'এভাবে সরে দাঁড়ানো উচিত হয়নি ধোনির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আজহারউদ্দিন।
মোহাম্মদ আজহারউদ্দিন।

মহেন্দ্র সিং ধোনির অবসরের ব্যাপারটাকে অনেকেই ‘সম্মান নিয়ে মাথা উঁচু করে সরে দাঁড়ানো’ হিসেবে অভিহিত করছেন। তাঁদের অভিমত, নিজের ভবিষ্যৎ​টটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন ভারত অধিনায়ক। সেই ইংল্যান্ড সফর থেকে তাঁর অধিনায়কত্ব নিয়ে ভারতীয় গণমাধ্যমে তীব্র সমালোচনা, চলমান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে সকলের উচ্ছ্বাস, তাঁর মধ্যে অত্মোপলব্ধিটা এনে দিয়েছিল। তাঁকে হয়ত সরিয়েই দেওয়া হত, কিন্তু সেই সুযোগ অন্যকে তিনি দিলেন না, সরে গেলেন নিজে থেকেই। মর্যাদার পুরোটা অক্ষুন্ন রেখেই।
কিন্তু সিরিজের মাঝপথে ধোনির সরে যাওয়াটা খুব ভালোভাবে নিচ্ছেন না সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। কলকাতার একটি দৈনিকের কাছে দেওয়া সাক্ষাৎ​কারে আজহার বলেছেন, ‘ধোনির সিদ্ধান্তটা চমকে দেওয়ার মতোই। কিন্তু ওর এভাবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হয়নি। সিরিজের মাঝপথে সরে দাঁড়ানোটা একেবারেই উচিত হয়নি।’
আজহার নিজের অভিমতের পক্ষে দিয়েছেন বিশদ ব্যাখ্যাও, ‘মিডিয়া অনেক কিছুই বলবে। ধারাভাষ্যকারেরাও সমালোচনা করবে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে এসব গায়ে মাখলে চলে না। অস্ট্রেলিয়াতে ভারত একটা গুরুত্বপূর্ণ সিরিজের মধ্যে রয়েছে। হতে পারে আমরা সিরিজ হেরে গিয়েছি। কিন্তু এখনো তো একটা টেস্ট বাকি। অধিনায়ক হিসেবে দলের প্রতি তাঁর বার্তা হওয়া উচিত ছিল শেষ টেস্টটা জেতার সর্বাত্মক প্রয়াস নেওয়া। কিন্তু সেটা না করে ধোনি ড্রেসিং রুমে দাঁড়িয়ে বলল, “আমি চলে যাচ্ছি।” এটা কোনো কথা হল!’
আজহারউদ্দিন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বকাপ ক্রিকেটে পর ধোনি ক্রিকেটটাই না ছেড়ে দেন! এমন শঙ্কা প্রকাশ করেও ভুল প্রমাণিত হওয়ার আকাঙ্খা ঝরেছে আজহারের কণ্ঠে, ‘এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা। মনে হয় বিশ্বকাপের পরপরই সে সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেবে। তবে আমি ভুণ প্রমাণিত হতে চাই। ওর মতো ক্রিকেটার ওয়ানডেতে ভারতের আর আছে নাকি! এবার বিশ্বকাপজয়ী হিসেবেই আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাব। এই মিশনে ধোনিই নেতৃত্ব দেবে। আরও বেশ কয়েক বছর ওয়ানডে ক্রিকেটে ধোনিকে অ​ামাদের দরকার।’

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ধোনির চোট-জনিত কারণে ভারতের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। ​দারুণ নেতৃত্বের পাশাপাশি কোহলির ব্যাট হাতে পারফরম্যান্স ধোনির নিন্দুকেদের হাতে যেন রীতিমতো অস্ত্র তুলে দেয়। সিরিজের মধ্যেও বিরাট টে​স্ট ক্রিকেটে ধোনির চেয়ে ভালো অধিনায়ক কিনা, এনিয়ে কথা উ​ঠেছে। পুরো ব্যাপারটাকে অস্বাস্থ্যকর এক বিষয় হিসেবেই দেখছেন আজহার, ‘কী অদ্ভুত ব্যাপার। একটি সিরিজের জন্য অধিনায়ক আগেই ঠিক করা হয়েছে। অধিনায়ক হয়ত চোটের কারণে একটা ম্যাচে মাঠে ছিলেন না, বদলি অধিনায়ক ভালো করতেই আগের অধিনায়ককে সরিয়ে দেওয়ার কথা ওঠাটা এক ধরনের বাজে সংস্কৃতি। কথাগুলো এমনভাবে বলা হচ্ছিল যেন ধোনিকে সরিয়ে কোহলিকে অধিনায়ক করে দিলেই বিদেশে আমাদের পারফরম্যান্স রাতারাতি বদলে যাবে। কোহলির হাতে জাদুদণ্ড ছিল নাকি যে ছুঁয়ে দিয়ে বললাম, সোনা হয়ে যাও আর হয়ে গেল! আমার মনে হয় সিরিজের মাঝপথে এই প্রচারণাটাই ধোনিকে আঘাত করেছে। ওর বিরুদ্ধে লেখালেখি হতে দেখেই সে সিদ্ধান্ত নিয়েছে, যথেষ্ট হয়েছে, অন্যের হাতে নিজের ভাগ্য সঁপে দিয়ে লাভ নেই। নিজে থেকেই সরে দাঁড়ানোই ভালো।’

কোহলিকে ভালো অধিনায়ক বললেও তাঁর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার সময় এখনো আসেনি বলেই জানিয়েছেন আজহার। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক মনে করেন ​বিরাট কোহলির মূল পরীক্ষাটা শুরু হচ্ছে এখনই, ‘কোহলি একটি টেস্টে অধিনায়কত্ব করেছে। সেই টেস্টে ভারত উত্তেজক ক্রিকেট খেলে হেরে গেছে। হতে পারে এই টেস্টে কোহলির অধিনায়কত্ব ভালো হয়েছে, হতে পারে এই টেস্টে সে ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম করেছে। তবে কোহলির নেতৃত্বে ভারত কেমন করবে, সেটা বোঝার জন্য কয়েকটা টেস্ট সিরিজ অপেক্ষা করতে হবে। তবে এখন থেকে যেহেতু ধারাবাহিকভাবেই সে অধিনায়কত্ব করবে, তাই বোঝা যাবে তাঁর মধ্যে অধিনায়​কত্বের গুণাবলি আছে কতটুকু।’ সূত্র: এবেলা, কলকাতা।