'উৎসব প্রাপ্যই বাংলাদেশের ক্রিকেট-ভক্তদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হর্ষ ভোগলে আবেগী বাংলাদেশের এই বদলে যাওয়ায় ছবি: সংগৃহীত
হর্ষ ভোগলে আবেগী বাংলাদেশের এই বদলে যাওয়ায় ছবি: সংগৃহীত

১৯৯৭ সালের সেই দিনটিতে কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে ছিলেন হর্ষ ভোগলে। ধারাভাষ্যকক্ষে বসে তিনি সাক্ষী হয়েছিলেন ক্রিকেটের প্রতি একটি জাতির উন্মত্ত ভালোবাসার। আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে হারানোর পর মালয়েশিয়া-প্রবাসী বাংলাদেশিদের উল্লাস-উৎসব আজ সতেরো বছর পরেও আলোড়িত করে এই প্রখ্যাত ক্রিকেট-ভাষ্যকারকে।
সেই থেকে শুরু। বাংলাদেশের ক্রিকেট, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট দর্শকেরা তাঁর হৃদয়ে অন্য ধরনের একটা জায়গাই দখল করে রেখেছে। কিন্তু সতেরো বছর ধরে ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের সাফল্যহীন প্রতীক্ষা তাঁকে করে তুলেছিল ব্যথিত-মর্মাহত। কোনো কোনো ক্ষেত্রে অধৈর্যও। গত সতেরো বছরে বাংলাদেশের অসংখ্য খেলায় টেলিভিশন-ধারাভাষ্যকার হিসেবে উপস্থিতির অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য তাঁর মনের গহিনে তৈরি করেছিল একরাশ দুঃখবোধ। এরা ক্রিকেট এত ভালোবাসে। সাফল্য কী কোনো দিনই এদের পায়ে লুটিয়ে পড়বে না!
সতেরো বছর পর ২০১৫ সালে এসে তিনি আবারও অভিভূত! আনন্দিত। নাহ্‌, ক্রিকেট দলকে পাগলের মতো ভালোবেসে যাওয়ার প্রতিদান বাংলাদেশের মানুষ অবশেষে পাওয়া শুরু করেছে।’
স্টারস্পোর্টস ডটকমে লেখা এক কলামে তিনি বলেছেন, ‘সময়টা উদ্‌যাপনেরই। এই প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ ক্রিকেট দলের প্রতি তাদের ভালোবাসার প্রতিদান পাচ্ছে। এই প্রথমবারের মতো ক্রিকেট দল নিয়ে আশার ফানুস ওড়ানোর সময় এসেছে। সময়টা প্রাণভরেই উপভোগ করা উচিত বাংলাদেশের মানুষের। বাংলাদেশের ক্রিকেট-ভক্তদের জন্য এই উৎসবটা প্রাপ্যই।’
কলামে তিনি স্মৃতিচারণা করেছেন দুঃখবোধের সেই সতেরো বছরের। বলেছেন, আশাহত হওয়ার ব্যাপারটি যদি মানুষকে ধনী করত, তাহলে বাংলাদেশের মানুষ হতেন বিশ্বের সবচেয়ে সম্পদশালী। তিনি লিখেছেন, আমি ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার সাক্ষী দীর্ঘ দিন। আমি সব সময়ই অবাক হয়েছি জাতীয় দলের প্রতি তাদের অনন্য-অসাধারণ আবেগ দেখে। একটা সত্যিই ভিন্ন কিছু। গ্রীষ্মের খরতাপে কিংবা শীতের তীব্রতায় তারা মাঠে আসত। প্রতিবারই বাড়ি ফিরে যেত একরাশ হতাশা নিয়ে। হাতে গোনা কিছু সাফল্য হয়তো তারা উপহার পেয়েছে। কিন্তু না পাওয়ার তুলনায় তা নগণ্যই।
মাত্র এক বছর আগেরই কিছু মুহূর্তের বর্ণনা দিয়েছেন হর্ষ ভোগলে তাঁর কলামে। প্রসঙ্গ টেনেছেন গত বছর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের। যে প্রতিযোগিতায় আফগানিস্তানের মতো দলের বিপক্ষে হেরে গোটা দেশকে হতাশায় মুহ্যমান করেছিল বাংলাদেশ দল। শহীদ আফ্রিদির সেই ইনিংসটির কথাও এনেছেন তিনি। যে ইনিংস পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রান তুলেও বাংলাদেশকে গায়ে মাখতে বাধ্য করেছিল পরাজয়ের নীল বেদনা। ধারাভাষ্যকার হিসেবে সেই ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির একটা মর্মস্পর্শী বর্ণনাও আছে তাঁর লেখায়। যেখানে তিনি অবাক হয়ে জাতীয় দলের পরাজয়ে কাঁদতে দেখেছেন নারী-পুরুষ নির্বিশেষে অনেককেই।
কীভাবে বদলে গেল বাংলাদেশের ক্রিকেট? এই প্রশ্নের অবতারণা করেছেন হর্ষ তাঁর লেখায়। বলেছেন, নতুন প্রজন্মই বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বিশ্বকাপে এই নতুন প্রজন্মই নতুন করে চিনিয়েছে বাংলাদেশকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাশরাফি বিন মুর্তজার মতো তারকাদের পাশাপাশি নাসির হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ আর সর্বশেষ মুস্তাফিজুর রহমান—হর্ষ ভোগলের ভাষায় এই নামগুলোই নতুন বাংলাদেশের বিজ্ঞাপন। এই নামগুলোই বর্তমানের বাংলাদেশকে আলাদা করেছে অতীতের বাংলাদেশ থেকে।
হর্ষ ভোগলে তাঁর কলামে আশাপ্রকাশ করেছে জয়ের যে ধারাটি বাংলাদেশের ক্রিকেটে শুরু হয়েছে, সেটা তারা ধরে রাখবে। তাঁর পরামর্শটা হচ্ছে, জেতার অভ্যেসটা বজায় রাখতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ব্যাপারটা মোটেও সহজ হবে না। বলেছেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—বাংলাদেশের তিন প্রতিবেশীকেই ওই কঠিন, ওই বন্ধুর পথটায় হাঁটতে হয়েছে। বাংলাদেশ অবশ্যই এর ব্যতিক্রম হবে না।