদ

* ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে চলমান বিতর্ককে আপনি কীভাবে দেখেন?
রিয়াজ আহমেদ: অতীতেও হয়তো এ রকম ঘটনা দু-একটা ঘটেছে। কিন্তু তিন-চার বছর ধরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও প্রিমিয়ার লিগে ঢালাওভাবে পক্ষপাতমূলক আম্পায়ারিং হচ্ছে। কিছু দলকে সুবিধা দিয়ে তিন বছরের মধ্যে ওই দলগুলো বাছাইপর্ব থেকে আজ প্রথম বিভাগে। এই দলগুলোকে নিয়েই অভিযোগ। এদের ওপরে ওঠানোর জন্য কিছু চিহ্নিত আম্পায়ার কাজ করেছেন। তবে আইসিসির প্যানেল আম্পায়ার বা এলিট প্যানেলের আম্পায়াররা এসব করছেন না। দোষটা যেমন আম্পায়ারদের, একই সঙ্গে আম্পায়ার্স কমিটির, আম্পায়ারদের অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তারও।
* আম্পায়াররা কি অদক্ষ? নাকি চাপের কাছে নতি স্বীকার করছেন?
রিয়াজ আহমেদ: কোনো আম্পায়ারই অদক্ষ নন। এটা নির্ভর করে আপনি কীভাবে তাঁদের দিয়ে পক্ষপাতমূলক কাজ করিয়ে নিচ্ছেন, তার ওপর। বোর্ডের কোনো কর্মকর্তার মাধ্যমে, আম্পায়ারদের কমিটির মাধ্যমে এমনকি আম্পায়ারদের সংগঠনের মাধ্যমেও এসব হচ্ছে। গত দুই বছরের পুরস্কার হিসেবে ওই চিহ্নিত আম্পায়ারদের বিসিবিতে চাকরিও দেওয়া হয়েছে। তাঁদের চেয়ে ভালো আম্পায়ারদের যা দেওয়া হয়নি। বোর্ড বলছে, ওই দুই ক্রিকেটার দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করেছে। আসলে সুনাম ক্ষুণ্ন করল কারা? খেলোয়াড়, ক্লাব না আম্পায়াররা? এটা ক্রিকেট বোর্ডের বোঝা উচিত।
* আপনি তো একসময় আম্পায়ার্স কমিটিতে ছিলেন? ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোতে আম্পায়ার ঠিক হয় কীভাবে?
রিয়াজ আহমেদ: আম্পায়ার্স কমিটির অধীনে আম্পায়ার অ্যালটমেন্ট কমিটি আছে। তাদের দায়িত্ব ম্যাচের আম্পায়ার, স্কোরার, ম্যাচ রেফারি ঠিক করা। কিন্তু এখন এতে কোনো সমন্বয় নেই। আম্পায়ার অ্যালটমেন্ট কমিটিতে আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সয়লাব হোসেন আছেন। তিনি ক্রিকেটার ছিলেন, আম্পায়ার ছিলেন, অনেক আগে থেকে অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত। ওনার নামে অনেক ধরনের অভিযোগ আছে। যখন আম্পায়ার্স কমিটির মেম্বার সেক্রেটারি ছিলেন, তখন তিনি ক্রিকেট বোর্ডে বল সরবরাহ করতেন। কোনো আম্পায়ার বল নিয়ে খারাপ রিপোর্ট দিলে তাঁর আম্পায়ারিং বন্ধ করে দিতেন। এখনো উনি ক্রিকেট বোর্ডের ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর অতি উৎসাহ এবং নিজের ব্যবসা ঠিক রাখার জন্যই এসব কর্মকাণ্ড। তাঁকে যখন বিভিন্ন ক্লাব থেকে ফোন করে জিজ্ঞেস করা হয়, ‘এই অ্যালটমেন্টটা কেন দিলেন’, তখন বলেন, ‘ওপর থেকে নির্দেশ আছে।’ কিন্তু ওপরটা কে, সেটা বলেন না।
* এসবের সঙ্গে টাকাপয়সার কোনো লেনদেন আছে বলে মনে করেন?
রিয়াজ আহমেদ: সেটা আমি জানি না। তবে আরেকটা ব্যাপার হলো বোর্ডের নির্বাচন। কাউন্সিলর পদের জন্যই এসব ঘটনা। বোর্ডের শীর্ষ পর্যায়ের লোকজন আগেই ঠিক করে নিয়েছেন, কিছু লোককে কাউন্সিলর বানাতে হবে। এটা করতে গিয়েই হযবরল অবস্থা। তাঁদের উদ্দেশ্য দ্বিতীয় বিভাগ পর্যন্ত হাসিল। তৃতীয় বিভাগ এখনো বাকি। দেখা যাক, কী হয়!
* আম্পায়ারিং নিয়ে কয়েক বছর ধরেই এত আলোচনা, অথচ এসব নিয়ে নাকি কোনো ক্লাব বোর্ডে অভিযোগ করেনি...
রিয়াজ আহমেদ: আমি অনেক ক্লাবের সঙ্গে কথা বলেছি। তাদের কথা হলো অভিযোগ করতে গেছেন, কিন্তু অভিযোগ নেয়নি। বলে, সময় শেষ। তবে ক্লাবগুলো অধিনায়কের রিপোর্টে আম্পায়ারদের ‘চোর’ পর্যন্ত লিখেছে। আবার অনেকে রাগে-দুঃখে কিছু লেখেনি। আমার জানামতে, দুই আম্পায়ার শামসুর রহমান জ্যাকি ও আজিজুল বারী বাবু একসঙ্গে ১৩–১৪টি ম্যাচ পরিচালনা করেছেন। আলাদা কিছু ম্যাচসহ দুজন ১৭টির মতো ম্যাচ করেছেন। এই ১৭ ম্যাচে তাঁরা ৫৩টি এলবিডব্লু ও ৪২টি কট বিহাইন্ড দিয়েছেন। বেশির ভাগ ম্যাচে ভুক্তভোগী দল ১০০ রানের আশপাশে অলআউট। এক ম্যাচে তো এক বোলার ৯ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৩৪ রানে অলআউট করে দিয়েছে! ওই ম্যাচটা সবার আগে তদন্ত হওয়া উচিত।