'উপভোগ করতাম বলেই ক্রিকেট খেলেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি পন্টিং
রিকি পন্টিং

পাঁচটি বিশ্বকাপ খেলেছেন, তিনবার ছিলেন চ্যাম্পিয়ন দলে। অধিনায়ক হিসেবে দুবার বিশ্বকাপ জিতে ক্লাইভ লয়েডের পাশে নাম লিখিয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন সবচেয়ে বেশি। রিকি পন্টিং। তিনি নিজেই ক্রিকেট ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্রিকেট মান্থলি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ানডে আর বিশ্বকাপের বিবর্তন নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি—
বেড়ে ওঠার সময়ে আপনার আদর্শ ওয়ানডে ব্যাটসম্যান কে ছিলেন?
রিকি পন্টিং: ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠার পেছনে সম্ভবত ডিন জোন্স একটা বড় কারণ। দারুণ এই ওয়ানডে ব্যাটসম্যান তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তখন ফিল্ডিংয়ে বিধিনিষেধ ছিল না, ওয়ানডেতে ২২০ খুব ভালো স্কোর ছিল। ওই সময়টায় ডিন জোন্স এলেন এবং নিজের সহজাত স্ট্রোক-প্লে দিয়ে ওয়ানডে ক্রিকেটকে অনেকটা বদলে দিলেন। এমন একজন খেলোয়াড়কে দেখে বেড়ে ওঠা এবং পরে তাঁর মতো খেলতে পারা আসলেই দারুণ ব্যাপার।

আমি কিন্তু কখনোই এমন ‘পাওয়ার হিটার’ ছিলাম না। আমি ফিল্ডারদের ফাঁকে খেলতাম, অনেক দৌড়াতাম এবং দরকার হলে বাউন্ডারি মারতাম। এখন তো শুরু থেকেই পাওয়ার হিটিংয়ের খেলা। টি-টোয়েন্টির কারণে এখন ছেলেদের মধ্যে ভয়ডরও কম। যখন আমি প্রথম অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলাম, আমার এত সাহস ছিল না। আমি অনেকটা এই দুইয়ের মাঝামাঝি—যে ফিল্ডারদের ফাঁকে বল মেরে খেলত এবং বাউন্ডারিও মারত।
ওয়ানডে ক্রিকেটে ‘ফিনিশার’ বলতে যা বোঝায় সেটা প্রথমে ছিলেন মাইকেল বেভান। অন্যদের চেয়ে তিনি কোন দিক থেকে আলাদা ছিলেন?
পন্টিং: দলে ওর খুব নির্দিষ্ট একটা ভূমিকা ছিল। ডিনোর (জোন্স) মতো সে পাওয়ার হিটার ছিল না। তার যেটা বড় গুণ ছিল, দলের প্রয়োজনের সময় বাউন্ডারি মারতে পারত। সে ম্যাচের পরিস্থিতি খুব ভালো বুঝতে পারত, খুব ভালো বিশ্লেষণও করতে পারত। চিন্তার দিক থেকে সে একজন অলরাউন্ডার ছিল। যখনই অস্ট্রেলিয়া রান তাড়া করত এবং মাইকেল বেভান ক্রিজে থাকত, আমরা আত্মবিশ্বাসী থাকতাম যে সে আমাদের ম্যাচ জিতিয়ে আসবে।
১৯৯৬ বিশ্বকাপে যখন জয়াসুরিয়া আর কালুভিতারানা মিলে প্রথম ১৫ ওভারে বেধড়ক পেটানো শুরু করলেন, অন্য দলগুলো কী ভাবছিল?
পন্টিং: ওরা যখন এভাবে খেলা শুরু করল এবং ফাইনালে আমাদের হারিয়ে ট্রফিও জিতল, আমরা বাধ্য হলাম নিজেদের খেলা নিয়ে ভাবতে। কারণ ওরা ওয়ানডে ক্রিকেটের ধরনটাই বদলে দিয়েছিল। ১৯৯৬ বিশ্বকাপ পর্যন্ত আমাদের ওপেনার ছিল মার্ক ওয়াহ আর মার্ক টেলর। ১৯৯৮ সালে আমরা গিলিকে (অ্যাডাম গিলক্রিস্ট) ওপেনিংয়ে নিয়ে এলাম। আমাদের অধিনায়ক স্টিভ ওয়াহর অসাধারণ সিদ্ধান্ত ছিল সেটা। কারণ গিলি পরে সর্বকালের সেরা ওপেনারদের একজন হয়েছে। ওকে দেখে অন্য অনেক দলও উইকেটকিপারদের নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেছে। যার ফলে ক্রিকেট অসাধারণ কিছু উইকেটকিপার-ব্যাটসম্যান পেয়েছে।
২০০৩ সালের পরের বিশ্বকাপেও কিন্তু ওপেনারদের কাজ ছিল প্রথম ১৫ ওভারে যত বেশি পারা যায় রান করা...
পন্টিং: সেটা করতেই হতো। নতুন বলটা মারা যতটা সহজ, শেষের দিকে পুরোনো বলটা মারা তার চেয়ে অনেক কঠিন। ফিল্ডিং করা দলটা চাইত যত তাড়াতাড়ি পারা যায় বলটাকে পুরোনো করার এবং রিভার্স সুইং পাওয়ার। ব্যাটসম্যান হিসেবে তাই আপনার কাজ ছিল এর আগেই যত বেশি পারা যায় রান তুলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমাদের ম্যাথু (হেইডেন) আর গিলির মতো দুজন ওপেনার ছিল। আমার মনে আছে, এমনকি ২০০৭ বিশ্বকাপেও আমরা একটা ম্যাচের আগে প্রতিপক্ষ বোলারদের নিয়ে বৈঠকে বসেছি, কৌশল নিয়ে আলোচনা করেছি। ওই সময় ম্যাথু আর গিলি হাত তুলে বলল, ‘এত দুশ্চিন্তার কিছু নেই। আমাদের ওপর সব ছেড়ে দাও।’
২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ তাড়া করে দক্ষিণ আফ্রিকার জিতে যাওয়া সেই ম্যাচ, ...আপনারা ব্যাট করার সময় কখনো ভেবেছিলেন ম্যাচটা ও রকম হতে পারে? নাকি এখনো মনে হয় সেদিন ঝড়ে বক মরেছিল?
পন্টিং: আমাদের ওই সময়কার কোচ জুন বুকানন সব সময় বলতেন, ‘দেখো ছেলেরা, আমরা একদিন ওয়ানডেতে ৪০০ রান করব।’ যতবার তিনি এ কথাটা বলতেন, আমরা একজন অন্যজনের দিকে তাকাতাম এবং ভাবতাম, একি আদৌ সম্ভব! কারণ তখনো ওয়ানডেতে ৩০০ খুবই ভালো রান। ৩০০ করতে পারলে একটা দল সাধারণত হারত না। ঠিক ওই রকমই একটা সময়ে কীভাবে যেন বুকাননের কথা সত্যি হয়ে গেল। আমরা যেভাবে ব্যাট করতে চাইলাম সবকিছু সেভাবেই হলো। প্রত্যেক ব্যাটসম্যানই বল যেভাবে মারতে চাইল মারতে পারল। ব্যাটিং শেষ করে মাঠ ছেড়ে গেলাম হাসিমুখে। মনে হচ্ছিল অনেক বড় স্কোর করেছি। দক্ষিণ আফ্রিকাকে দেখে মনে হলো তাদের পা এগোচ্ছে না ড্রেসিংরুমের দিকে। ড্রেসিংরুমে গিয়ে জ্যাক ক্যালিস নাকি মাথায় হাত দিয়ে বলেছিল, ‘ছেলেরা, ওরা ১০ রান কম করেছে। মনে হয় আমরা ম্যাচটা জিতব।’ আমি নিশ্চিত, তার কথা শুনে দক্ষিণ আফ্রিকার বাকি খেলোয়াড়েরা হেসেছিল। কিন্তু তাড়া করে তারা ঠিকই ম্যাচটা জিতে নিল! মাঠ ছেড়ে যাওয়ার সময় সেদিন খুব রাগ হচ্ছিল। শুধু হেরেছি বলেই নয়, ওই ম্যাচটাই ছিল সিরিজনির্ধারক।
তখনো টি-টোয়েন্টির আধিপত্য শুরু হয়নি। সেটা হওয়ার পর দেখা গেল ভারতীয় ব্যাটসম্যানরা সীমিত ওভারের ক্রিকেটে প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠল...
পন্টিং: আইপিএল খেলার কারণে ওরা অনেক নির্ভয়ে শট খেলা শিখেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানের মতো প্রতিভারা বেরিয়ে এসেছে। ভেবে দেখুন, ওয়ানডেতে একজন ব্যাটসম্যান ২৬৪ রান করছে! অবিশ্বাস্য!
যতটুকু জানি টেস্টই আপনার সবচেয়ে প্রিয়। ওয়ানডে আর টি-টোয়েন্টি কতটা উপভোগ করতেন?
পন্টিং: করেছি তো। আমি উপভোগ করতাম বলেই ক্রিকেট খেলেছি। টি-টোয়েন্টি খেলা শুরু করেছি ক্যারিয়ারের শেষের দিকে, খুব একটা ভালো করতে পারিনি। আমার খুব মধুর স্মৃতির অনেকগুলো ওয়ানডে ক্রিকেটে। বিশ্বকাপ সাফল্যের কারণে তো অবশ্যই। আমি একটু ঐতিহ্যমুখী মানুষ। আমি বেড়ে উঠেছি টেস্ট ক্রিকেট ভালোবেসে, ওয়ানডে ক্রিকেট ভালোবেসে। এই দুই ধরনের ক্রিকেটই আমার বেশি প্রিয়।