'উদ্দাম' বোথামের রেকর্ডের ৩৭ বছর পর 'সৌম্য' মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোথামের পাশে মঈন। ছবি: এএফপি
বোথামের পাশে মঈন। ছবি: এএফপি

ইয়ান বোথামের সঙ্গে মঈন আলীর তুলনা! ব্যাপারটা ঠিক যেন মেলে না। দুজন যে একেবারেই দুই মেরুর। একজন ছিলেন উদ্দাম-উচ্ছল। নিয়মের শিকলে বাঁধা যেত না যাঁকে কিছুতেই। সেই বোথামের পাশে মঈন আলীকে কল্পনা করে নিলে সৌম্য-শান্ত একজনকেই আবিষ্কার করবেন আপনি। খেলোয়াড় হিসেবেও দুজন অন্য রকম, তা দুজনের পরিচয় অলরাউন্ডার হোক না কেন।

কাল দারুণ এক কীর্তিতে বোথামের নামের পাশে জায়গা করে নিলেন মঈন আলী। একই টেস্টে কমপক্ষে ফিফটি আর ১০ উইকেট, ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ এই কীর্তি বোথামেরই ছিল। সেটিও ৩৭ বছর আগের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে সেবার ১১৪ রানের এক ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ম্যাচে ১০৬ রান দিয়ে নিয়েছিলেন ১৩ উইকেট।

প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলা মঈন কাল দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে নিয়েছেন ৬ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৫৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাতেই ডাবলের কীর্তিতে বসলেন বোথামের পাশে। আর মঈনের স্পিনে নাকাল হয়ে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল ১১৯ রানে। লর্ডস টেস্টটা তাই আজ পঞ্চম দিনের মুখ দেখছে না।

তবে যতই বেমানান লাগুক না কেন, নিজের শ্মশ্রুমণ্ডিত ছবিটা ইংলিশ ক্রিকেটের খুব ছোট কিন্তু ভীষণ গর্বের এক তালিকায় বসিয়ে দিলেন মঈন। ষষ্ঠ ইংলিশ ক্রিকেটার হিসেবে এই ডাবল পূর্ণ করলেন তিনি। এর আগে একই টেস্টে কমপক্ষে ফিফটি আর ১০ উইকেট নিয়েছেন বিলি বেটস, ফ্রাঙ্ক উলি, টনি গ্রেগ ও জন লিভারের। তবে এক দিক দিয়ে মঈন বাকিদের চেয়ে বেশি গর্ব করবেন। ক্রিকেট-তীর্থ লর্ডসে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তাঁর।

স্বাভাবিকভাবেই লর্ডসের ‘অনার্স বোর্ডে’ও লেখা হয়ে গেছে তাঁর নাম। এমন কীর্তির পর মঈন নিজেই জানিয়েছেন, লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম দেখতে পাবেন—এমন ভাবনা তাঁর কখনোই নাকি ছিল না।

১৯৭৪ সালের পর প্রথম ইংলিশ স্পিনার হিসেবে টেস্টে ১০ উইকেট পেলেন মঈন। সর্বশেষ যে কীর্তিটা ছিল ডেরেক আন্ডারউডের। পাকিস্তানের বিপক্ষে ওভালে আন্ডারউডের বোলিং পরিসংখ্যান ছিল ১৩/৭১। মঈন পঞ্চম ইংলিশ স্পিনার হিসেবে টেস্টে কমপক্ষে ১০ উইকেট নিলেন।

খেলোয়াড়

ডাবল

প্রতিপক্ষ

ভ্যেনু

সাল

বিলি বেটস

৫৫, ১৪/১০২

অস্ট্রেলিয়া

মেলবোর্ন

১৮৮৩

ফ্রাংক উলি

৬২, ১০/৪৯

অস্ট্রেলিয়া

দ্য ওভাল

১৯১২

টনি গ্রেগ

৫১, ১০/১৪৯

নিউজিল্যান্ড

অকল্যান্ড

১৯৭৫

জন লিভার

৫৩, ১০/৭০

ভারত

দিল্লি

১৯৭৬

ইয়ান বোথাম

১১৪, ১৩/১০৬

ভারত

মু্ম্বাই

১৯৮০

মঈন আলী

৮৭, ১০/১১২

দক্ষিণ আফ্রিকা

লর্ডস

২০১৭