'একদিনেই সব সাফল্য শেষ হয়ে যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পূর্তি হলো অধিনায়ক মাশরাফির। ছবি: প্রথম আলো
দুই বছর পূর্তি হলো অধিনায়ক মাশরাফির। ছবি: প্রথম আলো

প্রশ্ন হতে পারত, অধিনায়ক হিসেবে কেমন কাটল গত দুই বছর? ২০১৪ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে আবারও নেতৃত্বের ভার ওঠে মাশরাফি বিন মুর্তজার কাঁধে। তাঁর দুর্দান্ত অধিনায়কত্বেই ওয়ানডেতে এই সময়ে বাংলাদেশ হয়েছে অন্যতম সফলতম দল। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের দুই বছর পূর্তিতে পেছনের উজ্জ্বল অধ্যায়ের কথা ওঠেইনি, বরং মাশরাফিকে ঘুরে-ফিরে প্রশ্ন করা হলো, আফগানদের বিপক্ষে সিরিজটা জিততে পারবেন তো?

গত দুই বছরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ২৫ ওয়ানডে। জিতেছে ১৯টিতে, হেরেছে মাত্র ৬টি। ২০১৫ বিশ্বকাপের সাফল্য তো আছেই, তাঁর অধিনায়কত্বে এই সময়ে ঘরের মাঠে এখনো কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এর মধ্যে আছে আবার ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে রঙিন সব মুহূর্ত।
কিন্তু মাশরাফির নেতৃত্বে ঘরের মাঠে ‘অজেয়’ থাকার রেকর্ডে এবার ছেদ পড়ার শঙ্কা। আর সেই আশঙ্কা-সংশয়টা তৈরি হয়েছে কি না আফগানিস্তানের বিপক্ষে!
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা। কাল ম্যাচ শেষে এটি বদলে হবে ২-১। কিন্তু ‘২’ কোন দলের পাশে বসবে সেটিই হচ্ছে কথা। যদিও সিরিজের আগে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল সিরিজটা ৩-০ ব্যবধানে জিতবে। কিন্তু গত ম্যাচটা হেরে যাওয়ায় দৃশ্যপট গেছে উল্টে। দলের পারফরম্যান্স নিয়ে চারদিকে নানা আলোচনা-সমালোচনা।
এতে খানিকটা হতাশ হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মাশরাফি, ‘আমাদের আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। মনে হয় না এত দিন যে কাজগুলো করে এসেছি, যে সাফল্যগুলো পেয়ে এসেছি, তা একটি ম্যাচেই শেষ হয়ে যাবে। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টসহ আমরা ২০-২২ জনের যে স্টাফ আছি, সবাই হতাশ। তার মানে এই নয় যে আমরা এত দিন যে কাজগুলো করেছি তা ভুলে গেছি। ক্রিকেটে একটা খারাপ দিন আসতেই পারে। এগুলো মাথায় নিয়ে খেলতে নামলে কাজটা আরও কঠিন হয়ে যাবে। আমরা চেষ্টা করছি মানসিকভাবে নির্ভার থেকে মাঠে নামতে।’