'ঈদ বোনাসে'র অপেক্ষায় লন্ডনের বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সমর্থকেরা আজ ওভালে এসেছেন ঈদ উপহার পেতে। ছবি: আইসিসি
বাংলাদেশের সমর্থকেরা আজ ওভালে এসেছেন ঈদ উপহার পেতে। ছবি: আইসিসি

আগের রাতেও লন্ডনের পাতাল পথ থেকে ভেসে এসেছে স্প্যানিশ সুরে ‘ওলে ওলে...’ ধ্বনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রাতে শহরের পাব আর বারগুলো থেকে খেলা দেখে ফেরা মানুষের সেই ‘ওলে ওলে’ ছিল লিভারপুলের জয়ের আনন্দে।

রাত পোহাতেই ‘ওলে ওলে’র জায়গায় চিরচেনা এক বাংলা স্লোগান, ‘জিতবে কে? বাংলাদেশ, বাংলাদেশ!’

কেনিংটনের দ্য ওভাল আজ পরিণত হয়েছে এক খণ্ড বাংলাদেশে। পাতাল রেল পথের ওভাল স্টেশন থেকে বের হওয়া জনস্রোতেও কেবল লাল-সবুজ। টাওয়ার হিল থেকে মনুমেন্ট হয়ে ওভালে আসার পথে ট্রেন খুঁজতে ম্যাপ দেখার প্রয়োজন পড়েনি। যেদিকে লাল সবুজের মিছিল সেদিকেই তো ওভাল!

ট্রেনে বাংলাদেশের জার্সি পরা দুই তরুণের কথোপকথন কানে এল-

প্রথম তরুণ: আজ তো স্টেশন থেকে বের হওয়ার সময়ও অনেক লম্বা লাইন হবে। এরপর আবার মাঠে ঢোকার লাইন।
দ্বিতীয় তরুণ: অসুবিধা নেই। ২৪ হাজার দর্শকের মধ্যে আমরাই তো ১৭ হাজার!

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ওভাল মাঠে ঢুকেও তাই দেখা গেল। প্রায় পুরো গ্যালারিতেই লাল আর সবুজের সমারোহ। এবারের বিশ্বকাপের জার্সি তো আছেই, কেউ পরে এসেছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির জার্সি। কারও গায়ে আরও পুরোনো কোনো লাল-সবুজের স্মারক।

ট্রেনে পাশাপাশি বসেছিলেন দুই মধ্যবয়স্ক বাংলাদেশি ভদ্র মহিলা। একজন পোশাকের ওপর চড়িয়ে নিয়েছেন বাংলাদেশ দলের জার্সি। আরেকজনের বোরকাই সবুজ। পরিবারের সঙ্গে বাংলাদেশ দলের খেলা দেখতে মাঠে যাচ্ছিলেন। তবে তাদের আলোচনা খেলা নিয়ে নয়। আর একদিন বাদেই ইংল্যান্ডে ঈদ। দুই ভদ্রমহিলার আলোচনার বিষয়বস্তুও ছিল ঈদের পোশাক।

প্রথম ভদ্র মহিলা: এবার তো কিছুই কিনলাম না। একটা ড্রেসই কিনলাম কাল।
দ্বিতীয় ভদ্র মহিলা: আমি এখনো কিনি না। ননদ একটা শাড়ি পাঠিয়েছে। দেখি কিছু কিনব।

ঈদ আর বাংলাদেশের খেলা একসঙ্গে পড়ে যাওয়ায় ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধা দুটোই হয়েছে। যারা চাকরি করেন, তারা এই দুই উপলক্ষে একসঙ্গে ছুটি নিয়ে নিয়েছেন। তবে যারা ব্যবসা করেন, তারা পড়েছেন সমস্যায়। কর্মচারীদের ছুটি দিয়ে দোকান বা রেস্টুরেন্টে বসার চিন্তা করছেন নিজেরাই। খেলা দেখার ইচ্ছা থাকলেও তাদের অনেকে হয়তো সে সময়টা পাবেন না।

তবে যারা আজ ওভালে এলেন, তারা মন ভরেই উপভোগ করেছেন বাংলাদেশের খেলা। বিশেষ করে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের জুটিটা তো বাংলাদেশের ইনিংসের সময়ই জয়ের স্বপ্ন এঁকে দিচ্ছিল অনেকের চোখে। শুধু প্রবাসী বাংলাদেশিরা কেন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ২০১৯ বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিক বিনোদ মামচান বাংলাদেশের ইনিংসের ৩০-৩২ ওভারের দিকে ভবিষ্যদ্বাণী করে দিলেন, ‘বিশ্বকাপে তো খুব ভালো শুরু করল বাংলাদেশ। আজ তোমরাই জিততে যাচ্ছ।’

ওভালের গ্যালারিটাকে লাল-সবুজ বন্যায় ভাসানো প্রায় ১৭ হাজার বাংলাদেশিও সেই প্রতীক্ষায়। প্রবাসে তাদের ঈদ-উৎসব রঙিন হবে অন্যরকম এক ‘বোনাস’ দিয়ে। সাকিব-মুশফিকদের হাত ধরে আসা জয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করবে বাংলাদেশ।