'ইংল্যান্ড যেন অস্ট্রেলিয়া!'
যে প্রতাপ দেখিয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, সেই দলটিরই ছায়া যেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, এউইন মরগানের এই ইংল্যান্ড যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম ম্যাচের অধিনায়ক দ্য টেলিগ্রাফ-এ লিখেছেন, ‘ইংল্যান্ড দক্ষতার সঙ্গে খেলছে। কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়ন করছে। প্রতিপক্ষকে চেপে ধরেছে। এমনটা দেখাও খুবই আনন্দের।’
সেমিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে জমজমাট লড়াইয়ের আভাস থাকলেও শেষ দিকে ম্যাচটিকে একপেশে বানিয়ে ফেলে ইংল্যান্ড। এমন দাপুটে ইংল্যান্ডকে আগে কখনো দেখেননি ভন, ‘১৯৯২ বিশ্বকাপ থেকে আমি ইংল্যান্ডের খেলা দেখে আসছি। বড় ম্যাচে কখনোই ইংল্যান্ডকে এতটা ভালো খেলতে দেখিনি।’ এরপরই ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা টেনেছেন, ‘যেভাবে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে, তাতে সেরা সময়ের অস্ট্রেলিয়া দলের কথা মনে পড়ছে। ইংল্যান্ডের এই পরিবর্তনটা যে এক ম্যাচের জন্য নয়, দলের সামনে এখন সেটিই প্রমাণ করার চ্যালেঞ্জ।’ দ্য টেলিগ্রাফ।