'একবারও মনে হয়নি আমরা পারব না'

প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। হোক না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, বৈশ্বিক পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য এটি। বাংলাদেশ তাদের এই স্বপ্নযাত্রায় গ্রুপপর্বটা আয়েশ করে পার করলেও নেপালের বিপক্ষে আজকের কোয়ার্টার ফাইনালে কোণঠাসা হয়েছিল বেশ কয়েকবার। খেলার মাঝপথে তো মনে হচ্ছিল আবারও কোয়ার্টার ফাইনাল থেকেই ফিরে যেতে হবে বাংলাদেশকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য সেই দলে নেই। আত্মবিশ্বাসী মিরাজ জানালেন, মাঠে এক মুহূর্তের জন্যও ভয় পাননি তাঁরা।
২১১ রান তাড়া করতে নেমে ৯৮ রানে দলের ৪ উইকেট নেই। টপ অর্ডারের ব্যাটিং দেখে মনে হচ্ছিল উইকেটে বোধ হয় মাইন পুতে রাখা রয়েছে। এমন অবস্থায় বাকি ২১.৫ ওভারে করতে হবে ১১৪ রান। সেই সঙ্গে অতীতের একটা মনস্তাত্ত্বিক বাধা তো আছেই-কখনোই বিশ্বকাপের সেমি ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা। এমন পরিস্থিতি চাপ অনুভব করাটাই স্বাভাবিক। কিন্তু মিরাজ শোনালেন ভিন্ন কথা, ‘আমরা কখনোই চাপ নিইনি। শুরুতে আমাদের উইকেট পড়ে যাওয়ায় একটু সমস্যা হয়েছে। আমি যখন উইকেটে যাই, অবশ্যই একটু চাপ ছিল। কিন্তু জাকিরই আমাকে বলেছিল যে আমরা শুধু সিঙ্গেল খেলব, স্ট্রাইক রোটেট করব। চার-ছয়ের জন্য যাব না। ওর কথা খুব কাজে লেগেছে। আমি আর জাকির সেট হওয়ার পর কিন্তু ভালো ব্যাট করেছি। সমস্যা হয়নি।’
ইনিংসের শুরুতে বাংলাদেশের ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ২১ রান দলের ওপর চাপ ফেলে দিয়েছিল। ১৫ ওভারের পাওয়ার প্লে শেষে মাত্র ৪৫ রানও খুব একটা স্বস্তিদায়ক নয়। কিন্তু মিরাজ জানালেন, এটি পরিকল্পনারই অংশ ছিল, ‘আমাদের পরিকল্পনা ছিল ১০ ওভার দেখে খেলা। উইকেট দেব না। আস্তে আস্তে ক্রিকেট খেলব। শেষের দিকে আমাদের ব্যাটিং খুব ভালো। উইকেট রাখতে পারলে শেষের দিকে অনেক ভালো খেলতে পারি। সেটার প্রমাণ কিন্তু আমরা দিয়েছি। আমি আর জাকির যখন খেলছিলাম, শেষের দিকে ১০ ওভারে ৭০ রানের মতো লাগত, আমরা কিন্তু ১০ বল আগেই শেষ করেছি। ম্যাচ যে আমরাই জিতব সেই বিশ্বাসটা আমাদের ছিল।’
বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েছেন, ব্যাট হাতে করেছেন ম্যাচ জেতানো ৫৫ রান। বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে বোলিং করিয়েছেন। মিরাজ আজ হয়ে উঠেছিলেন সত্যিকারের মাঠের নেতা। কিন্তু সে প্রসঙ্গ আসতেই সাফল্যের কৃতিত্বটা দিয়ে দিলেন দলের সবাইকে, ‘অধিনায়ক হিসেবে আমি সব সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। চেষ্টা করি দল যেন সব সময় ভালো ফল করে এবং আমি যেন তাতে অবদান রাখি। নেতৃত্বটা উপভোগ করি সব সময়। আর দলের সবাই আমাকে খুব সাহায্য করে।’
আগে না জানালেও আজ জানালেন, নিজেদের প্রাথমিক লক্ষ্যই ছিল সেমিফাইনালে খেলা, ‘এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছি। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের পরিকল্পনাই ছিল সেমিফাইনাল খেলব। আমাদের ভেতর বিশ্বাস ছিল। এ জন্যই এটা করতে পেরেছি আমরা। খুব ভালো লাগছে।’