'এই প্রজন্মে শুধু কোহলিই কিংবদন্তি হতে পারে'

এই সময়ে কোনো দলেই আগের মতো অত ভালো ব্যাটসম্যান বা বোলার চোখে পড়ছে না মঈন খানের। তবে বিরাট কোহলিকে আলাদা কাতারেই রাখছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক
পাকিস্তান দল নিয়ে বেশ হতাশ সাবেক উইকেটরক্ষক মঈন খান। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো করলেও এই দলের ব্যাটিং-বোলিং ঠিক যেন মনে ধরছে না তাঁর। আশি বা নব্বইয়ের দশকে পাকিস্তান দলে যেমন ম্যাচ জয়ী খেলোয়াড় ছিল, তা এখন আর নেই বলেই মনে করেন মঈন।
আসলে এ সময়ে কোনো দলেই আগের মতো অত ভালো ব্যাটসম্যান বা বোলার চোখে পড়ছে না তাঁর। তবে বিরাট কোহলিকে অন্য কাতারেই রাখছেন মঈন। এ সময়ের ক্রিকেটারদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে কিংবদন্তিদের কাতারে আসেন তাহলে সেটা কোহলিই হতে পারবেন বলে মনে করেন মঈন।
৩১ বছর বয়সী কোহলিকে এ মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান মানছেন অনেকেই। ৪৩টি ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি টেস্টে তিন অঙ্কের জাদুকরী স্কোর পেরিয়েছেন ২৭ বার। টি-টোয়েন্টি বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকও কোহলি। এরই মধ্যে ক্রিকেটের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। এভাবে খেলে যেতে থাকলে ক্যারিয়ার শেষে তাঁর নামের পাশেও কিংবদন্তি শব্দটি জুড়ে যাবে বলে মনে করেন মঈন, ‘আমি মনে করি এ প্রজন্মের ব্যাটসম্যানদের শুধু কোহলিই অনেক রেকর্ড গড়তে পারবে। আর একদিন সে কিংবদন্তি হবে।’
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মঈন সম্প্রতি কথা বলেছেন জিস্পোর্টসে। সেখানে তিনি ভারতের ধীরে ধীরে ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠার পেছনে মহেন্দ্র সিং ধোনিরও অবদান দেখছেন, ‘ভারতের ক্রিকেটকে বদলে দেওয়ার কৃতিত্ব আমি মহেন্দ্র সিং ধোনিকেই দেব। সৌরভ গাঙ্গুলী যেটা শুরু করেছিল সেটা ধরে রেখেছে সে। এই কারণেই ভারত এত এত মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করতে পারে আর তাদের বেঞ্চের শক্তিও অনেক।’
পাকিস্তানের বর্তমান দলটি নিয়েই অনেকেই উচ্চকিত প্রশংসা করে থাকেন। কিন্তু মঈনের মন কাড়তে পারেনি কোচ মিসবাহ-উল হকের পাকিস্তান দল, ‘পাকিস্তান দলের দিকে তাকিয়ে আমি ম্যাচ জয়ী খেলোয়াড়ের অভাব দেখতে পাই। ম্যাচ ঘুরিয়ে দিতে পারা খেলোয়াড় আশি ও নব্বইয়ের দশকে আমাদের দলে অনেক ছিল। আমি যে সময়ে খেলেছি তখন এটা আমরা সবাই জানতাম কেউ না কেউ আজ কিছু করবেই। এটাকেই বলে বিশ্বমানের দল।’
কোচ ও প্রধান নির্বাচক—মিসবাহর এই দ্বৈত ভূমিকার সমালোচনাও করেছেন মঈন, ‘অন্য দেশগুলোর চেয়ে আমাদের ক্রিকেট সংস্কৃতি ভিন্ন। মিসবাহকে নিয়ে যে পরীক্ষা চালানো হচ্ছে সেটা কাজ করছে না।’