'এই সেঞ্চুরিটা বোনের জন্য'

১২ টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরি চারটি। এর তিনটিই এসেছে চট্টগ্রামে। তবে কি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের খুব প্রিয়? ধারাবাহিকতার প্রতিচ্ছবি এ বাঁ-হাতি অবশ্য বিষয়টিকে স্রেফ ভাগ্যের ব্যাপার বলেই মানেন। তবে জানালেন, আজকের সেঞ্চুরিটা তার ছোট বোনের জন্য উপহার!
একই ভেন্যুতে তিন টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর পরবর্তী টেস্ট খেলতে চাপ থাকবে কি না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, ‘জানি আমার চারটা সেঞ্চুরির মধ্যে তিনটিই এ ভেন্যুতে। তার মানে এই নয়, এখানে যে কটা টেস্ট খেলব সবগুলোয় সেঞ্চুরি করতে হবে। এটা তো আসলে ভাগ্যের ব্যাপার। হলে হবে, না হলে নেই! এটা নিয়ে চিন্তা করি না।’
ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর পরবর্তী ৯ ইনিংসে ফিফটি চারটি। সেঞ্চুরি পাচ্ছিলেন না বলে চাপে ছিলেন কি না, জানতে চাইলে মুমিনুল অবশ্য মানতে চাইলেন না । বললেন, ‘না, অতিরিক্ত চাপ ছিল না। বারবার ৫০ করে আউট হচ্ছি। এ কারণে একটু কাজ করলাম, চিন্তা-ভাবনা করলাম। কোন জায়গায় গেলে কী হবে-এসব নিয়ে ভাবনা-চিন্তা করলাম। আসলে অতিরিক্ত কোনো চাপ ছিল না। চেষ্টা করেছি, সেঞ্চুরিটা পেয়েছি।’
আজ বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে একটু রয়ে-সয়ে। দলের লক্ষ্যটা কী ছিল? মুমিনুল জানলেন, ‘আমরা যখন দেড় শ রানে এগিয়ে ছিলাম, তখন পরিকল্পপনা ছিল চা-বিরতির পর হয়তো আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা ব্যাটিং করব।’
সেঞ্চুরির সময় অপরপ্রান্তে ছিলেন সাকিব আল হাসান। তখন মুমিনুলকে কী বললেন সাকিব? মুমিনুল বললেন, ‘উনি বলেন নাই। বরং আমিই বলেছি তাঁকে! কিছুদিন আগে আমার ছোটবোনের জন্মদিন ছিল। ছোটবোনকে জিজ্ঞাস করলাম জন্মদিনে কী উপহার চাও? সে বলল, “কিছু লাগবে না ভাইয়া। তুমি একটা এক শ কইরো।” এ সেঞ্চুরিতে ছোটবোন নিশ্চয় অনেক খুশি হয়েছে!’