'একটুর জন্য' যে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ল ইংল্যান্ডের শেষ উইকেট। বোলার ইয়াসির শাহর সঙ্গে সতীর্থদের জয়োল্লাস l রয়টার্স
পড়ল ইংল্যান্ডের শেষ উইকেট। বোলার ইয়াসির শাহর সঙ্গে সতীর্থদের জয়োল্লাস l রয়টার্স

একটুর জন্য কত কিছু হয় না!
সুমনের সেই গানের মতো—একটুর জন্য কারও পাস নম্বর নেই। একটুর জন্য কারও চাকরিটা হয় না। ইংল্যান্ডের খেলোয়াড়েরাও এখন আক্ষেপে গাইতে পারেন—একটুর জন্য টেস্ট বাঁচানো গেল না। ৬.৩ ওভার, একটুই তো! ফল, পাকিস্তানের ১৭৮ রানের জয় এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া।
এটাও আশ্চর্যের। দিনের শুরুতে যেটাকে ইংল্যান্ডের জন্য সাত সমুদ্র তেরো নদীর পথ মনে হচ্ছিল, শেষে এসে সেটাই কীভাবে ‘একটু’ হয়ে গেল! কীভাবে আদিল রশিদ নামে টেস্ট ক্রিকেটে নবাগত এক লেগ স্পিনার ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ালেন পাকিস্তানি বোলারদের সামনে, তারপর নায়ক হতে হতেও পারলেন না! এই ‘নায়ক হওয়া’ আর ‘একটুর জন্য না হতে পারা’র মধ্যে ব্যবধান—মাত্র ৬.৩ ওভার!
চতুর্থ ইনিংসে ৪৯১ রানের লক্ষ্য। সেটা তাড়া করে জয় তাত্ত্বিকভাবে সম্ভব হতে পারে, বাস্তবে আগে কখনো কোনো দল করতে পারেনি। ইংল্যান্ডও সম্ভবত সেই ভাবনা মাথায়ই আনেনি। চতুর্থ দিন শেষেই ১৩০ রানে ৩ উইকেট চলে যাওয়ার পর তো আরওই নয়। প্রবল আশাবাদী ইংলিশদের কেউ কেউ হয়তো তখনো ড্রয়ের স্বপ্ন দেখেছেন। কিন্তু সেটাও প্রায় দুমড়েমুচড়ে গেছে কাল লাঞ্চের আগেই ৬ উইকেট, আর চা-বিরতির আগেই ৮ উইকেট চলে যাওয়ায়। ইংল্যান্ড আর ড্রয়ের মধ্যে তখনো ৪১ ওভারের ব্যবধান। পাকিস্তান ও জয়ের মধ্যে ব্যবধান মাত্র ২ উইকেটের।
একটু ভুল হলো। পাকিস্তান আর জয়ের মধ্যে তখন প্রকৃত ব্যবধান ছিলেন আদিল রশিদ!
মাঠে নেমেছিলেন আসলে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট হিসেবে জস বাটলারের বিদায়ের পর। ৭ ওভার পর অন্য প্রান্ত থেকে বেন স্টোকসও গেলেন। আদিল-রূপকথার সত্যিকারের শুরুটা এর পরে। স্টুয়ার্ট ব্রডকে নিয়ে অষ্টম উইকেটে কাটিয়ে দিলেন ১৫ ওভার, রান এল ৬০। ইংল্যান্ড তখন রান গুনছে না, ওভার গুনছে। চা-বিরতির মিনিট চল্লিশেক আগে ব্রডও চলে যাওয়ায় দুবাইয়ের গ্যালারিতে প্রবল আশাবাদী ইংলিশ সমর্থকও হয়তো মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। অপেক্ষায় রাখলেন রশিদ। মার্ক উডের সঙ্গে তাঁর নবম উইকেটের জুটিটা ক্রিকেট রূপকথাতেই একটা আলাদা জায়গা পেত, যদি ম্যাচের ফলটা অন্য রকম হতো। দুজনে মিলে ৫৫ রান তুললেন ২৯.২ ওভারে! জুলফিকার বাবরের বলে মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ দিয়ে উড যখন বিদায় নিচ্ছেন, দিনের বাকি আরও ১১.২ ওভার।
এতদূর যখন এসেছেন, শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে নিয়ে কি বাকি পথটুকু যেতে পারবেন না? ইংল্যান্ডের ড্রেসিংরুমে বসে থাকা মুখগুলোতে সেই উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠাই পরে হতাশার অন্ধকারে মিলল যখন ইয়াসির শাহর বলে বাবরের হাতে ক্যাচ তুলে দিলেন আদিল রশিদ।
দিনের খেলা তখন ৬.৩ ওভার বাকি। একটুর জন্য কত কিছুই হয় না! তথ্যসূত্র: টেন ক্রিকেট।
১২৫
টেস্টে পাকিস্তানের এটি ১২৫তম জয়। ভারতকে (১২৪) ছাড়িয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ে পাকিস্তানের অবস্থান এখন পঁাচে
১৭৬
বল খেলেছে আদিল রশিদ-মার্ক উড জুটি। চতুর্থ ইনিংসে নবম উইকেটে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড
১৭৮
রানের হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয়