'এটা এক কিংবদন্তিকে অপমান' - বিসিসিআইয়ের ওপর খ্যাপা গাভাস্কার

আইপিএল কবে হবে? হলে কীভাবে হবে? বিদেশি ক্রিকেটাররা খেলবেন তো?
২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসে আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ হয়ে আছে আইপিএল। তবে খেলা না থাকলেও আলোচনা তো আর থেমে নেই। এসব প্রশ্নও তাই উঠছে। তবে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিতর্কের দেখাও মিলছে। বিদেশি ক্রিকেটারদের খেলা-না খেলা নিয়ে প্রশ্নে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বেফাঁস এক মন্তব্য করেছেন। যেটি নিয়ে খেপেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
আইপিএলে বিদেশি ক্রিকেটাররা না থাকলে টুর্নামেন্টটা সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টের (ত্রিশ-চল্লিশের দশকের ভারতীয় তারকা ক্রিকেটারের নামে আয়োজিত ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) মতো হয়ে যাবে—বিসিসিআইয়ের এক কর্মকর্তা সম্প্রতি এমনটাই বলেছিলেন। কিন্তু দেশের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার এমন মন্তব্য মোটেও ভালো লাগেনি গাভাস্কারের। তাঁর চোখে, এতে সৈয়দ মুশতাক আলীকে অপমান করা হচ্ছে।
স্পোর্টস্টারে নিজের কলামে ভারতীয় কিংবদন্তি লিখেছেন, ‘আইপিএল হবে কি না, সেটা নির্ভর করে কত দ্রুত কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি খেলোয়াড়েরা ভারতে ঢোকার ভিসাই পাবেন না। তাই টুর্নামেন্টটা শুরু হতে আরও বেশি সময় লাগতে পারে। বিদেশি খেলোয়াড়েরা টুর্নামেন্টে ভিন্ন একটা স্বাদ নিয়ে আসে, টুর্নামেন্টে বাড়তি রোমাঞ্চ নিয়ে আসে। তাই তাঁদের টুর্নামেন্টে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’
এরপরই গাভাস্কার ধুয়ে দিয়েছেন বিসিসিআইকে, ‘এত কিছু বলার পরও বলতে হচ্ছে, বিসিসিআইয়ের কথিত একজন কর্মকর্তা যখন বলেন, ‘‘বিসিসিআইকে নিশ্চিত করতে হবে খেলাটা যাতে অনাকর্ষণীয় না হয়। আমরা আরেকটা মুশতাক আলী টুর্নামেন্ট চাইনি’’, সেটা অবিশ্বাস্য রকম অসহনশীল একটা বিবৃতি।’
কেন তাঁর এমন মনে হচ্ছে, সেটির ব্যাখ্যায় গাভাস্কার লিখেছেন, ‘প্রথমত, এটা এক কিংবদন্তিকে অপমান, যাঁর নামে এই টুর্নামেন্টটার নাম দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এতে প্রশ্ন ওঠে, যদি টুর্নামেন্টটা (মুশতাক আলী টুর্নামেন্ট) এত ‘‘বাজে’’ মনে হয়েই থাকে, তাহলে আর টুর্নামেন্টটা আয়োজন করেনই-বা কেন? পাশাপাশি, এই টুর্নামেন্টটা কেন বাজে? অবশ্যই সেটা বিদেশি খেলোয়াড় না থাকার কারণে নয়, বরং সেখানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলেন না বলেই। বিসিসিআইয়ের এদিকটাতেও খেয়াল রাখা উচিত।’