'একটুও আক্ষেপ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেট থেকে বিদায়বেলায় মাহেলা জয়াবর্ধনেকে কাঁধে তুলে নিলেন সতীর্থরা l রয়টার্স
টেস্ট ক্রিকেট থেকে বিদায়বেলায় মাহেলা জয়াবর্ধনেকে কাঁধে তুলে নিলেন সতীর্থরা l রয়টার্স

গ্যালারি তখন প্রায় খালি। আমন্ত্রিত অতিথিরাও চলে গেছেন। থেমে গেছে আতশবাজি আর কনফেত্তির ওড়াউড়ি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের সবুজ ঘাসে বসে টেন ক্রিকেটের ধারাভাষ্যকার ডিন জোন্স কথা বললেন বিদায়ী নায়ক মাহেলা জয়াবর্ধনের সঙ্গে

 টেস্ট ক্রিকেটে শেষ দিন, সকালে হোটেল থেকে বেরোনোর সময় কী মনে হচ্ছিল?

মাহেলা জয়াবর্ধনে: সকালে উঠেই তো দেখলাম বজ্রপাত, আকাশ ভেঙে নামা বৃষ্টি! হা হা হা হা হা...আসলে আবেগ বারবার ছুঁয়ে যাচ্ছে সপ্তাহ দুয়েক ধরেই। সিদ্ধান্তটি নেওয়ার পর থেকেই জানতাম আজকের এ দিনটি আসবে। সকালে রুম থেকে বের হয়েই মনে হলো, ‘টস ইট, আই অ্যাম ডান!’ আবেগ তো আছেই, আসলে বোঝাতে পারব না। হয়তো কয়েক দিন পর আরও ভালোভাবে বুঝতে পারব। আজ শুধু উপভোগ করতে চাই, আমরা টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছি, দারুণ বিদায়ী সংবর্ধনা পেয়েছি...।

এই মাঠ (এসএসসি) আপনাকে দুহাত ভরিয়ে দিয়েছে। এত স্মৃতি এখানে, মিস করবেন না?

জয়াবর্ধনে: মিস তো করবই, অবশ্যই করব। আমি ঠিক করেছি, যদি খুব বেশি ব্যস্ত না থাকি তাহলে আগামী মৌসুমে ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলব। ক্লাবকে ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে। টিনএজ বয়স থেকেই ক্লাবের সবাই আমার দেখভাল করেছে, পথচলায় দারুণ সাহায্য করেছে। এই ক্লাবের কাছে ঋণের শেষ নেই আমার। আর হ্যাঁ, এখানে ব্যাট করা সব সময়ই উপভোগ করেছি।

আজকের সবচেয়ে আবেগঘন মুহূর্ত সম্ভবত গ্যালারিতে যখন বাবা-মার কাছে গেলেন...

জয়াবর্ধনে: ছেলেবেলায় বাবার হাত ধরেই আমার ক্রিকেট মাঠে যাওয়া শুরু। সব সময় আমার পাশে ছিলেন তিনি, একসঙ্গে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছি দুজন। মাকেও পাশে পেয়েছি...দুজন আমাকে প্রতিদিন অনুশীলনে নিয়ে যেতেন, অনেক কষ্ট করেছেন। আমি অবশ্য দুষ্টু ছিলাম না, বাবা-মাকে যন্ত্রণা খুব একটা দিইনি। তাঁরা আমাকে নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। ভালো লাগছে যে তাঁরা আমার শেষ ম্যাচটি দেখতে পারলেন। বিদায়বেলায় আবেগ থাকবেই; তবে আমার ধারণা, যা কিছু করেছি, সে জন্য খুশিও হবেন তাঁরা।

আপনার সাফল্যের সবচেয়ে বড় রহস্য কী?

জয়াবর্ধনে: রহস্য না থাকাই বড় রহস্য, ‘জাস্ট কিপ ইট সিম্পল!’ ব্যাটসম্যান হিসেবে যত বেশি সম্ভব রান করা, নিজের সামর্থ্যে আস্থা রাখা। যে জায়গাগুলোয় উন্নতি করা প্রয়োজন, সেসব নিয়ে কাজ করা। নিজের শক্তির জায়গা কাজে লাগানো এবং আত্মবিশ্বাস রাখা। এমনিতে আমি সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান, একসময় ভেবেছি টেস্টে সেটা বদলানো প্রয়োজন কি না। শেষ পর্যন্ত টেম্পারামেন্ট আর গেম প্ল্যানে খানিকটা সমন্বয় করা ছাড়া বড় পরিবর্তন করিনি। টেকনিক আর অন্য ব্যাপারগুলো আমার সব সময়ই ছিল, সেগুলোয় উন্নতির চেষ্টা করে গেছি। কিন্তু ব্যাপারটাকে জটিল করে তুলিনি। ক্রিকেট দারুণ উপভোগ্য খেলা, যতক্ষণ না নিজে এটাকে জটিল করে তুলছেন।

একজন ক্রিকেটার, ব্যাটসম্যান হিসেবে আপনার গড়ে ওঠা, এগিয়ে চলায় সাঙ্গাকারার ভূমিকা কতটা ছিল?

জয়াবর্ধনে: অনেক বড় ভূমিকা। ২০০০ সালে জাতীয় দলে একসঙ্গে হওয়ার পর থেকেই আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি, ভেবেছি। গ্রেটরা কীভাবে ব্যাটিং করে, কীভাবে খেলাটাকে দেখে, কোন জায়গাটায় আমাদের ঘাটতি আছে এসব। ওকে দেখেও আমি অনেক শিখেছি। ক্রিকেট নিয়ে ওর সঙ্গে কথা বলা মানেই দারুণ সব শিক্ষণীয় ব্যাপার...ওর ভাবনাগুলো, খেলাটাকে যেভাবে দেখে। ওর সঙ্গে দীর্ঘ ভ্রমণ ছিল দারুণ উপভোগ্য। শুধু কুমার নয়, মুরালি-অরবিন্দ-অর্জুনা-রোশান-দিলশান, সবার কাছ থেকেই শিখেছি। তবে সুখে-দুঃখে সব সময় সাঙ্গার মতো একজনকে পাশে পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার।

ক্যারিয়ারে এত এত অর্জন, আগামী বিশ্বকাপটা জিততে পারলে নিশ্চয়ই সেটা হবে সোনায় সোহাগা!

জয়াবর্ধনে: জিততে পারলে অবশ্যই দারুণ হবে। সেই সামর্থ্যও আমাদের আছে। তবে বিশ্বকাপ জয়ই শেষ কথা নয়, জিততে না পারা মানে দুনিয়ার শেষ নয়। আমরা উপভোগ করতে যাব ওখানে। ক্রিকেট খেলার জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দারুণ জায়গা। আমাদের বেশ কজনের জন্যই সেটি হবে শেষ টুর্নামেন্ট, সর্বস্ব উজাড় করে দেব।

রেকর্ড-পরিসংখ্যান আপনাকে খুব একটা ভাবায় না। কিন্তু অল্পের জন্য ব্যাটিং-গড় ৫০ নিয়ে শেষ করতে না পারায় কি একটুও আফসোস নেই?

জয়াবর্ধনে: আসলেই ওসব নিয়ে ভাবি না। তবে খানিকটা হতাশার তো বটেই। গড় ৫০ ছিল এই টেস্টে আমার চ্যালেঞ্জ, একটুর জন্য সেটি পারিনি। জীবন তো এ রকমই। সবকিছু সব সময় অর্জন করা যায় না। তবে একটুও আক্ষেপ নেই। এত এত অর্জন, অবসরজীবনে স্মৃতির ভেলায় ভাসতে সমস্যা হবে না!

ক্যারিয়ারে খেলা কঠিনতম বোলার কে?

জয়াবর্ধনে: ওয়াসিম আকরাম। আমার যখন শুরু, তখন সে হয়তো সেরা দিনগুলো পেছনে ফেলে এসেছে। তার পরও ছিল দারুণ গতিময় ও বৈচিত্র্যময়। চাতুর্যে হারিয়ে দিত ব্যাটসম্যানদের। আমি তখন আনকোরা, আমাকে ‘বানি’ বানিয়ে ফেলেছিল। ওর বোলিং খেলে অনেক শিখেছি। ম্যাকগ্রাও ছিল ভীষণ কঠিন। ওয়ার্নির বিপক্ষে খুব বেশি খেলা হয়নি। যতটুকু খেলেছি, দারুণ লড়াই হয়েছে। পরের দিকে জিমি অ্যান্ডারসন, সোয়ান, কুম্বলে, হরভজন, ভেট্টোরি...অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি উপভোগ করেছি। চ্যালেঞ্জ কঠিন বলেই না আমরা খেলাটা খেলি!

এবার স্ত্রী–সন্তানকে অনেক সময় দেওয়ার সুযোগ l এএফপি
এবার স্ত্রী–সন্তানকে অনেক সময় দেওয়ার সুযোগ l এএফপি

আপনার দেখা সেরা ব্যাটসম্যান?

জয়াবর্ধনে: গ্রেট সব ব্যাটসম্যানের ভিডিও দেখে আমি বড় হয়েছি। আমার কাছে ব্যাটিংয়ের শেষ কথা ভিভ (রিচার্ডস)। যেমন দাপুটে ছিলেন, খেলাটাকে যেভাবে নিয়ন্ত্রণ করতেন, বিশেষ করে কঠিন সময়ে...সেটাই তাঁকে আলাদা করে তুলেছে। এরপর শচীন, ব্রায়ান (লারা), স্টিভ (ওয়াহ), রিকি (পন্টিং), জ্যাক (ক্যালিস)...সবার সঙ্গেই খেলেছি। আমার দেশের অরবিন্দ, কুমার...সবার কাছ থেকেই অনেক শিখেছি। এই সেরাদের সঙ্গে খেলা, প্রতিদ্বন্দ্বিতা করা, কথা বলা, নিজেকে ওদের মতো করার প্রেরণা—এর সবই ছিল উপভোগ্য।

সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডে রাহুল দ্রাবিড়ের (২১০) ঠিক পেছনেই শেষ করলেন আপনি (২০৫)। এর অর্ধেকই মনে হয় স্লিপে! ভালো ফিল্ডিংয়ের রহস্য কী?

জয়াবর্ধনে: স্কুল থেকেই আমি স্লিপে ফিল্ডিং করি। ফিল্ডিংয়ে ভালো করতে হলে অবশ্যই ফিল্ডিং উপভোগ করতে হবে। শুরুর দিকে আমি অনেক বোলিং করতাম। পরে বোলিং ছেড়ে দেওয়ার পর মনে হলো ফিল্ডিংয়ে আরও বেশি অবদান রাখি। স্লিপে ফিল্ডিং করা আমার ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতেও অনেক সাহায্য করেছে। কাল (পরশু) রাহুল আমাকে খুদে বার্তা পাঠিয়েছে, ও ছিল অসাধারণ স্লিপ ফিল্ডার। জ্যাক (ক্যালিস, ২০০ ক্যাচ) ও রিকিও (পন্টিং, ১৯৬) দুর্দান্ত ফিল্ডার ছিল। ওদের সঙ্গে থাকতে পারাই বড় প্রাপ্তি।

খেলাটির একজন বড় দূত মনে করা হয় আপনাকে, ক্রিকেটের চেতনাকে ধারণ করেছেন সব সময়। এটাকে কীভাবে দেখেন?

জয়াবর্ধনে: খেলার সময় আমাদের ‘টাফ ক্রিকেট’খেলতে হয়। মাঠে অনেক সময় কথার লড়াইও স্বাভাবিক, তবে সেটা ‘স্বাস্থ্যকর’ হওয়া উচিত। আর মাঠের সবকিছু মাঠেই রেখে আসা উচিত। বিনয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি। আমি সেই পুরোনো আমলের লোকদের মতো, মাঠের বাইরে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে, মিশতে পছন্দ করি। পরদিন মাঠে সে-ই হয়তো আমার তুমুল প্রতিদ্বন্দ্বী। অন্য দলেও আমার অনেক বন্ধু। আমি সম্পর্ককে খুব মূল্য দিই এবং সামনেও দিয়ে যাব।

ওয়ানডে ক্রিকেট আরও কিছুদিন খেলবেন, এরপর কী? ভবিষ্যৎ কিছু ভেবেছেন এখনো?

জয়াবর্ধনে: জানি না এখনো। কোচিং করানোর ধৈর্য আমার নেই, অনেক কঠিন কাজ। তবে খেলাটায় কোনোভাবে অবদান রেখে যাওয়ার চেষ্টা করব, বিশেষ করে শ্রীলঙ্কান ক্রিকেটে। হয়তো জুনিয়র ক্রিকেটে সম্পৃক্ত হব। কোচ হিসেবে নয়, পরামর্শক হিসেবে। জাতীয় দলেও কাজে লাগতে পারি। তবে এ মুহূর্তে খুব বেশি দূর ভাবছি না। হুট করে একবারেই ক্রিকেট ছেড়ে দিচ্ছি না। আরও কিছুদিন ওয়ানডে খেলব, এরপর হয়তো কিছুদিন ‘ফান’ ক্রিকেট, এভাবে আস্তে আস্তে ছাড়ব।