'একই ভুলের পুনরাবৃত্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলটন চিগুম্বুরার ঠোঁটে এক চিলতে হাসি দেখা গেল। গ্যালারি থেকে এক দর্শক ‘চিগুম্বুরা চিগুম্বুরা’ বলে ডাকছিলেন। সংবাদ সম্মেলনকক্ষের দিকে যাওয়ার সময় ডাকটা শুনেই জিম্বাবুয়ে অধিনায়কের ওই হাসি। গ্যালারির দিকে তাকিয়ে হাতও নাড়লেন। কিন্তু তাতে মিশে থাকল কী এক সংকোচ!
তিন টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজটাও হেরে গেলেন দুই ম্যাচ বাকি থাকতেই। এই মুহূর্তে জিম্বাবুয়ের সবচেয়ে দুঃখী মানুষ তো অধিনায়ক চিগুম্বুরাই! সংকোচটা হয়তো সে কারণেই। পরে সংবাদ সম্মেলনে এসেও তিনি প্রকাশ করেছেন হতাশাটা, ‘আমাদের জন্য আরেকটা হতাশাজনক ম্যাচ...সেই একই ভুলের পুনরাবৃত্তি করেছি আমরা। এভাবে চলতে থাকলে বাকি দুই ম্যাচেও আমাদের ফলাফল একই রকম হবে।’
তিনটি ওয়ানডে ম্যাচের আগে একটি সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচও খেলেছে জিম্বাবুয়ে দল। কিন্তু এই চার ম্যাচের কোনোটিতেই ২০০ রানের মুখ দেখেনি তারা। তবে কালকের ব্যর্থতার জন্য জিম্বাবুয়ে অধিনায়ক প্রথমে দুষলেন দলের বোলিংটাকে, ‘আজ (গতকাল) আমাদের বোলিংটা হয়েছে খুব বাজে। যে রকম বল করতে চেয়েছিলাম, সে রকম আমরা করতে পারিনি।’ আর ব্যাটিং? না, চিগুম্বুরা সন্তুষ্ট নন তাতেও, ‘যেকোনো দলের জন্যই ২৯০-এর বেশি রান তাড়া করা কঠিন। শুরুতেই উইকেট হারিয়ে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। হাতে উইকেট থাকলে ফলাফলটা অন্তত এর চেয়ে ভালো হতে পারত।’
৪৭ দিনের বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দল এর মধ্যেই কাটিয়ে ফেলেছে ৩৯ দিন। কারও হয়তো মনে হচ্ছে, তাঁদের এই বাজে পারফরম্যান্সের পেছনে সফর-ক্লন্তিটাও একটা কারণ হতে পারে। কিন্তু চিগুম্বুরা নিজে সেটি মানেন না, ‘আমার মনে হয় না এটা কোনো কারণ। যারা টেস্ট সিরিজ খেলেছে, তাদের কেউ কেউ এই দলে নেই। কাজেই লম্বা সফরের জন্যই আমরা এ রকম খেলছি, সেটা বলার উপায় নেই। ব্যর্থতার কারণ বারবার একই ভুলের পুনরাবৃত্তি।’
শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ের লক্ষ্য এখন একটাই—সান্ত্বনার জয় খোঁজা। ‘৫-০ এর চেয়ে ৩-২ ভালো ফলাফল। আমাদের এখন সে রকম কিছু করার জন্যই চেষ্টা করতে হবে। এখনো আমরা জয়ের জন্যই খেলব। চেষ্টা করব শেষ দুই ম্যাচে জ্বলে উঠতে।’