'এ যুগের ডন' স্টিভ স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ

ভারত সফর থেকে কি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হাসিমুখে ফিরতে পারবে? ধর্মশালায় সিরিজের শেষ টেস্ট আজ তৃতীয় দিনে গড়িয়েছে। প্রশ্নের উত্তরটা জানতে তাই আরও একটি-দুটি দিন অপেক্ষা করতে হতে পারে। তবে সিরিজের ফল যা-ই হোক, এই সফরটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের কাছে। না, ডিআরএস বিতর্ক আর বিরাট কোহলির সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে যাওয়ার কারণে নয়। ব্যাট হাতে তাঁর অবিশ্বাস্য ফর্মের কারণে।
ধর্মশালায় প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি স্মিথকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। ভারতের বিপক্ষে সর্বশেষ ৮ টেস্টে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। এর মধ্যে এই সিরিজেই তিনটি। ভারতের মাটিতে এক সিরিজে তিনটি সেঞ্চুরি করা অতিথি দেশের দ্বিতীয় অধিনায়ক তিনি। এর আগে ২০১২-১৩ সালে তিনটি সেঞ্চুরি করেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। এই দুজন ছাড়া ভারতের মাটিতে এক সিরিজে তিনটি সেঞ্চুরি আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস, স্যার গ্যারি সোবার্স, ইংল্যান্ডের কেন ব্যারিংটন ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার।
অবিশ্বাস্য এই ফর্ম স্মিথের ক্যারিয়ার পরিসংখ্যানকেও নিয়ে গেছে অনেকের ধরাছোঁয়ার বাইরে। ধর্মশালায় প্রথম ইনিংস পর্যন্ত হিসাব করলে ৫৪ টেস্টের ৯৯ ইনিংসে ৬১.৫৭ গড়ে ৫২৩৪ রান স্মিথের। কমপক্ষে ৫৪ টেস্ট খেলেছেন, ব্যাটসম্যানের মধ্যে এখন তাঁর গড়ই সবচেয়ে বেশি। অবিশ্বাস্য ৯৯.৯৪ গড় নিয়ে ডন ব্র্যাডম্যান থেমেছিলেন ৫২ টেস্ট খেলেই। ৫৪ টেস্টের হিসাবে তাই এত দিন এ রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ। ঠিক ৫৪ টেস্ট খেলে যাঁর গড় ৬০.৭৩। সেই ১৯৩৫ সালে অবসর নেওয়ার পরও এত দিন ধরে যিনি শীর্ষে ছিলেন। সমকালীনদের চেয়ে স্মিথ কতটা এগিয়ে, সেটি বোঝা যাবে আরও কিছু তথ্য দিলে। এই সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে স্মিথের সঙ্গে যাঁদের নাম আসে, তাঁদের মধ্যে জো রুটের টেস্ট গড় ৫২.৮০ (৫৩ টেস্টে ৯৮ ইনিংস), বিরাট কোহলির ৪৯.৪১ (৫৭ টেস্টে ৯৭ ইনিংস), কেন উইলিয়ামসনের ৪৯.৮৯ (৬১ টেস্টে ১০৯ ইনিংস)। ‘ডন’ হওয়া তো আর কারও পক্ষে সম্ভব নয়, তবে স্মিথ যেন ‘এ যুগের ডন’!
কোহলি ও উইলিয়ামসন দুজনেরই ১৬টি করে সেঞ্চুরি, রুটের ১১টি। অথচ ৯৯ ইনিংসেই ২০টি সেঞ্চুরি হয়ে গেছে স্মিথের। তাঁর চেয়ে কম ইনিংস খেলে ২০টি টেস্ট সেঞ্চুরি করেছেন শুধু ডন ব্র্যাডম্যান (৫৫ ইনিংস), সুনীল গাভাস্কার (৯৫) ও ম্যাথু হেইডেন (৯৫)।
৫১ সেঞ্চুরি নিয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে রেখেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তাঁর পরের দুজন দক্ষিণ আফ্রিকার ক্যালিস (১৬৬ টেস্টে ৪৫ সেঞ্চুরি) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮ টেস্টে ৪১ সেঞ্চুরি)। তবে এই হারে সেঞ্চুরি করে যেতে থাকলে স্মিথ একসময় এই কিংবদন্তিদেরও ছুঁয়ে ফেলতে পারবেন বলে বিশ্বাস করেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১টি সেঞ্চুরির মালিক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘ও যদি এভাবে চালিয়ে যায়, ৪০ বা ৫০টা সেঞ্চুরি খুব কঠিন হবে না ওর জন্য। আমি তো না পারার কোনো কারণ দেখি না। আমি মনে করি, সে টেন্ডুলকার-পন্টিংদের খুব কাছে চলে যেতে পারবে।’
২৭ বছর বয়সী স্মিথের ওপর কেন এতটা বিশ্বাস, সেই ব্যাখ্যাও দিয়েছেন হজ, ‘এখন পর্যন্ত সে প্রায় প্রতি তিন টেস্টে একটা করে সেঞ্চুরি করেছে। এভাবে যদি সে ৩৫ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারে, তাহলে কেন পারবে না! অনেকে তো ৪২ বছর বয়স পর্যন্তও খেলে। সুতরাং বয়সটাও তাঁর পক্ষেই আছে।’ ফক্স স্পোর্টস।