'আসল' দক্ষিণ আফ্রিকার দেখা পেল শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার প্রায় ‘দ্বিতীয় একাদশ’কে হারিয়ে দিয়ে ওয়ানডের জন্য আত্মবিশ্বাস খুঁজেছে শ্রীলঙ্কা। আত্মবিশ্বাস যদি পেয়েও থাকে, সেটা উবে গেল খুব দ্রুত। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে আজ যখন ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা, ইনিংসের বাকি ৯৪ বল!
ভাগ্যিস, এবি ডি ভিলিয়ার্স ব্যাটিং করতে নেমেছিলেন। না হলে এ ম্যাচ নিয়ে লেখার কিছু খুঁজে পাওয়াটা কঠিন হতো। শেষ দিকে ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়েই প্রায় ঘুম ধরিয়ে দেওয়া ম্যাচে প্রাণ ফিরে এল। ম্যাচের ভাগ্য তো লেখা হয়ে গেছে প্রথম ইনিংসের পরই। ৪৮.৩ ওভারের ১৮১ রানে যখন অলআউট হলো শ্রীলঙ্কা।
তারপরও শ্রীলঙ্কা জয়ের আশা করতে পারত। দক্ষিণ আফ্রিকার পিচে পেসারদের ভালো দুই একটা স্পেলে ১৮১ রানকে বড় পুঁজি বানিয়ে ফেলা যায়। কিন্তু উদ্বোধনী জুটিতে ৭১ রান তুলে কুইন্টন ডি কক ও হাশিম আমলা লঙ্কানদের সে আশাও শেষ করে দিলেন। দ্বিতীয় উইকেটে এল ৬০ রান। আসেলা গুনারত্নের প্রথম ওভারে আমলা (৫৭) ফিরলেও তাই আর কোনো সমস্যা হয়নি স্বাগতিক দলের। বরং দর্শকদের সুযোগ হলো আবারও ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখার।
টি-টোয়েন্টি সিরিজেও ডি ভিলিয়ার্সকে দেখার সুযোগ মিলেছিল। ফেরার ম্যাচে ফিফটি পেয়েছেন ওয়ানডে অধিনায়ক। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় ম্যাচ হারায় প্রত্যাবর্তনটা ঠিক জমেনি সেদিন। আজ আর তেমন কিছু করার সুযোগ পেল না শ্রীলঙ্কা। লক্ষ্যটা ছোট হওয়ায় খুব বড় কোনো ইনিংস খেলতে পারেননি। কিন্তু উইকেটে নেমে যতক্ষণ ছিলেন তাতেই মনে হচ্ছিল ফর্মের তুঙ্গে থাকা এবিই বোধ হয় ব্যাটিং করছেন। ফাফ ডু প্লেসিকে (৫৫*) জয় নিয়ে ফেরার আগে ২৭ বলে করেছেন ৩০ রান। তাঁর ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। ওয়েইন পারনেলের শুরুর ধাক্কা ও ইমরান তাহিরের মিডল অর্ডার ধসিয়ে দেওয়া এক স্পেলের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা শ্রীলঙ্কা ইনিংস শেষ হয়েছে ১৮১তে। তিনে নামা কুশল মেন্ডিসই (৬২) যা একটু লড়াই করেছিলেন।