'ঈদের' অপেক্ষায় তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ফ্লাইটে ওঠার কথা একসঙ্গে। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষাও দুজনে দেবেন একই দিনে, ৮ সেপ্টেম্বর। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরই এল একটা দুঃসংবাদ। আরাফাত সানির বাবা আবদুর রহিম কাল চলে গেছেন না-ফেরার দেশে। বাবা হারানোর শোক বুকে চেপে বাঁহাতি এই স্পিনার কি পারবেন তাসকিন আহমেদের সঙ্গে ব্রিসবেনের ফ্লাইট ধরতে?
সানির প্রতি পূর্ণ সহানুভূতি আছে জাতীয় দল সতীর্থ তাসকিনের। সান্ত্বনা দিতে কাল ফোনে কথা বলারও চেষ্টা করেছেন। তবে এই পেসারের বিশ্বাস, ৬ সেপ্টেম্বর ব্রিসবেনের ফ্লাইটে পাবেন ‘সানি ভাই’কে, ‘আমি মনে করি ওনার যাওয়া উচিত। জীবন তো থেমে থাকে না। আর এখনো অনেক সময় আছে হাতে। সানি ভাই তত দিনে শোক কিছুটা হলেও কাটিয়ে উঠবেন আশা করি।’
তাসকিন-সানির জন্য বোলিং অ্যাকশনের এই পরীক্ষা বহুল প্রতীক্ষিত। ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘চাকিং’য়ের অভিযোগ ওঠে বাংলাদেশ দলের দুই বোলারের বিরুদ্ধে। চেন্নাইয়ের পরীক্ষায় তাঁরা অনুত্তীর্ণও হন। পুনর্বাসনপ্রক্রিয়া শেষে অবশেষে এসেছে অ্যাকশন শুদ্ধ প্রমাণ করে আইসিসির ছাড়পত্র নেওয়ার কাঙ্ক্ষিত সময়। তাসকিনের ভাষায়, ‘ম্যাট্রিক পরীক্ষার আগে সবারই একটা প্রস্তুতি থাকে। এরপর যেদিন শুনবেন যে ১০ তারিখ থেকে পরীক্ষা, তখন কিছুটা নির্ভার লাগে। পরীক্ষার তারিখ ঠিক হওয়ায় আমারও খুব ভালো লাগছে। আশা করছি পরীক্ষা ভালো হবে।’
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নেওয়া দেশীয় পরীক্ষায় ত্রুটিমুক্ত মনে হয়েছে সানি-তাসকিনের অ্যাকশন। তাঁরা দুজনও আশাবাদী, এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। মিরপুরে কাল তাসকিন বলছিলেন, ‘আমাদের দেশের বিশেষজ্ঞরা সন্তুষ্ট। এমনকি আমিও সন্তুষ্ট। সবাই মানসিকভাবে সমর্থন দিচ্ছে। আমিও কঠোর অনুশীলন করেছি। বাকি সব আল্লাহর ইচ্ছে।’ অ্যাকশন শোধরানোর লড়াইয়ে যাঁরা তাঁকে সাহায্য করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁদের প্রতিও, ‘মাহবুব আলী জাকি (বিসিবির পেস বোলিং কোচ) স্যার অনেক সাহায্য করেছেন। উনি আমাকে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে দেখছেন। জাতীয় দলের কোচ হাথুরুসিংহেও সাহায্য করছেন।’
বোলিং অ্যাকশনের সঙ্গে লড়াইটা নতুন। নইলে ক্যারিয়ারের শুরু থেকে চোটের সঙ্গে একটা লড়াই তো তাঁর চলছেই। যে কারণে অভিষেকের দুই বছরের মধ্যে ১৪টি ওয়ানডে খেললেও তাসকিনের এখনো টেস্ট খেলার সৌভাগ্য হয়নি। সাড়ে তিন বছর ধরে খেলছেন না প্রথম শ্রেণির ক্রিকেটও। কাল অবশ্য জানালেন, বোলিং নিষেধাজ্ঞা উঠে গেলে সব সংস্করণের ক্রিকেটেই খেলার জন্য প্রস্তুত করতে চেষ্টা করবেন নিজেকে।
তবে সবার আগে নামের পাশ থেকে ওঠাতে হবে ওই ‘নিষিদ্ধ’ শব্দটা। তাসকিনের কাছে সেটির আনন্দ নাকি ঈদের আনন্দের চেয়ে কম নয়, ‘নিষিদ্ধ শব্দটি আসার পর থেকে প্রতিটি দিনই একটু অন্য রকম ছিল। শব্দটি উঠে গেলে প্রতিটি দিনকেই ঈদের দিন বলে মনে হবে।’