'এখনো বাংলাদেশ এগিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ফিফটির স্বাদ পেয়েছেন লিটন। ছবি: শামসুল হক
প্রথম ফিফটির স্বাদ পেয়েছেন লিটন। ছবি: শামসুল হক

২২তম ওভারে এক বল করতেই বৃষ্টির হানা। ওভারটা শেষই করতে পারলেন না জুবায়ের হোসেন। মাঠ ছাড়তে ছাড়তে জুবায়েরকে শূন্যে আঙুল ঘুরিয়ে কী যেন বোঝালেন অধিনায়ক মুশফিকুর রহিম। পরের বলগুলো কেমন করতে হবে, সেটা নিয়েই কি আলোচনা? অবশ্য পরের বলগুলো আজ আর করা হয়নি জুবায়েরের। বৃষ্টির কারণে দিনের খেলার সমাপ্তি ওখানেই।

গত দুটো দিনে স্পষ্টভাবেই এগিয়ে ছিল বাংলাদেশ। আর আজ? দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছে দারুণ। কোনো উইকেট না হারিয়েই ৬১ রান। ম্যাচে দুদলের মধ্যে এখনো ভারসাম্য। যদি কেউ এগিয়ে থাকে তবে সেটা প্রকৃতি। ম্যাচের গতিপথ নির্ধারণে বিরাট ভূমিকা পালন করছে প্রকৃতি। তবে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পাওয়া লিটন দাসের কাছে এখনো বাংলাদেশই এগিয়ে।
ম্যাচে পারফর্ম করে আজ প্রথম সংবাদ সম্মেলনে আসার অভিজ্ঞতা হলো লিটনের। কারা এগিয়ে—উত্তরটা বেশ গুছিয়েই দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান, ‘আমাদের ইনিংসটা আরও বড় হলো ভালো হতো। তবে যেটা হয়েছে, খারাপ হয়নি। ৭৮ রানের লিড ছিল। আমরা এখন পর্যন্ত এগিয়েই আছি। উইকেটে রান তোলা একটু কঠিন। আজ ওদের দুই-তিনটা উইকেট দ্রুত ফেলে দিতে পারলে আমাদের জন্য আরও ভালো হতো। তবুও বলব, আমরা এগিয়ে আছি।’ ম্যাচ কোন দিকে গড়াবে, এখনো বলা কঠিন। তবে লক্ষ্যটা ১৫০-২০০ এর মধ্যে থাকলে বাংলাদেশের জেতার দারুণ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন লিটন।
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ৪৪ রানের ইনিংস খেলে আগমনী বার্তা দিয়েছিলেন। আজ পেয়ে গেলেন ফিফটি। ইনিংসটা বড় না হলেও তৃপ্তির আভা লিটনের চোখে-মুখে, ‘লক্ষ্যটা আরও বড় ছিল। যেহেতু ওই সময় বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে আমিই ছিলাম। এরপর সবাই লোয়ার অর্ডার। যতটুকু খেলেছি, ভালো একটা ইনিংস ছিল আমার। লক্ষ্য ছিল বোলারদের নিয়ে যতটুকু খেলা যায়।’
গতকাল ফিফটির ইনিংসটা টেনে নিতে পারেননি তামিম ও মাহমুদউল্লাহ। আজ লিটনও একই পথে হাঁটলেন। ফিফটির দোরগোড়ায় গিয়ে নিজ দোষে আউট হয়েছেন সাকিব আল হাসান। সাকিব ওভাবে উড়িয়ে মারতে না গেলে বাংলাদেশ আরও ভালো লিড পেত। তবে এখন আর ​পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই। বাংলাদেশ দলও তাকিয়ে আছে সামনে।