'ইতিহাস' থেকে দূরেই ওয়েস্ট ইন্ডিজ

ইতিহাস গড়তে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৪৪ রানের। পি সারা ওভালের শেষ দিনে এই সংখ্যাটি ছুঁয়ে ফেললে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের আনন্দে ভাসতে পারত তারা। কিন্তু ‘ইতিহাস’ থেকে ৭২ রান দূরেই থেমে যেতে হলো ক্যারিবীয়দের।
হাতে দুই দিন থাকায় ক্যারিবীয়দের ২৪৪ রানের লক্ষ্যটা নাগালের মধ্যেই মনে হচ্ছিল। কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ দিন কোনো খেলাই হয়নি। তৃতীয় দিন শেষ বিকেলে স্কোর বোর্ডে ১ উইকেটে ২০ রান তুলে রাখা ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই অল আউট ১৭১ রানেই। ড্যারেন ব্রাভোর ৬৫ আর শাই হোপের ৩৫ ছাড়া বলার মতো আর কোনো স্কোরই নেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে।
রঙ্গনা হেরাথ আর মিলিন্দা সিরিবর্ধনের হাতেই মূলত সর্বনাশটা হয়েছে ক্যারিবীয়দের। এই দুজন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৭টি উইকেট। হেরাথ ৫৬ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। সিরিবর্ধনা ৩ উইকেট নিয়েছেন মাত্র ২৫ রানের খরচায়।
ওয়েস্ট ইন্ডিজ ভুগেছে ব্যাটিংয়ে বড় কোনো জুটি না হওয়ায়। পুরো সিরিজেই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ৫০ রানের জুটি করেছেন মাত্র একবার। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় উইকেটে ব্রাভো আর হোপের সেই ৬০ রানের জুটিটিই ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জাগিয়েছিল কিছুটা সময়ের জন্য। কিন্তু দলের ৮০ রানে জুটিটি ভেঙে যাওয়ার পর পুরো ইনিংসই ধসে গেল তাসের ঘরের মতো। দশম উইকেট জুটিতে ৩৩ রান তুলে কেমার রোচ আর জোমেল ওয়ারিকেন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের লজ্জা দিয়েছেন যথেষ্টই। সূত্র: টেন ক্রিকেট।