'এটাই বাংলাদেশের সেরা দল'

সাধারণত ম্যাচ শেষ হওয়ার ১০-১৫ মিনিটের মধ্যেই শুরু হয় সংবাদ সম্মেলন। আজ ১৫ মিনিট যায়, ৩০ মিনিট যায়, সংবাদ সম্মেলন শুরু হয় না। হবে কী করে! পাকিস্তানকে বাংলাওয়াশের পর অভিনন্দন আর ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হচ্ছিলেন মাশরাফিরা। সে এক অপূর্ব দৃশ্য! এমন দৃশ্য যতই দেখা যায়, তবুও মন ভরবে না।
ড্রেসিংরুমের পাশে মানুষের ভিড়। সেলফি তোলার হিড়িক পড়ে গেছে। সেলফি-ঝড়ের কবলে পড়লেন মাশরাফি-তামিম-সাকিব-নাসির-সাব্বির, এমনকি আজকের নায়ক সৌম্য সরকারও। সব হুজ্জত ঠেলে অতঃপর সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মুর্তজা, যেন রাজ্যজয়ী সেনাপতি।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়ের পর নিশ্চয় হতাশা ছুঁয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। পাকিস্তানকে বাংলাওয়াশ করে সে জ্বালা কি কিছুটা জুড়াল? মাশরাফি বললেন মাশরাফির মতোই, ‘জীবনে কোনো কিছু নিয়েই আফসোস করিনি। বিশ্বকাপের সেই ম্যাচ নিয়েও আফসোস নেই। তবে দুটোর স্বাদ দুই রকম। ওটা ছিল বিশ্বকাপ। জিততে পারলে সেমিফাইনালে চলে যেতাম। আর আজ হারালাম পাকিস্তানকে। ড্রেসিংরুমে সবাই বলছিল, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আমরা হ্যাপি...!’ অমনি সংবাদ সম্মেলনে হাসির হুল্লোড়! এরপরই স্বভাবসুলভ রসিকতায় মাশরাফি যোগ করলেন, ‘..রুবেলও হ্যাপি!’ আরেক দফা হাসিতে ফেটে পড়লেন উপস্থিত সাংবাদিকেরা।
বাংলাদেশ দলের চেহারাটাই বদলে গেছে এখন। দল খেলে কেবলই জয়ের জন্য। এ বদলের রহস্য কী? মাশরাফি কেবলই বললেন, ‘শরীরী ভাষা ঠিক রেখে মাঠে খেলা। ছোটখাটো বিষয়গুলোই ম্যাচের চেহারা বদলে দেয়। আজ যেমন নাসিরের ক্যাচটা গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ রকম হাফ–চান্স কাজে লাগালে দল উজ্জীবিত হয়। আজ যেভাবে কঠিন পরিস্থিতি সামলেছি আমরা। এভাবে করতে পারলে ভবিষ্যতেও সাফল্য অব্যাহত থাকবে।’
দলের এ সাফল্যে অধিনায়ক মাশরাফির ভূমিকা অনেক। মাশরাফি তো অধিনায়ক নন, সত্যিকারের নেতা। তবে বিনয়ী মাশরাফি বরাবরের মতো সব কৃতিত্ব ভাগ করে দিলেন সতীর্থদের, ‘আসলে দল সাফল্য পেলে সব অধিনায়কেরই সুনাম হয়। দলের সবার অবদান রয়েছে। সবাই কঠোর পরিশ্রম করেছে। তবে এখানেই শেষ নয়। আমরা আরও ভালো করতে পারি। এভাবে চললে, আমরা ইনশা আল্লাহ ভবিষ্যতে আরও ভালো করব।’
মাশরাফি জাতীয় দলে খেলছেন দীর্ঘদিন। বহু জয়-পরাজয়ের সাক্ষী। তাঁর দেখা বর্তমান দলটি কি সেরা দল? বললেন, ‘বিশ্বকাপের আগেই বলেছিলাম, এটাই সেরা দল। তবে আমি অন্য সময়ের দলকে ছোট করতে চাই না। আগে যেমন জয় গুরুত্বপূর্ণ ছিল, এখনো তা-ই। তবে অধিনায়ক হিসেবে বলব, এটাই বাংলাদেশের অন্যতম সেরা দল।’