'উইন্ডিজের কপালে দুঃখই আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরণের একটাই পথ দেখেন হোল্ডিং সেটা হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটকে নতুন করে সাজানো।
উত্তরণের একটাই পথ দেখেন হোল্ডিং সেটা হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটকে নতুন করে সাজানো।

এর চেয়ে বাজে অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আর কখনোই ছিল না। খেলোয়াড়-বোর্ড দ্বন্দ্ব, নতুন খেলোয়াড় আসছে না। মাথার ওপর ঝুলছে আর্থিকভাবে দেউলিয়া হওয়ার শঙ্কা। সব মিলিয়ে খুব বাজে অবস্থায় এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই ক্রিকেট দলটি। এমন অবস্থায় আসছে ইংল্যান্ড সিরিজ, যেটা ক্যারিবীয় ক্রিকেটের এক কঠিন পরীক্ষা-সোজাসাপটাই জানিয়ে দিয়েছেন মাইকেল হোল্ডিং। বলেছেন, এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কপালে দুঃখই আছে।

বহু বছর ধরেই ক্যারিবীয় ক্রিকেট অস্তিত্বের লড়াইয়ে নিয়োজিত। টাকা-পয়সা নিয়ে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের ঝামেলা এমন অবস্থায় পৌঁছেছে যে, গত নভেম্বরে ভারত সফরের মাঝপথে সিরিজ পণ্ড করে দেশে ফিরে গিয়েছিলেন ক্রিকেটাররা। ব্যাপারটি কতটা গুরুতর ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। সিরিজ পণ্ডের কারণে ক্ষিপ্ত ভারতীয় ক্রিকেট বোর্ড দাবি করে বসেছে ২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ। শুধু তা-ই নয়, ২০১৬ সালে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরও বাতিল করার হুমকি দিয়ে রেখেছে ভারতীয় বোর্ড। একদিক দিয়ে ক্ষতি পোষানোর দায়, অন্যদিক দিয়ে ভারত সিরিজ বাতিল করলে নিজেদের ক্ষতির মুখে পড়ার শঙ্কা-সব মিলিয়ে দেউলিয়াত্বের দিকেই হাঁটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এমন একটা সময় ইংল্যান্ড সিরিজ; ফলাফলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অস্তিত্ব টিকিয়ে রাখার চিন্তাই করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে। আইপিএলের অর্থকরির হাতছানিতে ইতিমধ্যেই সাত-আটজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভাবনাও বাদ দিতে হয়েছে নির্বাচকদের।

এমন পরিস্থিতিকে হোল্ডিং ভয়বহ দুঃসময় হিসেবেই অভিহিত করতে চাচ্ছেন, ‘কে কী ভাবে জানি না, আমি মনে করি ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়েই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।’

হোল্ডিং মনে করেন ক্যারিবীয় খেলোয়াড়দের বোর্ডের প্রতি কোনো শ্রদ্ধাবোধই নেই। খেলোয়াড়দের কমিটমেন্টের ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই ক্যারিবীয় গ্রেট, ‘ক্রিকেট বোর্ড একটা সমস্যা থেকে আরেকটা সমস্যায় খাবি খাচ্ছে। খেলোয়াড়দের বোর্ডের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই। দলের প্রতি কমিটমেন্ট তো নেইই।’

ইংল্যান্ডের বিপক্ষে হোল্ডিং কোনো আশাই দেখেন না। সোজাসাপটা জানিয়ে দিয়েছেন এটাও, ‘ইংল্যান্ডের বিপক্ষে দল কীভাবে ভালো করবে? সাত-আটজন খেলোয়াড় তো আইপিএল খেলতে ব্যস্ত। এভাবে চললে ক্যারিবীয় ক্রিকেটে ভয়াবহ বিভক্তি দেখা দেবে। ক্যারিবীয় ক্রিকেটকেও তা অস্তিত্বের সংকটে ফেলে দেবে। ভবিষ্যতে নবীন খেলোয়াড়েরাও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবে।’

এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ দেখেন হোল্ডিং সেটা হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটকে নতুন করে সাজানো। তরুণ খেলোয়াড়দের ওপর নির্ভরশীলতা, নতুন করে পথ চলা। নয়তো এক সময়ের প্রতাপশালী এই ক্রিকেট জাতির কপালে দুঃখই দেখেন এই গতি সম্রাট। সূত্র: প্রেস অ্যাসোসিয়েশন স্পোর্ট