মামলাটিতে অন্যতম সাক্ষী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। আদালতে তাঁর সেই সাক্ষ্য ক্রিস কেয়ার্নসের বিপক্ষেই গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সন্দেহাতীতভাবে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত কেয়ার্নসকে নির্দোষ বলে রায় দিয়েছেন। পুরো ব্যাপারটি এখন এমন দাঁড়িয়ে গেছে, যেন ম্যাককালাম হারলেন আর কেয়ার্নস জিতলেন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট কিন্তু ব্যাপারটা এভাবে দেখছে না। তাদের কাছে ‘অপ্রীতিকর ও কঠিন’ এই মামলায় আসলে কেউই জয়ী নন!
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর শপথ নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার দায়ে মামলা চলছিল কেয়ার্নসের বিরুদ্ধে। যে মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার পর আদালত থেকে বেরিয়েই কেয়ার্নস প্রশ্ন তুলেছেন, ম্যাককালামের ব্যাখ্যা করা উচিত কেন তিনি তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। আরও বলেছেন, ‘ব্যাপারটা খুব দুঃখজনক।’
লন্ডনের আদালতে সাক্ষ্য দিয়ে আসার পর এ নিয়ে আর মুখ খোলেননি ম্যাককালাম। তবে কাল মামলাটির রায়ের পর তাঁর আইনজীবী গার্থ গ্যালাওয়ে বলেছেন, ‘আদালত তাঁকে সাক্ষ্যের জন্য ডেকেছিলেন। তিনি সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না।’ এটাকে ‘ম্যাককালাম বনাম কেয়ার্নসে’র লড়াই হিসেবে না দেখতেও অনুরোধ করেছেন গ্যালাওয়ে।
প্রায় একই অনুরোধ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডেরও। সেটা করা হলে যে বোর্ড ম্যাককালামের পাশেই থাকবে, তা স্পষ্ট করে বলে দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান স্টুয়ার্ট হিল, ‘ব্রেন্ডন আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়। সুতরাং ওর খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে সে যাতে কাজের নিরাপদ পরিবেশ পায় এবং কোনো হয়রানি বা চাপের মধ্যে না থাকে।’
ম্যাককালাম ছাড়াও মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও কয়েকজন কিউই খেলোয়াড়—লু ভিনসেন্ট, ড্যানিয়েল ভেট্টরি, আন্দ্রে অ্যাডামস ও কাইল মিলস। বিচারিক প্রক্রিয়াকে সাহায্য করতে তাঁদের এগিয়ে আসা খুবই ইতিবাচক চোখে দেখছেন স্টুয়ার্ট হিল, ‘নিউজিল্যান্ড ক্রিকেট ও খেলাটির সঙ্গে জড়িত অনেকেই ঠিক কাজটি করতে এগিয়ে এসেছেন। হ্যাঁ, একটু সুনামহানির ব্যাপার তো আছেই। তবে আমি গর্বিত যে ওরা এগিয়ে এসেছে।’
সময়টা যে অস্বস্তিকর, সেটি না মেনে তো আর উপায় নেই হিলের, ‘এই সময়টা আসলে সবার জন্যই অপ্রীতিকর—কেয়ার্নসের পরিবারের জন্য, ক্রিকেট পরিবারের জন্য, সাক্ষীদের জন্য। এ মামলায় আসলে কেউই জয়ী নয়।’ এএফপি, নিউজিল্যান্ড হেরাল্ড