'এখনো আমরাই এগিয়ে'

নির্দিষ্ট লক্ষ্য ছিল না ব্যাটসম্যানদের জন্য। নির্দিষ্ট লক্ষ্য নেই বোলারদের জন্যও। তবে বোলার-ব্যাটসম্যান সবার কাছেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের বাড়তি চাওয়া আছে। সবাইকে দেওয়া নির্দেশনাতেই জোর দিয়ে জুড়ে দিয়েছেন ‘যতটা সম্ভব’ কথাটা।
প্রথম ইনিংসে যেমন ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল রান যতটা সম্ভব বাড়িয়ে লিডও যতটা সম্ভব বড় করা। ব্যাটসম্যানরা এ কাজে কোচকে পুরোপুরি খুশি করতে পেরেছেন বলে মনে হয় না। অন্তত শ খানেক রানের লিড আশা করেছিলেন হাথুরুসিংহে। সেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে করল মাত্র ৭৮ বেশি। কাল দিন শেষ হওয়ার আগ পর্যন্ত প্রোটিয়ারা এ রানও টপকাতে পারেনি। কোচের অতৃপ্তি তবু থাকছেই।
আপাতত তাঁর সব প্রত্যাশা বোলারদের কাছে। মুস্তাফিজ-সাকিবদের কানে ড্রেসিংরুমেই মন্ত্র পড়ে দিয়েছেন, যতটা সম্ভব তাড়াতাড়ি থামিয়ে দিতে হবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। দিন শেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা লিটন কুমার দাস যদিও বলেছেন, ১৫০-২০০ রানের লক্ষ্য হলে জেতা অসম্ভব নয়, কোচ কিন্তু সে রকম কোনো লক্ষ্য বেঁধে দেননি। তিনি চান প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে যতটা সম্ভব কম রানের লক্ষ্যে ব্যাট করা। অন্যদিকে বিনা উইকেটে ৬১ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকার প্রাথমিক লক্ষ্য নিজেদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া। জয়ের কথা তারা ভাবতে শুরু করবে এরপর।
তৃতীয় দিন শেষে টেস্টটা তাই দুই দলের দিকেই সমানভাবে হেলে আছে মনে হচ্ছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ফিফটির দেখা পাওয়া লিটন তবু সম্ভাবনার পাল্লা টেনে ধরতে চাইলেন নিজেদের দিকে, ‘এখনো আমরাই এগিয়ে। উইকেটটা রান করার জন্য একটু কঠিন। আমরা যদি আজ (গতকাল) শুরুতেই ওদের দুই-তিনটা উইকেট ফেলে দিতে পারতাম, তাহলে ভালো হতো। সেটা না হলেও এখন পর্যন্ত আমরাই এগিয়ে আছি।’
বাস্তবতা যা-ই হোক, এগিয়ে থাকার উপলব্ধি টনিকের কাজ করলে ক্ষতি কী! এটাকে ধরে রাখতে কোচের মতো লিটনও এখন তাকিয়ে বোলারদের দিকে, ‘আমাদের বোলিং খুব ভালো করতে হবে। আমরা এখনো কিছু রানে এগিয়ে। এটা একটা ইতিবাচক দিক। উইকেট বোলিং-সহায়ক হচ্ছে। সেটাকে কাজে লাগাতে হবে।’
ব্যাটসম্যানরা তাঁদের কাজ যতটুকুই করে এসেছেন, তাতে লিটনেরও বলার মতো অবদান। তামিম ইকবাল-মাহমুদউল্লাহর ৮৯ রানের তৃতীয় উইকেট জুটির পর সাকিব আল হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ৮২ রানের জুটিরও যে বড় ভূমিকা বাংলাদেশের লিড নেওয়ায়! ৫০ করে আউট হয়ে যাওয়া লিটনের মধ্যে তবু অতৃপ্তি, ‘আমার লক্ষ্য আরও বড় ছিল।’ সেই লক্ষ্য পূরণ না হওয়ার একটা কারণ অবশ্যই উপযুক্ত সঙ্গীর অভাব। দিনাজপুরের এই তরুণও বলছিলেন, ‘ওই সময় বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে কেবল আমিই ছিলাম। আর যারা ছিল, সবাই লোয়ার অর্ডার। যতটুকুই খেলেছি, আমার মনে হয় ভালো একটা ইনিংস ছিল আমার। চেষ্টা ছিল যত বেশি বল খেলা যায়।’
শেষ কথাটার সঙ্গে মেলে না তাঁর ঘরোয়া ক্রিকেটের চরিত্র। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচেও আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লিটনের। সেভাবে খেলেই সর্বশেষ জাতীয় লিগের সর্বোচ্চ স্কোরার। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে খেলা একমাত্র ইনিংসেও ৪৪ করেছিলেন ৪৫ বলে। সেই লিটনের ব্যাট কাল যেন অনেকটাই খোলসবন্দী। ফিফটি করলেন ১০১ বলে! তিনি অবশ্য ব্যাখ্যা দিলেন, ‘ঘরোয়া ক্রিকেটে অনেক বাজে বল পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটে ওই রকম পাওয়া কঠিন। আর উইকেটও একটু মন্থর ছিল। শট খেলা সহজ ছিল না।’
শুধু ব্যাটিংয়ে নয়, লিটন নিজেকে চিনিয়ে যাচ্ছেন উইকেটকিপিংয়েও। কিপিং গ্লাভস হাতে এই টেস্টে কাল পর্যন্ত তাঁর কোনো ব্যর্থতা নেই। বরং প্রথম ইনিংসে ক্যাচ নিয়েছেন তিনটি। ব্যাটিং-কিপিং দুই ধরনের গ্লাভস পরেই সফল হচ্ছেন বলে টেস্ট দলে জায়গা ধরে রাখার আত্মবিশ্বাসটাও নিশ্চয়ই জোর পাচ্ছে। তবে লিটনের দর্শন মনে হলো একটু ভিন্নই, ‘আসলে এভাবে চিন্তা করে ক্রিকেট হয় না। আমি মনে করি, যখন কিপিং করি, আমার কাজ কিপিংই করা। যখন ব্যাটিংয়ে নামি, ব্যাটিং করা। দুই জায়গাতেই শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
আপাতত এই প্রত্যাশা বোলারদের কাছে। জয়ের জন্য যতটা সম্ভব কম রানেরই যে লক্ষ্য চায় বাংলাদেশ!