'এটা সত্যিই ভীষণ লজ্জার'

গতকালই প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী কেপি: দি অটোবায়োগ্রাফি। আত্মজীবনীতে সাবেক কোচ ও সতীর্থদের সম্পর্কে পিটারসেনের বিভিন্ন মন্তব্যের চুম্বক অংশ আগেই প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন পত্রিকায়। বই প্রকাশের আগেই তাই হইচই পড়ে গেছে ইংল্যান্ডে, ক্রিকেট-বিশ্বে। পরশু রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন পিটারসেন কথা বলেছেন তাঁর সেই বিতর্কিত আত্মজীবনী নিয়ে, পরিষ্কার করতে চেয়েছেন তাঁর অবস্থানও
আপনি কি মনে করেন ইংল্যান্ড আপনাকে বঞ্চিত করেছে?
কেভিন পিটারসেন: না, না, না...অসাধারণ একটি ক্যারিয়ার পার করেছি আমি; মোটেও তা মনে করি না। যখন ইংল্যান্ড ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলাম, তখনো ভাবিনি এ রকম দারুণ একটি ক্যারিয়ার হবে আমার। হয়তো কিছু বাজে সময় গেছে, কিছু বিষয় ঠিকঠাক যায়নি। তবু পেছনে ফিরে তাকালে আমি তৃপ্তই। আমি লর্ডসে খেলেছি, সারে তো নিজের মাঠই। দক্ষিণ আফ্রিকায় খেলেছি। খেলেছি ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। যে মাঠের নাম বলবেন, সেখানেই খেলেছি। অনেকগুলো ট্রফি জিতেছি ইংল্যান্ডের হয়ে। এর পরও কি বলব, আমি বঞ্চিত হয়েছি? মোটেও না।
আপনি ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক। সুইচ হিটের মতো নতুন শট আবিষ্কার করে প্রমাণ দিয়েছেন উদ্ভাবনী ক্ষমতার। সবাই এখনো আপনাকে দারুণভাবেই মূল্যায়ন করে। কী কারণে সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতি হলো বলে মনে করেন? ব্যক্তিত্বের সংঘাত, ঈর্ষাপরায়ণতা নাকি ভুল-বোঝাবুঝি?
পিটারসেন: আমাদের এখন সতীর্থদের নিয়ে কথা না বলে শুধু কোচকে (ফ্লাওয়ার) নিয়েই বলা উচিত। এটাই সবচেয়ে বড় বিষয় ছিল। ফ্লাওয়ার আমাকে পছন্দ করতেন না। তিনিই আমাকে দল থেকে বের করতে চেয়েছিলেন। যখন সুযোগ পেতেন, তখনই নোট নিয়ে রাখতেন। এবং শেষ পর্যন্ত তিনি সুযোগটা পেলেন। এটি সত্যিই দুর্ভাগ্যজনক, সবকিছু এভাবে শেষ হলো। তবে আমার পথচলাটা সত্যিই দারুণ ছিল।
কিন্তু আপনি তো বইয়ে লিখেছেন আপনার বাদ পড়ার পেছনে সতীর্থদেরও হাত ছিল?
পিটারসেন: তাদের ভূমিকা ছিল, কারণ সে ভূমিকা রাখার সুযোগ তারা পেয়েছে। একজন উপযুক্ত ম্যানেজার, যোগ্য কোচ অবশ্যই এ রকম পরিস্থিতি হতে দিতেন না। ইংল্যান্ডের কোচের দায়িত্বে যদি দুর্দান্ত একজন থাকতেন, তাহলে কখনোই এ রকম কিছু হতো না।
ইসিবির ফাঁস হওয়া ফ্লাওয়ারের ই-মেইল নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল—
* অ্যাডিলেড টেস্টের আগে বেশি রাত করে না ফেরার কড়া নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন।
* পার্থ টেস্টে যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে ‘যেভাবেই হোক’ বাড়ি ফিরতে চেয়েছিলেন।
* এবং বেশ কয়েকবার দল নিয়ে অপমানজনক কথা বলেছেন, এতে দলের মনোবল নষ্ট হয়ে গিয়েছিল।
পিটারসেন: এটা সত্যিই ভীষণ লজ্জার, যখন বোর্ড নিজেই এ রকম কিছু ফাঁস করে এবং এরপর তা অস্বীকারও করে। সামাজিক গণমাধ্যমগুলোয় আপনি দেখেছেন কীভাবে তা সবখানে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আমার কথা বলার বিন্দুমাত্র আগ্রহ নেই। এখন লোকজন সিদ্ধান্ত নেবে তারা কোনটি সত্য মনে করবে।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত অনেক ক্রিকেটারই ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। আপনাকে নিয়েই কেন এত বিতর্ক?
পিটারসেন: (বড় দীর্ঘশ্বাস, সিলিংয়ের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলেন) আমি জানি না, সত্যিই কোনো ধারণা নেই। হয়তো খেলাটা আমি যেভাবে খেলেছি, সে জন্য। হয়তো প্রতিবার ব্যাটিংয়ের সময় যে পরিমাণ প্রত্যাশার ভার নিয়ে খেলতে নেমেছি, সে জন্যই। যখন প্রত্যাশার ভার মেটাতে পারিনি, তখন সবাই অসন্তুষ্ট হয়েছে। কখনো আবার সবাইকে খুশি করতে পেরেছি। সামাজিক গণমাধ্যমের এই যুগে প্রত্যেকের মতামতই উন্মুক্ত। পৃথিবী বদলে গেছে। বিফির (ইয়ান বোথাম) কথাই ভাবুন, কী চড়াই-উতরাই না পেরোতে হয়েছে তাঁকে। একবার ভেবে দেখুন তাঁর সময়ে যদি সামাজিক গণমাধ্যমগুলো থাকত! প্রত্যেকেরই মতামত আছে এবং স্বাভাবিকভাবেই তা সবার পছন্দ হবে না। এই নিয়েই আপনাকে থাকতে হবে। এবং যখনই তা বুঝতে পারবেন, তখনই আপনি স্মার্ট হবেন। দেখুন না, টুইটারকে আমি ভালোবাসি!
ইসিবির সঙ্গে যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পার করলেন, তাতে মনে একটুও কি খেদ নেই—ইংল্যান্ডের হয়ে কেন খেলতে গেলাম, দক্ষিণ আফ্রিকার হয়ে কেন নয়?
পিটারসেন: মোটেও না, একমুহূর্তের জন্যও না। আমি এই পথচলাকে উপভোগ করেছি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে দারুণ অভিজ্ঞতা।
কিন্তু আপনি যদি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেন, তাহলে তো এখনো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারতেন!
পিটারসেন: এমনও তো হতে পারত যে, দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলারই সুযোগ পেলাম না! কী হতে পারত, তা কে জানে। আমি শুধু জানি ১৫ বছর ধরে কী হয়েছে। এই যাত্রাটি কি চমৎকার ছিল না? নিঃসন্দেহে অসাধারণ ছিল। যদি ইংল্যান্ডকে পছন্দ না করতাম, তাহলে কবেই চলে যেতাম। আমার স্ত্রী ইংলিশ, আমার ছোট্ট ছেলেটিও ইংলিশ। আমরা এখানে অনেক সুখে আছি। এখান থেকে যাওয়ার প্রশ্নই ওঠে না।
সবাই জানে আপনি মন খুলে কথা বলতে ভালোবাসেন। তাহলে ইসিবির সঙ্গে আট মাস প্রকাশ্যে কথা না বলার অঙ্গীকার করতে গেলেন কেন?
পিটারসেন: এটি ছিল নিজেদের মধ্যকার ব্যাপার। আমি কিছু মনে করিনি। আসলে এতে আমার ভালোই হয়েছে। আমি চিন্তা করতে শিখেছি, ভাবনাগুলো একত্র করার সুযোগ পেয়েছি, সবকিছু নিয়মমতো হয়েছে, আমার মাঝে পরিমিতিবোধ এসেছে। আমি ধীরস্থির থেকেছি, একটি বইও লিখেছি। বইয়ের প্রতিটি লেখার দায়দায়িত্ব আমার। পুরো প্রক্রিয়াটিই ছিল দুর্দান্ত।
যখন চুক্তি থেকে আপনাকে জোর করে বের করে দেওয়া হলো, তখন রাগের মাথায় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা মাথায় আসেনি?
পিটারসেন: মানুষ বলে, ‘কিছু একটা করো...কেন কিছু করছ না?’ এটা টুইট করে কিংবা মেসেজে বলা খুব সহজ। কিন্তু জানেন উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া কতটা কঠিন? কী পরিমাণ অর্থ খরচ হয় এর পেছনে? এ রকম একটি মামলার পেছনে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ হয়। আপনি কোনো কিছু জেতার নিশ্চয়তা দিতে পারেন না।
ইংল্যান্ডের হয়ে খেলার বাস্তবসম্মত সম্ভাবনা কতটুকু আছে?
পিটারসেন: আমি আশাবাদী মানুষ। ১৫ বছর আগে যখন ইংল্যান্ডে এসেছিলাম, তখন আমি টুকটাক অফ স্পিনের সঙ্গে কাজ চালানোর মতো ব্যাটিং করতে জানা কিশোর। শেষ পর্যন্ত যতটুকু অর্জন করতে পেরেছি, তাতেই আমি সন্তুষ্ট। কাজেই কে জানে, কী হতে যাচ্ছে! পৃথিবী এখন অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে।
আপনি দেখেছেন ইংল্যান্ড দলে প্রতিষ্ঠিত হতে কতটা পরিশ্রম করতে হয়। আপনার সন্তান যদি আপনার পথে যেতে চায়, সে ক্ষেত্রে কেমন লাগবে?
পিটারসেন: ও যা করতে চাইবে, ঠিক তাই হবে। আমি ওকে কোনো চাপ দেব না। আমি শুধু ওকে দারুণ একজন মানুষ হিসেবে দেখতে চাই।
আজ থেকে ১০ বছর পরে মানুষ আপনাকে কী জন্য মনে রাখবে?
পিটারসেন: আমি জানি সপ্তাহজুড়ে অনেক কিছুই হয়েছে। কিন্তু যদি সামাজিক গণমাধ্যমে দেখেন, লোকজন বলছে ‘আমরা তোমার ব্যাটিং মিস করি’, ‘তোমাকে ব্যাটিংয়ে দেখতে চাই’। আমার মনে হয় না মানুষ আমাকে এসব বিতর্কের জন্য মনে রাখবে। সবাই আমাকে আমার ক্রিকেটের জন্যই মনে রাখবে—এতেই আমি সুখী।