'এ তো তিলকে তাল বানানো!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

বিরক্তিটা চেপে রাখেননি অ্যালিস্টার কুক। টেস্টের আগে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা না বলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে কার ভালো লাগে!
ভারত সফর শেষেই কি অধিনায়কত্ব ছাড়ছেন কুক? রাজকোট টেস্ট শুরুর আগে কাল এই প্রশ্নের উত্তরই দিতে হলো ইংল্যান্ড অধিনায়ককে। সফর শেষেই দায়িত্ব ছাড়তে পারেন কুক—এই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। গুঞ্জনটাকে গুঞ্জনই বললেন কুক, বলে দিলেন তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।
ইংল্যান্ডের দ্য ক্রিকেটার সাময়িকীকে দেওয়া তাঁর সাক্ষাৎকারেই ডালপালা মেলেছিল গুঞ্জনের। সত্যিই অধিনায়কত্ব ছাড়ছেন কি না এই প্রশ্নের উত্তরটা কুক একটু ঘুরিয়েই দিলেন, ‘উত্তর দেওয়া কঠিন, এমন একটা প্রশ্নের সরল উত্তর দিয়েছিলাম। প্রশ্নটা ছিল, আপনি কত দিন নিজেকে অধিনায়ক হিসেবে দেখছেন? উত্তরটা কি আমি সত্যিই জানি? তাই যখন কেউ প্রশ্নটা করে কত দিন চালাবেন; আমি বলি, আমি জানি না, দুমাস হতে পারে, সিরিজ শেষে হতে পারে অথবা ছয় মাস কি দু বছরও হতে পারে। এটাই শিরোনাম হলো। কিন্তু আমি এমনটা বোঝাইনি।’
কুক নাকি সাক্ষাৎকারে এটাও বলেছিলেন, ইংল্যান্ডের হয়ে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে চান। ‘ক্যাপ্টেন’ কুক ব্যাখ্যা দিলেন এটারও, ‘পুরো সাক্ষাৎকারটি শুনলে আপনি আমাকে বলতে শুনতেন, এসেক্সে ফিরে স্লিপে দাঁড়িয়ে আমি অধিনায়ককে কিছু পরামর্শ দেওয়ার কথা বলছি। এরপরই তিনি (সাক্ষাৎকার গ্রহণকারী) প্রশ্ন করলেন, ইংল্যান্ডের হয়েও এমনটা করব কি না। এ তো তিলকে তাল বানানো!’ দ্য টেলিগ্রাফ।