'একঘেয়ে' হতে পারলেন না কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর কোহলির উদ্‌যাপন। ছবি: এএফপি।
সেঞ্চুরির পর কোহলির উদ্‌যাপন। ছবি: এএফপি।

টেস্ট শুরুর আগে অনিল কুম্বলে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে ‘একঘেয়ে’ ক্রিকেট খেলতে হবে, ধৈর্য হারানো চলবে না। ভারতের নতুন কোচের দ্বিতীয় কথাটা ফেলতে না পারলেও প্রথম কথাটা রাখতে পারলেন না বিরাট কোহলি! টি-টোয়েন্টির ফর্ম এবার টেনে নিয়ে এসেছেন টেস্ট ক্রিকেটেও, সেটাও স্বভাবসুলভ আগ্রাসী ক্রিকেট খেলেই। অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে কোহলি অপরাজিত ১৪৩ রানে। ভারতও প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান করে বড় রানের দিকেই এগোচ্ছে।
কাল যখন কোহলি ক্রিজে নেমেছিলেন, ভারত তখন ৭৪ রানে হারিয়ে ফেলেছে ২ উইকেট। রানের চাকা তখনো শ্লথ, লাঞ্চের আগে ২৭ ওভারে এসেছে মাত্র ৭২ রান। এর পর শিখর ধাওয়ানকে নিয়ে একটু একটু করে সেটি সচল করলেন কোহলি। তৃতীয় উইকেটে ১০৫ রান যোগ করার পর ধাওয়ান আউট হয়ে গেলেন ৮৪ রানে। কিন্তু কোহলি খেলে গেছেন তাঁর স্বভাবসুলভ খেলাই। ফিফটি পূর্ণ করেছেন ৭৪ বলে। সেঞ্চুরির জন্য বল খেলেছেন আরও কম, পরের ফিফটি পূরণ করেছেন ৬০ বলে। এর পর অজিঙ্কা রাহানেও ২২ রানে ফিরে গেছেন, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে দিনের বাকি সময় কোনো বিপদ হতে দেননি কোহলি। ১৯৭ বলে ১৪৩ রানের ইনিংসে চার ছিল ১৬টি।
অধিনায়কত্ব পেয়েছেন খুব বেশি দিন হয়নি, এই তো ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরেই ভারতের হয়ে টস করতে নেমেছিলেন। অস্ট্রেলিয়ায় তো বটেই, এর পর শ্রীলঙ্কায়ও পেয়েছেন সেঞ্চুরি। এবার হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজেও। অধিনায়ক হওয়ার পর দেশের বাইরে এ নিয়ে পাঁচটি সেঞ্চুরি করে ফেললেন কোহলি। ভারতের হয়ে দেশের বাইরে অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি আছে শুধু মোহাম্মদ আজহারউদ্দিনের। পূর্বসূরিকে ছাড়িয়ে যাওয়াটা কোহলির জন্য এখন শুধুই সময়ের ব্যাপার।
আরেকটা দিক দিয়েও কোহলির সেঞ্চুরিটা ‘স্পেশালই’। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ভারতের অধিনায়কের সেঞ্চুরির কীর্তি এর আগে ছিল মাত্র দুজনের। ১৯৮৩ সালে কপিল দেব ১০০ রান করেছিলেন, ২০০৬ সালে রাহুল দ্রাবিড় করেছিলেন ১৪৬। তবে সবচেয়ে বড় কথা, কোহলিকে এখন হাতছানি দিচ্ছে ক্যারিয়ারেরই প্রথম ডাবল সেঞ্চুরি!